অনির্দিষ্টকালের জন্য গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

২০ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ AM
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি)। আগামী ২২ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। এর আগে কয়েক দিনের টানা আন্দোলন, ক্যাম্পাসে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিল ও স্লোগান এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে এ সিদ্ধান্ত জানাল প্রশাসন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও রিজেন্ট বোর্ডের সচিব মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ১৭ নভেম্বর মঙ্গলবার রাত ১১টায় অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ষষ্ঠ জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৮ ও ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার বিষয়ে আগে পত্র দেওয়া হয়েছিল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রিজেন্ট বোর্ডের একই সিদ্ধান্তের আলোকে গোপালগঞ্জ জেলা ও বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিস্থিতি এবং শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে আগামী ২২ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। উপাচার্যের আদেশক্রমে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

এদিকে, গত কয়েক দিন ধরে গোপালগঞ্জে টানা আন্দোলন ও উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এর মধ্যে বৃহস্পতিবার দুপুরে গোবিপ্রবি ক্যাম্পাসে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিল ও স্লোগান দেওয়ার ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে এমন কর্মসূচি পালন করায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। একই সঙ্গে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন। পরে প্রশাসনিক ভবনের পাশ দিয়ে প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে গিয়ে মিছিল শেষ করেন তারা। এ সময় তাদের ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

মিছিল শেষে আওয়ামী লীগের বিভিন্ন নেতার নাম ধরেও স্লোগান দেন তারা। এ সময় দেওয়া বক্তব্যে নেতাকর্মীরা বলেন, ‘এই বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এটি তার নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়। তার জন্মভূমিতে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দুঃসাহস দেখানো হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা না হলে বাংলাদেশ ছাত্রলীগ এসে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে দেবে। একই সঙ্গে সাত দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপন করা না হলে ছাত্রলীগ এসে ছবি লাগিয়ে দিয়ে যাবে।’

এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দেশীয় অস্ত্রশস্ত্র হাতে মিছিলের ঘটনা ঘটে বলে জানা গেছে। এমন পরিস্থিতিতে ক্যাম্পাসের নিরাপত্তায় আনসার সদস্যদের উপস্থিতি ছাড়া অন্য কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখা যায়নি।

অনির্দিষ্টকালের জন্য গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
  • ২০ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ
  • ২০ নভেম্বর ২০২৬
ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে জেলা বিএনপি নেতাকে তুলে নিয়ে গ…
  • ২০ নভেম্বর ২০২৬
থানার সামনে আ.লীগের বিক্ষোভ, সাবেক ডেপুটি স্পিকারের বাড়িতে …
  • ২০ নভেম্বর ২০২৬
যে ৬ কারণে সময়ের আগেই সন্তান প্রসবের ঝুঁকি বাড়ে, সুস্থ থাক…
  • ২০ নভেম্বর ২০২৬
দুপুরের মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত
  • ২০ নভেম্বর ২০২৬
diuimage