সুপার স্পেশালাইজড হাসপাতালে চুরি, প্রকৌশল-পরিচালক দপ্তরের ৬ কর্মকর্তা বরখাস্ত

২৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ PM
অতিরিক্ত পরিচালক ডা. মো. শাহিদুল হাসান বাবুল, সহকারী পরিচালক মাহমুদুল হাসান আমিন ও প্রকৌশল দপ্তরের প্রধান এরশাদুল হক (ওপরে বাঁ থেকে), উপসহকারী প্রকৌশলী মামুনুর রশীদ ও ফরহাদ এবং পরিচালক দপ্তরের কম্পিউটার অপারেটর মো. মামুন সরকার (নিচে বাঁ থেকে)

অতিরিক্ত পরিচালক ডা. মো. শাহিদুল হাসান বাবুল, সহকারী পরিচালক মাহমুদুল হাসান আমিন ও প্রকৌশল দপ্তরের প্রধান এরশাদুল হক (ওপরে বাঁ থেকে), উপসহকারী প্রকৌশলী মামুনুর রশীদ ও ফরহাদ এবং পরিচালক দপ্তরের কম্পিউটার অপারেটর মো. মামুন সরকার (নিচে বাঁ থেকে) © সংগৃহীত ও সম্পাদিত

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে (এসএসএইচ) ৪ ট্রাক মালামাল চুরির ঘটনায় অতিরিক্ত পরিচালক, সহকারী পরিচালক ও প্রকৌশল দপ্তরের প্রধানসহ ৬ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল সোমবার (২৭ এপ্রিল) বিএমইউ রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল স্বাক্ষরিত পৃথক চিঠিতে তাদের এই আদেশ জানানো হয়েছে। এর মধ্যে চুরির ঘটনায় অতিরিক্ত পরিচালক ছাড়া অন্য কর্মকর্তাদের সরাসরি সংশ্লিষ্টতা পেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ মঙ্গলবার (২৮ এপ্রিল) দ্য ডেইলি ক্যাম্পাসকে তাদের বরখাস্তের তথ্য নিশ্চিত করেছেন।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন— সুপার স্পেশালাইজড হাসপাতালের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ডা. ডা. মো. শাহিদুল হাসান বাবুল, সহকারী পরিচালক মাহমুদুল হাসান আমিন, সহকারী প্রকৌশলী ও প্রকৌশল দপ্তরের প্রধান এরশাদুল হক, সিসি ক্যামেরার দায়িত্বে নিয়োজিত উপসহকারী প্রকৌশলী ফরহাদ, আরেক উপসহকারী প্রকৌশলী মামুনুর রশীদ ও পরিচালক দপ্তরের কম্পিউটার অপারেটর মো. মামুন। এর মধ্যে উপসহকারী প্রকৌশলী মামুনুর রশীদ ও কম্পিউটার অপারেটর মো. মামুন কারাগারে রয়েছেন।

আরও পড়ুন: দিনদুপুরে ৬ ট্রাকে কয়েক কোটি টাকার মাল চুরি, নেপথ্যে প্রকৌশল-পরিচালক দপ্তর

গত ২২ এপ্রিল এসএসএইচের বেজমেন্ট থেকে এসব সরঞ্জাম চুরি হয়। ওই সময় শোনা যায়, আগের দিন ৬টি পিকআপ ভ্যান হাসপাতালে প্রবেশ করে রাতভর এসব মালামাল লোড করা হয়, যা ওই দিন সকাল ৬টায় হাসপাতাল ত্যাগ করে। এ ঘটনায় প্রো-ভিসি অধ্যাপক আবুল কালাম আজাদকে প্রধান করে ৮ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি ৪টি পিকআপ ভ্যানে চুরির সত্যতা পায়। ২৩ এপ্রিল চুরি হওয়া মালামাল উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। একই সঙ্গে আটক করা হয় তিনজনকে। এর মধ্যে উপসহকারী প্রকৌশলী মামুনুর রশীদ ও কম্পিউটার অপারেটর মো. মামুন ছিলেন। আটক অপরজন মো. মাসুম বিল্লাহ (৩৫) গাড়িচালক।

