আইসিসির মাসসেরার দৌড়ে তামিম

১০ আগস্ট ২০২৬, ০৬:০৭ PM
তানজিদ হাসান তামিম

তানজিদ হাসান তামিম © সংগৃহীত

আইসিসির জুলাই মাসের ‘প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিম। পুরুষ বিভাগে তার সঙ্গে মনোনয়ন পেয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক ও ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জাস্টিন গ্রিভস।

নারী বিভাগে মাসসেরার লড়াইয়ে আছেন ইংল্যান্ডের অধিনায়ক নাট স্কিভার-ব্রান্ট, শ্রীলঙ্কার ব্যাটার হার্শিতা মাধবী ও ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হেইলি ম্যাথিউজ।

জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে দুর্দান্ত ব্যাটিংয়ের স্বীকৃতি হিসেবেই আইসিসির মাসসেরার সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন তানজিদ। একমাত্র টেস্ট ও ওয়ানডে সিরিজে হারের পর বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর পথে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এই ওপেনার। তার ধারাবাহিক পারফরম্যান্সের পর শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতে নেয় বাংলাদেশ।

হারারেতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১৫৯ রান করেন তানজিদ। তার ব্যাটিং গড় ছিল ৫৩ এবং স্ট্রাইক রেট ৮৯ দশমিক ৮৩। এরপর বুলাওয়েতে টি-টোয়েন্টি সিরিজেও নিজের ফর্ম ধরে রাখেন তিনি। তিন ম্যাচে ৭০ গড় ও ১২৭ দশমিক ২৭ স্ট্রাইক রেটে করেন ১৪০ রান। সফরে সাদা বলের দুই সিরিজেই বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তানজিদ।

তার অন্যতম প্রতিদ্বন্দ্বী হ্যারি ব্রুকও জুলাইয়ে ব্যাট হাতে ছিলেন দুর্দান্ত। ভারতের বিপক্ষে ইংল্যান্ডের সফল টি-টোয়েন্টি সিরিজে বিশেষ নজর কাড়েন ইংলিশ অধিনায়ক। পাঁচ ম্যাচে ২২৯ রান করেন তিনি, ব্যাটিং গড় ছিল ১১৪ দশমিক ৫০ এবং স্ট্রাইক রেট ২১৪ দশমিক ০১। সিরিজসেরা হওয়ার পাশাপাশি সর্বোচ্চ রান সংগ্রাহকও হন ব্রুক। তবে ওয়ানডে সিরিজে তিন ম্যাচে তাঁর ব্যাট থেকে আসে মাত্র ৩১ রান।

অন্যদিকে ব্যাট ও বল—দুই বিভাগেই দারুণ পারফরম্যান্স করেছেন জাস্টিন গ্রিভস। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ১৮০ রানের দুর্দান্ত ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজকে হার থেকে বাঁচান তিনি। সেই ম্যাচে শ্রীলঙ্কা ৫৪৯/৯ রানে ইনিংস ঘোষণা করেছিল।

এরপর পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টে বল হাতেও কার্যকর ভূমিকা রাখেন গ্রিভস। প্রথম ম্যাচে ২৭ রানে ৫ উইকেট এবং দ্বিতীয় টেস্টে ১২ রানে ২ উইকেট নিয়ে সিরিজ ড্র করতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।

জুলাইয়ে দুই টেস্টে গ্রিভসের ব্যাট থেকে আসে ২১৫ রান, গড় ৭১ দশমিক ৬৬। বল হাতে ৮ উইকেট শিকার করেন তিনি, বোলিং গড় ছিল মাত্র ১০ দশমিক ২৫।

ছেলেকে খুঁজতে এসে বাবাকে গুলি, লক্ষ্যভ্রষ্ট হয়ে লাগল মায়ের …
  • ১০ আগস্ট ২০২৬
১২ ক্যাডেট কলেজে ৬১৮ পরীক্ষার্থী, ৬০৭ জনই পেল জিপিএ-৫
  • ১০ আগস্ট ২০২৬
ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসে চাকরি, সরাসরি মৌখিক পরীক্ষা ১৪ …
  • ১০ আগস্ট ২০২৬
বিশ্ব অলস দিবস আজ 
  • ১০ আগস্ট ২০২৬
শিক্ষক নিয়োগে ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে, বিক্ষোভে নামছে …
  • ১০ আগস্ট ২০২৬
আইসিসির মাসসেরার দৌড়ে তামিম
  • ১০ আগস্ট ২০২৬