স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিএমইউর শ্রদ্ধাঞ্জলি, রক্তদান কর্মসূচি

২৬ মার্চ ২০২৬, ০৪:০২ PM
স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিএমইউর শ্রদ্ধাঞ্জলি, রক্তদান কর্মসূচি

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিএমইউর শ্রদ্ধাঞ্জলি, রক্তদান কর্মসূচি © সংগৃহীত ও সম্পাদিত

যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন করেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।

পরে বিশ্ববিদ্যালয়ের এ ব্লকের দ্বিতীয় তলায় ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচি উদ্বোধন করেন বিএমইউর ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর ও প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ। এ সময় প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলামসহ বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

পরবর্তীতে বিএমইউর ভারপ্রাপ্ত উপাচার্যের নেতৃত্বে শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের একটি প্রতিনিধি দল জাতীয় স্মৃতিসৌধে গিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ বলেন, মহান স্বাধীনতা অর্জনের ফলেই বাংলাদেশ আজ উন্নয়নের বর্তমান পর্যায়ে পৌঁছেছে। তিনি দেশকে এগিয়ে নিতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এদিকে দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ যোহর দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একইসঙ্গে বিএমইউ হাসপাতালের রোগীদের জন্য উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

দিনের কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ জিয়ার মাজারে গিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিএমইউ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তাদের রূহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

এছাড়া বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে আয়োজিত বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিএমইউর কর্মকর্তারা।

ঢাবিতে আওয়ামী লীগপন্থী ১০ শিক্ষকের শাস্তি প্রত্যাহার চায় শি…
  • ০১ আগস্ট ২০২৬
কলেজ অধ্যক্ষকে লাঞ্ছনা ও ভাঙচুর করে বহিষ্কৃত ৩ নেতাকে ফেরাল…
  • ০১ আগস্ট ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
  • ০১ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের মতোই বিএনপির ভাইয়েরা আমার বিরুদ্ধে ন্যারেটিভ…
  • ০১ আগস্ট ২০২৬
সকালেই সড়কে ঝরল ৪ প্রাণ
  • ০১ আগস্ট ২০২৬
নওগাঁয় ৫০০ লিটারের বেশি চোলাই মদ জব্দ, গ্রেপ্তার ২
  • ০১ আগস্ট ২০২৬