‎তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা

২৪ নভেম্বর ২০২৬, ০৯:১৫ PM , আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ০৯:২২ PM
‎তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে হল প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা

‎তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে হল প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা © সংগৃহীত

‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বেগম সুফিয়া কামাল হলের প্রভোস্ট পদ থেকে অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধাকে অব্যাহতি দেওয়া হয়েছে। আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের পক্ষে বক্তব্য দেওয়ার অভিযোগে সম্প্রতি তাঁর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে অপসারণের দাবি তোলে ছাত্রদল, ছাত্রশিবির ও জাতীয় ছাত্রশক্তি। তার স্থলে হলটির নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. রেজা মোহাম্মদ আরিফ।

আজ ‎মঙ্গলবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগ, ড্যাফোডিলের অনুষ্ঠান থেকে বাদ জাবি অধ্যাপক রেজওয়ানা স্নিগ্ধা

অফিস আদেশে বলা হয়, অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধাকে প্রভোস্টের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে অধ্যাপক ড. রেজা মোহাম্মদ আরিফকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে প্রভোস্টের দায়িত্ব দেওয়া হয়েছে। এ নিয়োগ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। নতুন প্রভোস্ট প্রচলিত নিয়ম অনুযায়ী সুযোগ-সুবিধা ভোগ করবেন বলেও আদেশে উল্লেখ করা হয়।

‎সম্প্রতি আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের পক্ষে বক্তব্য দেওয়ার অভিযোগে অধ্যাপক স্নিগ্ধাসহ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে প্রতিবাদ জানায় ছাত্রদল, ছাত্রশিবির ও জাতীয় ছাত্রশক্তি। ২১ নভেম্বর ছাত্রদল তিন শিক্ষকের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত অপরাধের বিচার ও দায় স্বীকারের বিষয়ে তাঁদের স্পষ্ট অবস্থান দাবি করে।

‎একই দিন জাতীয় ছাত্রশক্তি চার শিক্ষকের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত, তদন্ত চলাকালে সাময়িক অব্যাহতি ও অভিযোগ প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। পরদিন ২২ নভেম্বর ছাত্রশিবির চার দফা দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দেয়। এতে অধ্যাপক স্নিগ্ধাকে সুফিয়া কামাল হলের প্রভোস্ট পদ থেকে অপসারণের দাবিও ছিল।

‎তবে অধ্যাপক স্নিগ্ধার প্রভোস্ট পদ থেকে অব্যাহতির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অফিস আদেশে কোনো কারণ উল্লেখ করা হয়নি।

নাটকীয়তার অবসান, আফ্রিকার শ্রেষ্ঠত্ব ফিরে পেল সেনেগাল
  • ২৪ নভেম্বর ২০২৬
‎তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যা…
  • ২৪ নভেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনি শিক্ষার্থীদের উচ…
  • ২৪ নভেম্বর ২০২৬
পাঁচ জেলায় বিশেষায়িত শিশু হাসপাতালে উপ-পরিচালক পদায়ন
  • ২৪ নভেম্বর ২০২৬
আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগ, ড্যাফোডিলের অনুষ্ঠান থেকে বাদ জ…
  • ২৪ নভেম্বর ২০২৬
দুর্গম এলাকার ১৪৭টি মডেল মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি
  • ২৪ নভেম্বর ২০২৬