নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা ক্যাম্পাস ছাড়ার চার দিন পর রাতে ফিরলেন গোবিপ্রবি উপাচার্য

২২ নভেম্বর ২০২৬, ১০:৩১ AM
উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান

উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান © টিডিসি সম্পাদিত

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতা, ক্যাম্পাসে হামলা-ভাঙচুর এবং উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ক্যাম্পাস ছেড়ে যাওয়ার চার দিন পর রাতে ফিরেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান। শনিবার (২১ নভেম্বর) রাতে তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফেরেন। 

এর আগে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না করে উপাচার্যের ক্যাম্পাসের বাইরে অবস্থান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ক্যাম্পাস ঘিরে তৎপরতা এবং প্রশাসনের কার্যকর পদক্ষেপের অভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। এমনকি উপাচার্য ক্যাম্পাসে ফিরলে তাকে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও ঘোষণা দিয়েছিলেন তারা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত সোমবার (১৭ নভেম্বর) আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬–২৭-এর খেলা দেখতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যান উপাচার্য। একই সময়ে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জেলাজুড়ে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না করে উপাচার্যের ক্যাম্পাসের বাইরে অবস্থান নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা।

উপাচার্যের ক্যাম্পাসের বাইরে অবস্থানের বিষয়ে জানতে চাইলে তিনি ১৯ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের ২৯৮তম সভায় অংশ নেওয়ার কথা জানিয়েছিলেন। তবে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, গত ১৭ নভেম্বর রাতেই সভাটি বাতিল করা হয়। এরপরও উপাচার্য ক্যাম্পাসের বাইরে অবস্থান করায় তার ভূমিকা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে সমালোচনা আরও বাড়তে থাকে।

উপাচার্যের অনুপস্থিতির মধ্যেই গত ১৮ নভেম্বর বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জড়ো হন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের নামফলক ভাঙচুর করেন এবং আগের নাম ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দেন। এ সময় শিক্ষার্থীদের মারধরের হুমকি দেওয়ার অভিযোগও ওঠে।

এ ঘটনার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়। শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একই সঙ্গে উপাচার্যের অনুপস্থিতি ও প্রশাসনের নিরাপত্তা নিশ্চিত করতে না পারার অভিযোগ সামনে আসে। এ পরিস্থিতিতে শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগ দাবি করেন। পাশাপাশি তিনি পুনরায় ক্যাম্পাসে ফিরলে তাকে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও ঘোষণা দেন তারা। উপাচার্যের ভূমিকা এবং প্রশাসনের নিরাপত্তাব্যবস্থা নিয়ে শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন মহলেও সমালোচনা চলতে থাকে।

পরিস্থিতির আরও অবনতি ঘটে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর)। ওই দিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিল ও স্লোগান দেওয়ার ঘটনা ঘটে। এতে শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও ক্ষোভ আরও বাড়ে।

শিক্ষার্থীরা প্রশাসনের কাছে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। তবে তাদের অভিযোগ, বারবার দাবি জানানো হলেও এ বিষয়ে কার্যকর পদক্ষেপের অভাব ছিল। ফলে ক্যাম্পাসে স্বাভাবিক পরিবেশ ও নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। ক্রমবর্ধমান উত্তেজনা ও শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে। এ ঘোষণার পর শিক্ষার্থীরা ক্যাম্পাস ছাড়তে শুরু করেন।

ক্যাম্পাস ছাড়ার শেষ মুহূর্তেও শিক্ষার্থীদের দুর্ভোগের চিত্র দেখা যায়। বৃষ্টি উপেক্ষা করে বিশ্ববিদ্যালয়ের বাসে করে অনেক শিক্ষার্থীকে ক্যাম্পাস ত্যাগ করতে দেখা যায়। এ সময় শিক্ষার্থীদের খোঁজখবর নিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আতাউর রহমান।

‎জাতিসংঘের অর্থায়নে জার্মানিতে ‘ইউএন ইয়ুথ টাউনহল’-এ যাচ্ছে…
  • ২২ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ২২ নভেম্বর ২০২৬
চাটমোহরে উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ আটক ৩
  • ২২ নভেম্বর ২০২৬
নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা ক্যাম্পাস ছাড়ার চার দিন পর রাত…
  • ২২ নভেম্বর ২০২৬
ঝালকাঠি আওয়ামী লীগ নেতার বাড়িতে ভাঙচুরের পর আগুন
  • ২২ নভেম্বর ২০২৬
বিদেশে কর্মরত সরকারি কর্মকর্তার সন্তানের শিক্ষাভাতা বাড়ল, স…
  • ২২ নভেম্বর ২০২৬