সুপার স্পেশালাইজড হাসপাতালে চুরির ঘটনায় গ্রেফতার তিনজন © সংগৃহীত
রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) সংলগ্ন সুপার স্পেশালাইজড হাসপাতাল থেকে চুরি হওয়া ৪ ট্রাক মূল্যবান নির্মাণসামগ্রীর অংশ (স্ক্রাব) উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতার তিনজন হলেন, আল মামুন সরকার (৩৩), মো. মামুনুর রশীদ (৪০) ও মো. মাসুম বিল্লাহ (৩৫)। শাহবাগ থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২১ এপ্রিল) ভোরে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন সুপার স্পেশালাইজড হাসপাতালের বেজমেন্ট-২ এর নির্মাণাধীন প্রকল্পের ভবনের প্রকৌশল শাখার মূল্যবান নির্মাণসামগ্রীর অংশ (স্ক্রাব) মিনি ট্রাকের মাধ্যমে কতিপয় ব্যক্তি চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় শাহবাগ থানায় একটি চুরির মামলা রুজু করা হয়। এরপর সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় সুপার স্পেশালাইজড হাসপাতাল থেকে মামুন সরকার ও মো. মামুনুর রশীদকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা জুনে
একইদিন রাতে বাড্ডা থানা এলাকায় থেকে মো. মাসুম বিল্লাহকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের হেফাজত হতে চারটি মিনি ট্রাকে নির্মাণসামগ্রীর অংশ (স্ক্রাব) উদ্ধার করা হয়। এসব সামগ্রীর মূল্য অন্তত ১০ লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, গ্রেফতারকৃতরা অসাধু চোর চক্রের সক্রিয় সদস্য। তারা সুপার স্পেশালাইজড হাসপাতালের অব্যবহৃত নির্মাণসামগ্রীর অংশ (স্ক্রাব) চুরি করেছে বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।