শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন © সংগৃহীত
শিক্ষকতার সার্থকতা পদ, বেতন বা আগের চাকরির সঙ্গে তুলনা করে নয়, বরং কতজন শিক্ষার্থীকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পেরেছেন, তার মাধ্যমে নির্ধারিত হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীতে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) ২১২ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘একজন শিক্ষকের সবচেয়ে বড় সাফল্য হলো শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলা। পাশাপাশি শিক্ষকতা করতে গিয়ে নিজে কতটা শিখলেন এবং সমাজ ও দেশের জন্য কী অবদান রাখলেন, সেটিও গুরুত্বপূর্ণ। আপনি কতজন ছাত্রছাত্রীকে ভালোভাবে পড়িয়ে ভালো মানুষ বানিয়েছেন, এটা হলো আপনার নম্বর ওয়ান সাফল্য। নম্বর টু স্যাটিসফ্যাকশন হলো, এই শিক্ষাপদ্ধতি শেখানোর সময় নিজে কতটা শিখলেন, নিজের কতটা জ্ঞান বাড়ল।’
শিক্ষামন্ত্রী শিক্ষকদের আগের চাকরির পদমর্যাদা ও বেতনের সঙ্গে বর্তমান চাকরির তুলনা না করার পরামর্শ দেন। সামাজিক মর্যাদা ও মানুষের সম্মানই একজন শিক্ষকের বড় অর্জন বলে মন্তব্য করেন।
শিক্ষা খাতের বিভিন্ন সমস্যা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষক নিয়োগ, পদায়ন, বদলি ও পদোন্নতির ক্ষেত্রে বিদ্যমান জটিলতা দূর করতে সরকার কাজ করছে। বিসিএস ও নন-ক্যাডার শিক্ষকদের মধ্যকার বৈষম্য এবং আত্মীকরণসংক্রান্ত সমস্যাগুলোও সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও যোগ্যতা নিশ্চিত করতে হবে। এনটিআরসিএর নিয়োগ পরীক্ষাকে বিসিএস পরীক্ষার মানের কাছাকাছি নেওয়ার বিষয়েও সরকার চিন্তা করছে।’
প্রশিক্ষণ কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষকদের প্রশিক্ষণ শুধু গতানুগতিক বা রুটিননির্ভর হলে চলবে না। প্রশিক্ষণে নতুন ধারণা, সৃজনশীলতা, প্রযুক্তির ব্যবহার এবং বিষয়ভিত্তিক দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।’ প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা সবাই শিক্ষক। প্রত্যেক শিক্ষকই একজন শিক্ষার্থী। আমি শিখব, আপনি শিখবেন, আপনি শেখাবেন, আমি শেখাব।’
প্রশিক্ষণ থেকে কী শিখেছেন, কী শিখতে পারেননি এবং কী শেখার প্রত্যাশা ছিল, তা লিখিতভাবে জানানোর আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের মতামত ও অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে প্রশিক্ষণ কার্যক্রমের মান উন্নয়নে পদক্ষেপ নেওয়া হবে।