ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে মানসম্মত শিক্ষা ও গবেষণায় গুরুত্ব ইউজিসি চেয়ারম্যানের

২৫ নভেম্বর ২০২৬, ০৪:১৩ PM
খুলনা বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬ এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

খুলনা বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬ এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। © সংগৃহীত

দেশের অর্থনীতির বর্তমান আকার প্রায় ৫০০ বিলিয়ন ডলার। আগামী পাঁচ বছরে এটিকে এক ট্রিলিয়ন ডলারে উন্নীত করার পাশাপাশি এক কোটি উচ্চমূল্যের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য রয়েছে সরকারের। এ লক্ষ্য বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়গুলোকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

এক কোটি উচ্চমূল্যের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য অর্জনে বিশ্ববিদ্যালয়গুলোকে মানসম্মত শিক্ষা, গবেষণা ও দক্ষ জনশক্তি তৈরিতে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। আজ বুধবার (২৫ নভেম্বর ) খুলনা বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইউজিসি চেয়ারম্যান।

অধ্যাপক মামুন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব শুধু শিক্ষার্থীকে সনদ দেওয়া নয়। মানসম্মত শিক্ষার পাশাপাশি গবেষণা ও দক্ষতা উন্নয়নেও সমান গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে তাঁরা দেশের পাশাপাশি আন্তর্জাতিক শ্রমবাজারেও নিজেদের যোগ্যতা ও দক্ষতার পরিচয় দিতে পারেন। সবাইকে চাকরিপ্রার্থী হিসেবে তৈরি না করে উদ্যোক্তা, উদ্ভাবক ও কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবেও গড়ে তোলার পরিবেশ তৈরি করতে হবে।

গবেষণার ধরন ও উদ্দেশ্যে পরিবর্তনের ওপর গুরুত্ব দিয়ে ইউজিসি চেয়ারম্যান বলেন, শুধু জ্ঞানের জগৎ সমৃদ্ধ করার জন্য নয়, দেশের বাস্তব সমস্যার সমাধানেও গবেষণাকে কাজে লাগাতে হবে। শিল্পপ্রতিষ্ঠান, কৃষি, মৎস্য, গৃহস্থালি ও প্রত্যন্ত অঞ্চলের সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে যৌথ গবেষণা প্রকল্প নিতে হবে। গবেষণার প্রস্তাব জমা দিলে ইউজিসি ও সরকার প্রয়োজনীয় অর্থায়ন করবে। অর্থের অভাবে প্রয়োজনীয় গবেষণা যেন বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে সহযোগিতা দেওয়া হবে।

খুলনা অঞ্চলের সম্ভাবনার কথা তুলে ধরে অধ্যাপক মামুন আহমেদ বলেন, সুন্দরবন, কৃষি, মৎস্য ও চিংড়ি চাষের মতো গুরুত্বপূর্ণ খাতের সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয়ের জ্ঞান ও প্রযুক্তি কাজে লাগাতে হবে। মংলা বন্দর ও বন্দর ব্যবস্থাপনার বিভিন্ন সমস্যার সমাধানেও বিশ্ববিদ্যালয় ভূমিকা রাখতে পারে। এ জন্য শিল্পপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র ও স্থানীয় সমাজের সঙ্গে কার্যকর সংযোগ গড়ে তুলতে হবে।

খুবিতে নতুন বিভাগ ও ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন

খুলনা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক ভাষা  ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইউজিসি চেয়ারম্যান। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের অন্য ক্যাম্পাসে উপকূলীয় অঞ্চলসম্পদ ব্যবস্থাপনা বিষয়ে একটি স্কুল এবং সমুদ্রবিজ্ঞান ও জলবায়ু পরিবর্তন বিষয়ে বিভাগ প্রতিষ্ঠার উদ্যোগেও সম্মতি দেওয়া হয়েছে। এসব একাডেমিক ইউনিট পরিচালনায় প্রয়োজনীয় জনবল ও আর্থিক সহায়তা যথাসময়ে দেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশে অধ্যাপক মামুন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের সুযোগ-সুবিধা ও গবেষণার পরিবেশ শিক্ষার্থীদের জন্যই তৈরি করা হচ্ছে। এসবের যথাযথ ব্যবহার করে নিজেদের পাশাপাশি সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে। শিক্ষার্থীদের ক্লাব কার্যক্রম আরও সক্রিয় করতে ইউজিসি বিশেষ বরাদ্দ দেবে। এসব কার্যক্রম তাঁদের নেতৃত্ব, সৃজনশীলতা ও সাংগঠনিক দক্ষতা বিকাশে সহায়তা করবে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত, খুবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশিদ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান এবং খুবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নুরুন্নবী।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. খুরশিদ আলম এবং খুবির ছাত্রবিষয়ক সম্পাদক অধ্যাপক ড. মো. সালাহউদ্দিন। বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এ ছাড়া কৃতী শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সক্রিয় ক্লাব ও সংগঠনকে সম্মাননা দেওয়া হয়।

শিক্ষকদের অনশনে সহমর্মিতা জানালেন সংসদ সদস্য মারদিয়া মমতাজ
  • ২৫ নভেম্বর ২০২৬
বগুড়ায় বিএনপি কার্যালয়ে আগুন, অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে
  • ২৫ নভেম্বর ২০২৬
রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হলেন কারিগরি অধিদপ্তরের নত…
  • ২৫ নভেম্বর ২০২৬
সিটি কর্পোরেশনের ‘জুলাই গ্রাফিতি’, সারজিস বললেন— জিয়া-খালেদ…
  • ২৫ নভেম্বর ২০২৬
‘আঙ্কেল’ বলায় মনঃক্ষুণ্ন ওসি, সিএনজি রিজার্ভ করে বাসায় ডাকল…
  • ২৫ নভেম্বর ২০২৬
ড. সায়েমকে ভিসি পুনর্বহালের দাবি থেকে সরলেন চুয়েট শিক্ষকেরা…
  • ২৫ নভেম্বর ২০২৬