বিশ্ববিদ্যালয় ও সুপার স্পেশালাইজড হাসপাতালের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, এই চুরির ঘটনায় মূল পরিকল্পনায় ছিলেন প্রকৌশল দপ্তরের কর্মকর্তারা। হাসপাতালটিতে দীর্ঘদিন কর্মরত থাকায় এর নাড়িনক্ষত্র সম্পর্কে তারা ভালভাবে অবগত। এ ছাড়া সিসিটিভি ক্যামেরাসহ হাসপাতাল অবকাঠামোর প্রায় সবকিছুর নিয়ন্ত্রণ তাদের হাতে। এর মধ্যে উপসহকারী প্রকৌশলী মামুনুর রশীদ ঘটনাস্থলে উপস্থিত থেকে গাড়ি বের করতে ভূমিকা রেখেছিলেন। মালামাল চুরির জন্য চাবি চুরির কাজটিসহ মূল পরিকল্পনা করেছিলেন সহকারী প্রকৌশলী এরশাদ। আর ফরহাদ সিসিটিভি ক্যামেরার প্রমাণ বিনষ্ট করে দেন।

TDC - 2026-04-28T164826-082
বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল

বিএমইউ সূত্র বলছে, দীর্ঘদিন ধরেই এই চক্র বিশ্ববিদ্যালয় ও এসএসএইচে চুরির শক্তিশালী চক্র গড়ে তুলেছে। এমনকি ২০২৩ সালে বিশ্ববিদ্যালয় থেকে ১২টি ট্রাকে অন্তত ১০ কোটি টাকার মালামাল চুরির একটি ঘটনা ঘটে। কিন্তু ওই সময়ের বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টিকে ধামাচাপা দিয়ে দেয়।

আরও পড়ুন: সুপার স্পেশালাইজড হাসপাতালে চুরির ঘটনায় অতিরিক্ত পরিচালক বরখাস্ত

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামালের দপ্তরে গেলে তাকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মুঠোফোন নম্বরে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। জানতে চাইলে তদন্ত কমিটির প্রধান ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, অতিরিক্ত পরিচালক শাহিদুল হাসান বাবুলকে আমরা বরখাস্ত করেছি তার কর্তব্যে অবহেলার কারণে। মালগুলো বের করতে অর্ডার দেওয়ার দায়িত্ব তো তার ছিল না। একজন সহকারী পরিচালক এসে ওনাকে বলেছে, সে অর্ডার দিয়ে দিয়েছে। আর ইঞ্জিনিয়ারিং অফিসের কর্মকর্তাদের কর্মকাণ্ডে প্রমাণ হয়েছে যে এটি সম্পূর্ণ পরিকল্পিত একটি চুরি। অর্থাৎ সহকারী পরিচালকসহ এই পুরো চক্রটি চুরির সঙ্গে সরাসরি সম্পৃক্ত।

তিনি বলেন, দায়িত্বে অবহেলা হোক আর চুরির সঙ্গে সরাসরি সম্পৃক্ততা, যাদের নাম সরাসরি এসেছে, আমরা তাদের সাময়িক বরখাস্ত করেছি। আরও কয়েকজনকে আমরা ডেকেছিলাম। তাদের বক্তব্য শুনেছি। এখন পুরো বিষয়টি পুলিশের হাতে। পুলিশ তদন্ত করছে। আইন-আদালতে যদি এটি প্রমাণ হয়, তাহলে তাদের চাকরি স্থায়ীভাবে চলে যাবে।

শিক্ষামন্ত্রীর কাছে আপাতত তিন প্রত্যাশা ফাহামের
  • ১৯ মে ২০২৬
এমসি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ
  • ১৯ মে ২০২৬
বেসামরিক নাগরিকদের সুরক্ষায় শক্তিশালী শান্তিরক্ষা ব্যবস্থার…
  • ১৯ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৫৮ বিষয়ে রচিত হবে নতুন পাঠ্যপুস্তক…
  • ১৯ মে ২০২৬
অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, গ্রেপ্তার ১
  • ১৯ মে ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে রোবোটিক্স প্রতিযোগিতা ‘ট্র্যাকস্টর্…
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081