যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক © সংগৃহীত
সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, "বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, তার বাংলাদেশে আসার মতো কোনো সুযোগ রয়েছে বলে আমার ধারণা নেই এবং যারাই এই দিবা স্বপ্ন দেখছে, আমার কাছে মনে হয় যে তারা শুধু বাংলাদেশের ভিতরে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য কার্যক্রমগুলি হাতে নিয়েছে।"
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজশাহীর পবা উপজেলার বিরস্তইল গ্রামে দুটি বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন ও সুবিধাভোগীদের মাঝে ঋণের চেক বিতরণ অনুষ্ঠান শেষে গণমাধ্যমে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, "আমরা বর্তমানে আমাদের পুলিশ প্রশাসন থেকে শুরু করে আমাদের সকল সংসদ সদস্য, আমাদের মন্ত্রিপরিষদ, আমাদের বর্তমান সরকার এবং এই দেশের সাধারণ মানুষ আমরা সবাই ঐক্যবদ্ধ আছি যে ফ্যাসিস্টের স্থান বাংলাদেশে দ্বিতীয়বার আর কখনো হবে না।"
তবে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে শর্তসাপেক্ষে স্বাগত জানানোর কথা উল্লেখ করে তিনি বলেন, "যদি তাকে আসতে হয়, আমরা তাকে ওয়েলকাম করব, সে এসে আইনগতভাবে তার বিরুদ্ধে যেই আইনি যে প্রক্রিয়া, সেটা সম্পন্ন করেই কিন্তু তাকে বাংলাদেশে ফেরত আসতে হবে এবং তাকে আইনি প্রক্রিয়াগুলো কিন্তু তাকে ফেস করতে হবে।"
প্রতিমন্ত্রী আরও বলেন, "যদি সে আইনি প্রক্রিয়া ফেস করার মতো যদি মানসিকতা থাকে, আমরা তাকে ওয়েলকাম করব কারণ বাংলাদেশের মানুষও ওই ফ্যাসিস্টকে আবার দেখতে চায় বিচারকার্যে এবং বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে বাংলাদেশের মানুষ সেই বিচারগুলো সম্পন্ন করতে চায়।"
এর আগে প্রতিমন্ত্রী আমিনুল হক স্থানীয় পর্যায়ে নবায়নযোগ্য জ্বালানি ও গ্রামীণ অর্থনীতিতে ভূমিকা রাখতে দুটি বায়োগ্যাস প্ল্যান্টের কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রকল্পের সুবিধাভোগীদের হাতে ঋণের চেক তুলে দেন।