বিএমইউতে যৌথ সার্জিক্যাল ক্লিনিক প্রতিষ্ঠা করবে চীন, সমঝোতা স্মারক স্বাক্ষরিত

২২ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ PM
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান © টিডিসি ছবি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) যৌথ সার্জিক্যাল ক্লিনিক প্রতিষ্ঠা করবে চীনের কুনমিং মেডিকেল ইউনিভার্সিটি। আজ বুধবার (২২ এপ্রিল) দুপুরে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালের পঞ্চম তলার লেকচার হলে কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির সেকেন্ড অ্যাফিলিয়েটেড হসপিটালের সঙ্গে বিএমইউর সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেন, এই অনুষ্ঠান দুই দেশের দীর্ঘ সম্পর্কের প্রতিফলন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চীন সরকার ও হাসপাতাল প্রশাসনকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই সমঝোতার জন্য ধন্যবাদ জানাই।

অনুষ্ঠানে দেশের স্বাস্থ্যসেবার সম্প্রসারণ ও চিকিৎসা শিক্ষার উন্নয়নে চীনা রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করে তিনি বলেন, আমাদের স্বাস্থ্যখাতকে গ্রাম পর্যায়ে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে আপনাদের সহযোগিতা প্রয়োজন। স্বাস্থ্য সেবা ও শিক্ষা প্রসার করা আমাদের গুরুদায়িত্ব। আমরা জানি, চীনের সেবা ও শিক্ষা অনেক উন্নত। আজকে যে দুই প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক অনুষ্ঠিত হল, এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। আমরা এই এক্সচেঞ্জকে আরও প্রসারিত করতে চাই।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের অনেকগুলো মেডিকেল কলেজ আছে, আপনার দেশের মেডিকেল কলেজের সঙ্গেও এ ধরণের উদ্যোগ নেওয়া প্রয়োজন। সিলেবাস এবং কারিকুলাম এক্সচেঞ্জের প্রয়োজন। এতে আমাদের যেমন অগ্রগতি হবে, তেমনই আপনার দেশের চিকিৎসকদেরও নতুন অভিজ্ঞতা হবে।

চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন তার বক্তব্যে বলেন, চীন এবং বাংলাদেশ সব সময় একে অপরকে সহযোগিতা করেছে। বিশেষ করে আন্তর্জাতিক এবং আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশ দুটি একসঙ্গে কাজ করছে। চীন দীর্ঘ সময় ধরে বাংলাদেশের স্বাস্থ্যখাত উন্নয়নে বিনিয়োগ করে আসছে। রোবটিক রিহ্যাবিলিটেশন, কার্ডিওভাস্কুলার ক্লিনিকসহ নানা প্রতিষ্ঠান গড়তেও ভূমিকা রেখেছে। আমরা চায়না-বাংলাদেশ মেডিকেল সহযোগিতার নতুন অধ্যায় রচনা করব।

বিএমইউর উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। এতে স্বাগত বক্তব্য দেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন, কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ইয়াং ওয়েন, সেকেন্ড অ্যাফিলিয়েটেড হসপিটালের পরিচালক প্রফেসর লি ওয়েন লিং, কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির ইউরোলজি বিভাগের প্রফেসর লি ওয়েনহুই, বিএমইউ সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. ইবরাহিম সিদ্দিকী বক্তব্য রাখেন। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন।

সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬
  • ০৭ অক্টোবর ২০২৬