বিদেশি মিশনে কর্মকর্তাদের সন্তানদের শিক্ষা ভাতা বাড়ল © টিডিসি ছবি
বিদেশে বাংলাদেশ দূতাবাস ও বিভিন্ন মিশনে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের পড়াশোনার ক্ষেত্রে শিক্ষাভাতার সীমা বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিদেশি মিশনে কর্মরত কর্মকর্তাদের দুই সন্তানের বিশ্ববিদ্যালয় পর্যায়ের পড়াশোনার জন্য সর্বোচ্চ ৩৮ হাজার মার্কিন ডলার বা প্রায় ৪৭ লাখ ৩৪ হাজার টাকা শিক্ষা ভাতা দেওয়া হবে। এ ছাড়া এ-লেভেল পর্যন্ত পড়াশোনার জন্যও মিশনভেদে সর্বোচ্চ ৪৩ লাখ ৬০ হাজার টাকা পর্যন্ত ভাতা পাবেন কর্মকর্তারা। চারটি গ্রুপে ভাগ করে বিদেশের ৮৪টি বাংলাদেশ মিশনের জন্য এই নতুন সীমা নির্ধারণ করেছে অর্থ বিভাগ।
গত ১৯ নভেম্বর অর্থ বিভাগের উপসচিব র. হ. ম. আলাওল কবির স্বাক্ষরিত জারি করা এক আদেশে বিদেশে কর্মরত স্বদেশভিত্তিক কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের শিক্ষা ভাতার নতুন সীমা নির্ধারণ করা হয়েছে।
নতুন আদেশে বিদেশের বাংলাদেশ মিশনগুলোকে চারটি গ্রুপে ভাগ করে শিক্ষা ভাতার সীমা নির্ধারণ করেছে অর্থ বিভাগ। মিশনের অবস্থান ও শিক্ষা ব্যয়ের পার্থক্য বিবেচনায় নিয়ে এ-লেভেল এবং বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের জন্য আলাদা সীমা নির্ধারণ করা হয়েছে।
গ্রুপ ‘ক’-এর অন্তর্ভুক্ত ১৫টি মিশনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য সবচেয়ে বেশি শিক্ষা ভাতার সীমা নির্ধারণ করেছে সরকার। এসব মিশনে এ-লেভেল পর্যন্ত একজন সন্তানের জন্য সর্বোচ্চ ২৫ হাজার ডলার বা ৩১ লাখ ১৪ হাজার ৫০০ টাকা এবং দুই সন্তানের জন্য ৩৫ হাজার ডলার বা ৪৩ লাখ ৬০ হাজার ৩০০ টাকা দেওয়া যাবে।
বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে একজন সন্তানের জন্য ২৫ হাজার ডলার বা ৩১ লাখ ১৪ হাজার ৫০০ টাকা এবং দুই সন্তানের জন্য সর্বোচ্চ ৩৮ হাজার ডলার বা ৪৭ লাখ ৩৪ হাজার ৪০ টাকা শিক্ষা ভাতা নির্ধারণ করা হয়েছে।
গ্রুপ ‘ক’-তে রয়েছে পূর্ব এশিয়ার বেইজিং, চীন; সিউল, দক্ষিণ কোরিয়া; টোকিও, জাপান; হংকং, চীন; দক্ষিণ-পূর্ব এশিয়ার জাকার্তা, ইন্দোনেশিয়া; মধ্যপ্রাচ্যের দোহা, কাতার এবং ইউরোপের ব্রাসেলস, বেলজিয়াম; জেনেভা, সুইজারল্যান্ড; হেগ, নেদারল্যান্ডস; স্টকহোম, সুইডেন; ওয়ারশ, পোল্যান্ড; ভিয়েনা, অস্ট্রিয়া; মিলান, ইতালি; প্যারিস, ফ্রান্স ও মস্কো, রাশিয়ার বাংলাদেশ মিশন।
গ্রুপ ‘খ’-এর ৪১টি মিশনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য এ-লেভেল এবং বিশ্ববিদ্যালয়ের স্নাতক—দুই পর্যায়েই একই সীমা নির্ধারণ করেছে সরকার। একজন সন্তানের জন্য সর্বোচ্চ ২১ হাজার ডলার বা ২৬ লাখ ১৬ হাজার ১৮০ টাকা এবং দুই সন্তানের জন্য ৩২ হাজার ডলার বা ৩৯ লাখ ৮৬ হাজার ৫৬০ টাকা শিক্ষা ভাতা পাওয়া যাবে।
