ক্লাস শুরুর আগে একটি করে গাছ লাগাবেন সাড়ে ১১ হাজার মেডিকেল শিক্ষার্থী

৩০ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ PM
ওরিয়েন্টেশন ক্লাসের পর প্রত্যেক শিক্ষার্থী একটি করে বৃক্ষরোপণ করবেন

ওরিয়েন্টেশন ক্লাসের পর প্রত্যেক শিক্ষার্থী একটি করে বৃক্ষরোপণ করবেন © এআই নির্মিত

আগামী ৩ মে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে মেডিকেল কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাসের দিন ধার্য করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এদিন সকাল ৯টায় মন্ত্রণালয় থেকে অনলাইন প্লাটফর্মে যুক্ত হয়ে অনুষ্ঠান উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। ওরিয়েন্টেশন ক্লাসের পর এদিন সাড়ে ১১ হাজার বৃক্ষ রোপণ করবেন শিক্ষার্থীরা।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। ইতোমধ্যে এ সংক্রান্ত একটি নোটিশ জারি করেছে অধিদপ্তর। এতে পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. সাকি মো. জাকিউল আলম সই করেছেন।

নোটিশ অনুযায়ী, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম আগামী ৩ মে সকাল ৯টায় সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজসমূহে একযোগে অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ওরিয়েন্টেশন প্রোগ্রাম মন্ত্রণালয়ের সভা কক্ষ থেকে শুভ উদ্বোধন করবেন।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, এদিন সরকারি-বেসরকারি মোট ১১২টি মেডিকেল কলেজ অনলাইন প্লাটফর্মে কেন্দ্রীয় প্রোগ্রামে যুক্ত থাকবে। এর মধ্য দিয়ে এতে অংশ নেবেন নতুন বর্ষের প্রায় সাড়ে ১১ হাজার শিক্ষার্থী। কেন্দ্রীয় অনুষ্ঠান শেষে প্রতিটি মেডিকেল কলেজ নিজ নিজ অনুষ্ঠান আয়োজন করবে। এ সময় ‘একজন শিক্ষার্থী, একটি বৃক্ষ’ কর্মসূচির আওতায় প্রত্যেক শিক্ষার্থী একটি করে বৃক্ষ রোপন করবেন। এতে সারা দেশে ১১ হাজারের বেশি বৃক্ষ রোপন সম্পন্ন হবে। অধিদপ্তর সূত্রে জানা গেছে, বৃক্ষরোপণ কর্মসূচি গত বছরেও আয়োজন করা হয়েছিল।

তথ্য বলছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় মোট ১ লাখ ২২ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করেন। এর মধ্যে ৩৭টি সরকারি মেডিকেলে ৫ হাজার ১০০ শিক্ষার্থী এবং বাকি ৭৫টি বেসরকারি মেডিকেলে প্রায় ৬২৭৮ শিক্ষার্থী ভর্তি হয়েছেন। সব মিলিয়ে ১১ হাজারের বেশি শিক্ষার্থী এই ‍ওরিয়েন্টেশন ক্লাসে অংশ নেবেন, যারা একই সঙ্গে একটি করে বৃক্ষ রোপণ করবেন।

এদিকে পরদিন ৪ মে সংশ্লিষ্ট কলেজের নবীন শিক্ষার্থীদের বিভিন্ন বিভাগ পরিদর্শন এবং তাদের কারিকুলাম বিষয়ে অবগত করতে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে ৫ মে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি এবং চিকিৎসা শিক্ষা বিষয়ে উৎসাহ প্রদানের জন্য শিক্ষকদের সমন্বয়ে কলেজ কর্তৃপক্ষকে মোটিভেশনাল লেকচার ক্লাসের ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

সেঞ্চুরির পথে লিটন, স্বস্তি নিয়ে লাঞ্চে বাংলাদেশ
  • ১২ অক্টোবর ২০২৬
পুরনো ফ্যাসিবাদ আবার নতুন করে ফিরে আসছে: সাদিক কায়েম
  • ১২ অক্টোবর ২০২৬
সারা দেশে দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
  • ১২ অক্টোবর ২০২৬
বিদেশে উচ্চশিক্ষার পথ সহজ করতে শাবিপ্রবি ছাত্রদল সভাপতির ‘স…
  • ১২ অক্টোবর ২০২৬
কোহলির অবসরে তিক্ততার ইঙ্গিত, আলোচনায় চাঞ্চল্যকর তথ্য
  • ১২ অক্টোবর ২০২৬
ইসলামী আন্দোলন নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল
  • ১২ অক্টোবর ২০২৬