আমিনুল ইসলাম বুলবুল © সংগৃহীত
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সের সঙ্গে যুক্ত হলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দলটির হাই-পারফরম্যান্স সেন্টারের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। মঙ্গলবার (১০ নভেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে লাহোর কালান্দার্স কর্তৃপক্ষ।
নতুন দায়িত্বে হাই-পারফরম্যান্স সেন্টারগুলোর উন্নয়ন, ক্রিকেটারদের দক্ষতা বৃদ্ধি, কোচিং কার্যক্রমের মানোন্নয়ন এবং তরুণ প্রতিভাদের বিকাশে কাজ করবেন আমিনুল। বিশেষ করে প্রতিশ্রুতিশীল ক্রিকেটারদের সামনে এগিয়ে নেওয়ার উপযুক্ত পথ তৈরি করতে তার অভিজ্ঞতা ও পরামর্শ কাজে লাগাতে চায় ফ্র্যাঞ্চাইজিটি।
তৃণমূল পর্যায়ে ক্রিকেটের প্রসার এবং বাংলাদেশে নিজেদের কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনার অংশ হিসেবেই আমিনুলকে এই দায়িত্ব দিয়েছে লাহোর কালান্দার্স। আন্তর্জাতিক ক্রিকেট ও ক্রিকেট প্রশাসনে তার দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশের তরুণ ক্রিকেটারদের উন্নয়নে ভূমিকা রাখতে চায় পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজিটি।
ক্রিকেট প্রশাসনে বেশ সমৃদ্ধ অভিজ্ঞতা রয়েছে আমিনুলের। ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এশিয়া অঞ্চলের ক্রিকেট ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এর আগে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) ক্রিকেট ডেভেলপমেন্ট অফিসার হিসেবেও কাজ করেছেন। এ ছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্বও সামলেছেন সাবেক এই অধিনায়ক।
খেলোয়াড়ি জীবনেও বাংলাদেশের ক্রিকেটে বিশেষ জায়গা করে নিয়েছেন আমিনুল। ১৯৮৮ থেকে ২০০২ সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন তিনি। ১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশ দলের নেতৃত্বও দিয়েছেন। তবে তার ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় অর্জন নিঃসন্দেহে ২০০০ সালে বাংলাদেশের অভিষেক টেস্টে ভারতের বিপক্ষে সেঞ্চুরি। দেশের প্রথম টেস্টেই ১৪৫ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন তিনি।
তরুণ ক্রিকেটারদের খুঁজে বের করা এবং তাদের যথাযথ পরিচর্যার জন্য তৃণমূল পর্যায় থেকে হাই-পারফরম্যান্স কার্যক্রম পরিচালনায় বিশেষ পরিচিতি রয়েছে লাহোর কালান্দার্সের। ২০১৬ সালে পিএসএলের যাত্রা শুরুর পর থেকে প্রতিযোগিতাটিতে নিয়মিত অংশ নিচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। এখন পর্যন্ত তিনবার পিএসএলের শিরোপাও জিতেছে তারা।