এই গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়ার ক্যানবেরা ও সিডনি, নিউজিল্যান্ডের ওয়েলিংটন, থাইল্যান্ডের ব্যাংকক, মিয়ানমারের ইয়াঙ্গুন ও সিট্যুয়ে, মালয়েশিয়ার কুয়ালালামপুর, নেপালের কাঠমান্ডু, ভুটানের থিম্পু, ভারতের মুম্বাই ও নয়াদিল্লি, পাকিস্তানের করাচি ও ইসলামাবাদ, জর্ডানের আম্মান, সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবি, কুয়েত সিটি, সৌদি আরবের জেদ্দা ও রিয়াদ, ইরাকের বাগদাদ এবং সুদানের খার্তুমের বাংলাদেশ মিশন।
এ ছাড়া ইথিওপিয়ার আদ্দিস আবাবা, নাইজেরিয়ার আবুজা, যুক্তরাজ্যের লন্ডন, ম্যানচেস্টার ও বার্মিংহাম, স্পেনের মাদ্রিদ, ইতালির রোম, রোমানিয়ার বুখারেস্ট, তুরস্কের ইস্তাম্বুল ও আংকারা, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি, মিয়ামি ও লস অ্যাঞ্জেলেস, কানাডার অটোয়া ও টরন্টো, মেক্সিকোর মেক্সিকো সিটি এবং ব্রাজিলের ব্রাসিলিয়ার বাংলাদেশ মিশনও এই গ্রুপে রয়েছে। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন, নিউইয়র্ক এবং ওআইসিতে বাংলাদেশের স্থায়ী মিশন, জেদ্দাও এই তালিকায় অন্তর্ভুক্ত।
গ্রুপ ‘গ’-এর ১৯টি মিশনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের এ-লেভেল ও বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে পড়াশোনার জন্য একই হারে শিক্ষা ভাতা দেওয়া হবে। একজন সন্তানের জন্য সর্বোচ্চ ২১ হাজার ডলার বা ২৬ লাখ ১৬ হাজার ১৮০ টাকা এবং দুই সন্তানের জন্য ২৮ হাজার ডলার বা ৩৪ লাখ ৮৮ হাজার ২৪০ টাকা নির্ধারণ করেছে সরকার।
এই গ্রুপে রয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর; হ্যানয়, ভিয়েতনাম; ম্যানিলা, ফিলিপাইন; বন্দরসেরি বেগাওয়ান, ব্রুনাই; দক্ষিণ এশিয়ার চেন্নাই, ভারত ও মালে, মালদ্বীপ; মধ্যপ্রাচ্যের বৈরুত, লেবানন; মানামা, বাহরাইন; কায়রো, মিসর; তেহরান, ইরান; আফ্রিকার নাইরোবি, কেনিয়া; প্রিটোরিয়া, দক্ষিণ আফ্রিকা; আলজিয়ার্স, আলজেরিয়া; ত্রিপোলি, লিবিয়া; ফ্রিটাউন, সিয়েরা লিওন এবং ইউরোপের এথেন্স, গ্রিস; কোপেনহেগেন, ডেনমার্ক; বার্লিন, জার্মানি ও লিসবন, পর্তুগালের বাংলাদেশ মিশন।
অন্যদিকে গ্রুপ ‘ঘ’-এর নয়টি মিশনে শিক্ষা ভাতার সীমা তুলনামূলক কম নির্ধারণ করা হয়েছে। এসব মিশনে এ-লেভেল পর্যন্ত একজন সন্তানের জন্য ২০ হাজার ৫০০ ডলার বা ২৫ লাখ ৫৩ হাজার ৮৯০ টাকা এবং দুই সন্তানের জন্য ২৫ হাজার ডলার বা ৩১ লাখ ১৪ হাজার ৫০০ টাকা দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে একজন সন্তানের জন্য ২১ হাজার ডলার বা ২৬ লাখ ১৬ হাজার ১৮০ টাকা এবং দুই সন্তানের জন্য ২৫ হাজার ডলার বা ৩১ লাখ ১৪ হাজার ৫০০ টাকা শিক্ষা ভাতা নির্ধারণ করা হয়েছে।
