জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

সংশোধিত সিলেবাস তৈরির পর অভিজ্ঞ ও বিশেষজ্ঞদের দিয়ে যাচাই করা হচ্ছে

২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মশালা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মশালা © টিডিসি ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের ইংরেজি, সমাজবিজ্ঞান, ফিন্যান্স, বোটানিসহ ১৫টি বিষয়ের সংশোধিত সিলেবাস তৈরির পর বিভিন্ন ক্ষেত্রের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ব্যক্তিদের দিয়ে তা যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসের সিনেট হলে দুই দিনব্যাপী ভ্যালিডেশন অব দ্য রিভাইজড ব্যাচেলর অব অনার্স সেকেন্ড ইয়ার সিলেবাস শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ ও শিক্ষকরা অংশ নিচ্ছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স পর্যায়ে একসঙ্গে ১৫টি বিষয়ের সিলেবাস ভ্যালিডেশন নিয়ে এ ধরনের উদ্যোগ বাংলাদেশে এই প্রথম বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, ‘শুধু সিলেবাসের বিষয় পরিবর্তন করলেই হবে না, শিক্ষার্থীরা কী শিখছে, কীভাবে শিখছে এবং সেই শিক্ষা বাস্তব জীবনে কীভাবে কাজে লাগাতে পারছে এসব বিষয়ও বিবেচনায় নিতে হবে। এ কারণে সংশোধিত সিলেবাস তৈরির পর তা বিভিন্ন ক্ষেত্রের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ব্যক্তিদের দিয়ে যাচাই করা হচ্ছে। আমরা চাই, শিক্ষার্থীরা যেন শুধু পরীক্ষায় ভালো করার জন্য না পড়ে; তারা যেন বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারে। সে লক্ষ্যেই আমরা সিলেবাসকে নতুন করে দেখছি।’

তিনি বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম ও সিলেবাস আধুনিকায়ন এখন আর সময়ের দাবি মাত্র নয়, বরং এটি অপরিহার্য হয়ে পড়েছে। দেশের বিপুলসংখ্যক শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে পড়াশোনা করেন। তাই এই শিক্ষাব্যবস্থার গুণগত পরিবর্তন ছাড়া দেশের উচ্চশিক্ষায় কাঙ্ক্ষিত পরিবর্তন আনা কঠিন। এর উন্নয়ন না হলে দেশের ৭০ শতাংশ শিক্ষার বেহাল দশা কাটবে না। এ জন্যই কারিকুলাম ও সিলেবাস উন্নয়নে ম্যাসিভ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’

আরও দেখুন: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরি দেবে অ্যাক্টিভ গ্রিন এনার্জি লিমিটেড, বেতন আলোচনা সাপেক্ষে

বর্তমান সময়ে উচ্চশিক্ষার সঙ্গে কর্মক্ষেত্র, প্রযুক্তি, গবেষণা ও বাস্তবজীবনের যোগসূত্র তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও জানান তিনি। সেই বিবেচনায় সিলেবাসে প্রয়োজনীয় পরিবর্তন আনার পাশাপাশি শ্রেণিকক্ষের শিক্ষার পরিবেশকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। কর্মশালায় প্রতিদিন দুটি অধিবেশনে পাবলিক ও বেসরকারি খাতের বিশেষজ্ঞ, গবেষক ও শিক্ষকরা অংশ নিচ্ছেন। সংশোধিত সিলেবাসের বিষয়বস্তু, শিক্ষার্থীদের শিখনপ্রক্রিয়া, ব্যবহারিক ও কর্মমুখী জ্ঞান, প্রযুক্তিগত দক্ষতা এবং শ্রেণিকক্ষে কার্যকর লার্নিং এনভায়রনমেন্ট তৈরির বিভিন্ন দিক নিয়ে বিশেষজ্ঞরা মতামত দিচ্ছেন।

উপ উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, ‘সংশোধিত সিলেবাসে শিক্ষার্থীদের বাস্তবজীবন ও কর্মক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত বিষয় যুক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। কারিগরি ও ব্যবহারিক বিষয়গুলোও গুরুত্ব পাচ্ছে। উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়নের অংশ হিসেবে কারিকুলাম ও সিলেবাস আধুনিকায়নের উদ্যোগ ধারাবাহিকভাবে চলবে। শিক্ষার্থীদের শুধু একাডেমিক জ্ঞান নয়, ব্যবহারিক দক্ষতা, কর্মমুখী শিক্ষা ও প্রযুক্তিগত জ্ঞান অর্জনের সুযোগ তৈরি করতে হবে। এছাড়া তৃতীয় ভাষা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের সার্বিক বিকাশে সাংস্কৃতিক ও খেলাধুলার কার্যক্রমও দেশব্যাপী জোরদার করা হয়েছে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অনারারি অধ্যাপক ও সমাজবিজ্ঞানী ড. এ আই মাহবুব উদ্দিন আহমেদ বলেন, ‘দেশের শিক্ষাব্যবস্থাকে ঔপনিবেশিকতার প্রভাব থেকে বের করে আনতে হবে। তা না হলে শিক্ষাব্যবস্থার কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হবে না। শিক্ষাব্যবস্থাকে এমনভাবে সাজাতে হবে, যাতে শিক্ষার্থীদের মধ্যে স্বাধীন চিন্তা, বিশ্লেষণী ক্ষমতা ও বাস্তবজ্ঞান তৈরি হয়।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন (ভারপ্রাপ্ত) ড. এ এইচ এম রুহুল কুদ্দুস, স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. ফকির রফিকুল আলম এবং স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আশেক কবির চৌধুরী।

মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুড়িয়ে দেওয়ায় জড়িতদের গ্রেপ্ত…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
নিয়োগবঞ্চিত প্রার্থীদের পত্র ‘পরীক্ষা-নিরীক্ষা’ করে  দেওয়া …
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ছাদে মাইকের হর্ন, পাশে জেনারেটর বসিয়ে মেলা, ব্যাহত হচ্ছে দু…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের গোপন বৈঠক থেকে সাংবাদিক নেতাসহ অর্ধশতাধিক আটক
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