পুরোনো স্মৃতি টেনে নতুনদের স্বপ্ন দেখালেন মিরাজ

২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ PM
মেহেদী হাসান মিরাজ

মেহেদী হাসান মিরাজ © সংগৃহীত

বয়সভিত্তিক কিংবা বিভাগীয় পর্যায়—ক্রিকেটের প্রায় সব স্তরেই খেলেছেন মেহেদী হাসান মিরাজ। দীর্ঘ বিরতির পর চলতি বছর আবারও তৃতীয় বিভাগ বাছাইপর্ব শুরু হওয়ায় নিজের ক্যারিয়ারের শুরুর দিনের স্মৃতিতে ফিরে গেলেন এই অলরাউন্ডার। মিরাজের বিশ্বাস, এই বাছাইপর্ব থেকেই দেশের ক্রিকেটের পরবর্তী প্রজন্মের অনেক প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় বিভাগ বাছাইপর্বের উদ্বোধনী অনুষ্ঠানে মিরাজ বলেন, ‘আমার ক্রিকেট খেলা শুরু হয়েছে ২০০৯ সালে। তখন আমি বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলে খেলতাম। তখন থেকেই আমার শুরু হয়েছিল। আমি সিসিএসের হয়ে খেলেছিলাম। আর আমি যেহেতু বাছাইপর্ব থেকে শুরু করেছিলাম, তাই ঢাকা লিগের প্রত্যেকটা স্তরেই খেলার সুযোগ হয়েছে—বাছাইপর্ব, তৃতীয় বিভাগ, দ্বিতীয় বিভাগ, প্রথম বিভাগ, প্রিমিয়ার লিগ। আমার সৌভাগ্য হয়েছে প্রত্যেকটা লিগে খেলার।’

দীর্ঘদিন পর বাছাইপর্ব ফেরায় উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‘অভিজ্ঞতা থেকে বলতে পারি, অনেক দিন পর আবার এভাবে বাছাইপর্ব শুরু হওয়াটা খুবই ভালো লাগার বিষয়। মাঝখানে আমরা দেখেছি, এই আয়োজনটি হতো না। এখন আবার শুরু হচ্ছে। অবশ্যই এর কৃতিত্ব ক্রিকেট বোর্ডকে দিতে চাই। তারা সুন্দরভাবে আয়োজন করছে এবং নতুন করে বাছাইপর্ব চালু করেছে।’

তরুণ ক্রিকেটারদের একসঙ্গে খেলার পাশাপাশি নতুন বন্ধুত্ব ও অভিজ্ঞতা অর্জনের সুযোগকেও গুরুত্বপূর্ণ মনে করছেন মিরাজ। তিনি বলেন, ‘আশা করি, বাছাইপর্ব যেহেতু শুরু হয়েছে, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসা খেলোয়াড়রা এখানে খেলার সুযোগ পাবে। এই স্মৃতিটা আমার খুব ভালোভাবে মনে আছে। আমিও খেলেছি, তাই বিভিন্ন জায়গা থেকে আসা অনেকের সঙ্গে বন্ধুত্ব তৈরি হয়েছিল।’

তরুণদের উদ্দেশে নিজের অভিজ্ঞতা তুলে ধরে মিরাজ আরও বলেন, ‘রংপুর, সিলেট, খুলনা, বগুড়াসহ বিভিন্ন জায়গা থেকে খেলোয়াড়রা আসবে। তারা একসঙ্গে রুম শেয়ার করবে, ম্যাচের আগে অভিজ্ঞতা ভাগাভাগি করবে, কীভাবে খেলবে তা নিয়ে আলোচনা করবে এবং ম্যাচ নিয়ে উত্তেজনায় থাকবে। আমার মনে হয়, তোমরাও এই পরিবেশ উপভোগ করবে এবং ক্রিকেটের প্রতি তোমাদের আগ্রহ আরও বাড়বে।’

এই বাছাইপর্ব থেকেই ভবিষ্যতে জাতীয় দলের ক্রিকেটার উঠে আসবে বলেও আশাবাদী মিরাজ। তার ভাষায়, ‘আমার মনে হয়, তোমাদের মধ্য থেকেই অনেক অনেক খেলোয়াড় তৈরি হবে, যারা ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেটের পরবর্তী প্রজন্মকে নেতৃত্ব দেবে।’

স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডবের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি স…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
খেলার মাঠে হঠাৎ অসুস্থ হয়ে না ফেরার দেশে উপসচিব
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী-ছাত্রলীগের ১১ নেতাকর্মী…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
পড়ালেখায় রুটিন ছিল না— রাত তিনটায় ঘুম ভাঙলেও পড়েছি, আবার ভ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বর্ণিল আয়োজন-উৎসবে প্রতিষ্ঠার ৩০ বছর উদযাপন করল ইস্ট ওয়েস্…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
তৃতীয়বার ভাইভা বোর্ডের সামনে দাঁড়িয়ে বলেছিলাম— ‘চেষ্টা আমার…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