এই গ্রুপে রয়েছে চীনের কুনমিং, শ্রীলঙ্কার কলম্বো, ভারতের কলকাতা, গৌহাটি ও আগরতলা, উজবেকিস্তানের তাসখন্দ, ওমানের মাস্কাট, মরক্কোর রাবাত এবং মরিশাসের পোর্ট লুইসের বাংলাদেশ মিশন।
তবে শিক্ষা ভাতা দেওয়ার ক্ষেত্রে কয়েকটি শর্তও বহাল রেখেছে সরকার। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, সন্তানের পড়াশোনার প্রকৃত ব্যয়ের ১৫ শতাংশ সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারীকে নিজে বহন করতে হবে। বাকি ৮৫ শতাংশ নির্ধারিত সীমার মধ্যে সরকার শিক্ষা ভাতা হিসেবে দেবে। তবে সরকারের দেওয়া ভাতার পরিমাণ কোনোভাবেই সংশ্লিষ্ট গ্রুপের নির্ধারিত সীমা অতিক্রম করতে পারবে না।
একই সময়ে সর্বোচ্চ দুই সন্তানের জন্য এই সুবিধা পাওয়া যাবে। অর্থাৎ কোনো কর্মকর্তা বা কর্মচারীর দুইয়ের বেশি সন্তান থাকলেও একসঙ্গে সর্বোচ্চ দুই সন্তানের শিক্ষার জন্যই ভাতা প্রযোজ্য হবে।
অনেক দেশে ইংরেজি ভাষায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা গ্রহণের পর্যাপ্ত সুযোগ নেই। এ কারণে কোনো কর্মকর্তা বা কর্মচারী নিজের কর্মস্থলের দেশ বাদ দিয়ে অন্য কোনো ইংরেজিভাষী দেশে সন্তানের পড়াশোনার ব্যবস্থা করলে তিনি যে বাংলাদেশ মিশনে কর্মরত, সেই মিশনের জন্য নির্ধারিত শিক্ষা ভাতার সীমাই প্রযোজ্য হবে।
শিক্ষা ভাতার অর্থ সরাসরি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে পাঠাতে হবে। এ জন্য ব্যাংকিং চ্যানেল, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার অথবা অন্য কোনো ডিজিটাল পদ্ধতি ব্যবহার করতে হবে। কোনো অবস্থাতেই সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারীর ব্যক্তিগত ব্যাংক হিসাবে শিক্ষা ভাতার অর্থ দেওয়া যাবে না।
তবে কোনো শিক্ষা প্রতিষ্ঠান যদি একবারে পুরো শিক্ষাব্যয় পরিশোধের শর্ত দেয়, তাহলে সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারীকে এ ব্যবস্থার পক্ষে যথাযথ প্রমাণপত্র জমা দিতে হবে। পাশাপাশি নিজের বহনযোগ্য ১৫ শতাংশ অর্থ মিশনের নির্ধারিত হিসাবে জমা দিতে হবে। এসব শর্ত পূরণ হলে মিশন শিক্ষা প্রতিষ্ঠানের পুরো ফি পরিশোধ করতে পারবে।
অর্থ বিভাগ জানিয়েছে, শিক্ষা ভাতা-সংক্রান্ত আগে জারি করা অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে। নতুন আদেশটি ১৯ নভেম্বর ২০২৬ থেকে অবিলম্বে কার্যকর হবে।