কারাগারে থাকা স্বামীর ঘরে মিলল স্ত্রীর মরদেহ, যৌতুকের জন্য হত্যার অভিযোগ পরিবারের

২১ নভেম্বর ২০২৬, ০৮:১৪ AM
বরিশাল নগরীতে কারাগারে থাকা স্বামীর ঘরে মিলল স্ত্রীর মরদেহ, যৌতুকের জন্য হত্যার অভিযোগ পরিবারের

বরিশাল নগরীতে কারাগারে থাকা স্বামীর ঘরে মিলল স্ত্রীর মরদেহ, যৌতুকের জন্য হত্যার অভিযোগ পরিবারের © সংগৃহীত

মাদক মামলায় কারাগারে রয়েছেন স্বামী হীরা খলিফা। এরই মধ্যে বরিশাল নগরীর একটি বসতঘর থেকে তার স্ত্রী সাবিনা আক্তারের (২৫) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বজনদের অভিযোগ, যৌতুকের দাবিতে শ্বশুরবাড়ির লোকজন তাকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়েছেন। তবে পুলিশের প্রাথমিক তদন্তে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার (২০ নভেম্বর) ঘটনাটি জানাজানি হয়। এর আগে বুধবার (১৮ নভেম্বর) বিকেলে নগরীর কালুশাহ সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাবিনা ঝালকাঠির নলছিটি উপজেলার হাড়ীখালি গ্রামের জাকির হোসেন তালুকদারের মেয়ে। তার স্বামী হীরা খলিফা (৩২) নগরীর কালুশাহ সড়ক এলাকার লাল মিয়া খলিফার ছেলে। স্থানীয়ভাবে তিনি মাদক কারবারে জড়িত বলে পরিচিত।

পরিবার সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর আগে হীরা খলিফার সঙ্গে সাবিনার বিয়ে হয়। তাদের সংসারে হুমায়রা নামে চার মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

নিহতের বাবা জাকির হোসেন তালুকদারের দাবি, তার মেয়ে আত্মহত্যা করতে পারেন না। কারাগারে থাকা জামাতা হীরার ইন্ধনে তার তিন ভাই, শাশুড়ি ও দুই জা মিলে সাবিনাকে হত্যা করেছেন। পরে ঘটনাটিকে আত্মহত্যা বলে প্রচারের চেষ্টা করা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের বিচারের দাবি জানান।

জাকির হোসেন বলেন, বিয়ের পর থেকেই সাবিনার সংসারে অশান্তি চলছিল। চার লাখ টাকা যৌতুকের দাবিতে স্বামী হীরা খলিফাসহ শ্বশুরবাড়ির লোকজন তাকে প্রায়ই মারধর করতেন এবং শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। একপর্যায়ে নির্যাতন সহ্য করতে না পেরে সাবিনা বাবার বাড়িতে চলে যান। এ সময় তিনি নলছিটির ব্র্যাক কার্যালয়ে অভিযোগ করেন। ঘটনার প্রায় ১৫ দিন আগে ব্র্যাকের মধ্যস্থতায় সমঝোতার পর তাকে আবার বরিশালে স্বামীর বাড়িতে ফিরিয়ে নেওয়া হয়।

হীরার চাচাতো ভাই সোহাগ খলিফার অভিযোগ, সমঝোতার পরও সাবিনার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন বন্ধ হয়নি। বিষয়টি সাবিনা পরিবারের সদস্যদের জানিয়েছিলেন। এর মধ্যে ঘটনার সাত দিন আগে একটি মাদক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যান তার স্বামী হীরা খলিফা। এরপর হঠাৎ শ্বশুরবাড়ি থেকে সাবিনার আত্মহত্যার খবর দেওয়া হয়।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, সাবিনার লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ করা হলেও এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ দেননি। প্রাথমিক তদন্তে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় আপাতত একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি আত্মহত্যা নাকি হত্যা, তা নিশ্চিত হওয়া যাবে। প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশজুড়ে বাড়তে পারে বৃষ্টি, কত দিন থাকবে …
  • ২১ নভেম্বর ২০২৬
কারাগারে থাকা স্বামীর ঘরে মিলল স্ত্রীর মরদেহ, যৌতুকের জন্য …
  • ২১ নভেম্বর ২০২৬
টানা ৩০ দিন সকালে চা-বিস্কুট দিয়ে নাস্তা করলে শরীরে যে প্রভ…
  • ২১ নভেম্বর ২০২৬
কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় এগিয়ে থাকতে যে কৌশল অনুসরণ করবেন
  • ২১ নভেম্বর ২০২৬
১২ মাসের মধ্যে সোনার দামে রেকর্ড পতন, আজ ভরি বিক্রি হচ্ছে …
  • ২১ নভেম্বর ২০২৬
সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি
  • ২১ নভেম্বর ২০২৬
diuimage