বিড়ি খাওয়া নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কনসার্টে মারামারি, আহত একাধিক

২১ নভেম্বর ২০২৬, ০৮:০৩ PM
আহত শিক্ষার্থী নিলয়

আহত শিক্ষার্থী নিলয় © টিডিসি সম্পাদিত

‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ৪৯ ব্যাচ কর্তৃক আয়োজিত কনসার্টে ধূমপান করতে নিষেধ করাকে কেন্দ্র করে ৫৩তম ব্যাচের শিক্ষার্থীদের মারধরের অভিযোগ উঠেছে ৫২তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে। এতে কয়েকজন আহত হয়েছেন। আহত একজনের মাথায় দুটি সেলাই দেওয়া হয়েছে।
‎
‎শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠসংলগ্ন ক্যাফেটেরিয়ার সিঁড়ির কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৫৩তম ব্যাচের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
‎
‎অভিযোগপত্র সূত্রে জানা যায়, ৪৯তম ব্যাচের আয়োজিত কনসার্ট চলাকালে ৫২তম ব্যাচের শাহরিয়ার দিহান (রসায়ন), জিহাদ (ভূগোল), সোয়াদ (বাংলা) ও তাদের কয়েকজন সহযোগী ৫৩তম ব্যাচের শিক্ষার্থীদের পেছনে দাঁড়িয়ে ধূমপান করছিলেন। ধোঁয়া তাদের দিকে আসায় নিলয় ও জিসান ধূমপান করতে নিষেধ করেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে জিসানের কলার ধরেন ৫২তম ব্যাচের এক শিক্ষার্থী। পরে আয়োজক কমিটির সদস্যরা এসে পরিস্থিতি শান্ত করেন। কনসার্ট শেষে বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের কথা বলা হয়।
‎
‎অভিযোগে আরও বলা হয়, কনসার্ট শেষে ক্যাফেটেরিয়া থেকে কেন্দ্রীয় খেলার মাঠের দিকে যাওয়ার সময় সিঁড়ির কাছে দুই পক্ষের আবারও মুখোমুখি হয়। এ সময় কথা বলার একপর্যায়ে শাহরিয়ার দিহান পেছন থেকে হেলমেট দিয়ে নিলয়ের মাথায় আঘাত করেন। এতে নিলয় সিঁড়ি থেকে নিচে পড়ে গেলে তাকে মারধর ও লাথি মারা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা নারী শিক্ষার্থীদেরও ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
‎
‎এ ঘটনায় নিলয়ের মাথা ফেটে যায়। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার মাথায় দুটি সেলাই দেওয়া হয়। গুরুতর আহত জিসানকেও অক্সিজেন দিয়ে হাসপাতালে পাঠানো হয়। এছাড়া ৫৪তম ব্যাচের শিক্ষার্থী সামিহা সাদাফ চোখে আঘাত পান। তার চিকিৎসায় চার হাজার টাকা ব্যয় হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
‎
‎তবে ৫২তম ব্যাচের ছয় শিক্ষার্থীর করা পাল্টা অভিযোগে বলা হয়, ধূমপান করতে নিষেধ করার পর তারা তা বন্ধ করেন। পরে তাদের সঙ্গে উগ্র আচরণের কারণ জানতে চাইলে জিসান দিহানের কলার চেপে ধরেন। পরবর্তী সময়ে আলোচনার জন্য সিঁড়ির কাছে গেলে নিলয় ধাক্কা দিয়ে তাদের একজনকে নিচে ফেলে দেন বলে অভিযোগ করেন তারা। পরে উভয় পক্ষের মধ্যে হাতাহাতিতে কয়েকজন আহত হন।
‎
‎এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হালিম বলেন, ‘উভয় পক্ষের লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তা গ্রহণ করা হয়েছে। অভিযোগগুলোর প্রাথমিক সত্যতা যাচাইয়ে তদন্ত কমিটি গঠন করে প্রতিবেদন প্রশাসনের কাছে জমা দেওয়া হবে। তদন্তে প্রকৃত ঘটনা উঠে এলে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত শৃঙ্খলাবিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বিড়ি খাওয়া নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কনসার্টে মা…
  • ২১ নভেম্বর ২০২৬
ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে গণভোটের রায় বাস্তবায়নের দাবি এগ্রিকা…
  • ২১ নভেম্বর ২০২৬
আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