প্রধানমন্ত্রী কার্যালয় © ফাইল ছবি
ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিন তার উপজেলায় দুইটি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আবেদন করেছেন। সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ-সংক্রান্ত একটি চিঠি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ ও সদস্য সচিব (সংসদ সদস্যদের প্রতিশ্রুত ও প্রস্তাবিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেল) মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষর করেছেন।
চিঠিতে ওই উপজেলায় একটি পাবলিক এবং আরেকটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সম্ভাব্যতা যাচাই করতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণপূর্বক এ বিষয়ে গৃহীত কার্যক্রমের প্রতিবেদন অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
ফেনী-২ আসনটি জেলার ফেনী সদর উপজেলা নিয়ে গঠিত। সেখানকার সংসদ সদস্য জয়নাল আবদিন, যিনি ভিপি জয়নাল নামে বেশি পরিচিত। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
ওই চিঠি দুটিতে বলা হয়, ফেনী সদর উপজেলায় একটি পাবলিক এবং আরেকটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রী বরাবর আবেদন করেছেন। এ পরিপ্রেক্ষিতে সেখানে এই দুটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সম্ভাব্যতা যাচাই করতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণপূর্বক এ বিষয়ে গৃহীত কার্যক্রমের প্রতিবেদন অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
চিঠির অনুলিপি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১, অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।