রোনান সুলিভান © সংগৃহীত
আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সিতে যুক্তরাষ্ট্রপ্রবাসী তরুণ ফরোয়ার্ড রোনান সুলিভানকে দেখা যাবে। গত এপ্রিলে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্স করে বাংলাদেশের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। এবার বয়সভিত্তিক দলের গণ্ডি পেরিয়ে জাতীয় দলের হয়ে বড় মঞ্চে অভিষেকের অপেক্ষায় এই উদীয়মান ফুটবলার।
শুরুতে তার জাতীয় দলে যোগ দেওয়া নিয়ে অনিশ্চয়তা থাকলেও অবশেষে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাফুফে ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম জানান, রোনান নিজেই তার আসার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, আজকেই সে আমাকে নিশ্চিত করেছে যে, ইনশাল্লাহ আসতে পারবে। আগামী ১৮ অক্টোবর খেলোয়াড় নিবন্ধনের শেষ সময়সূচি। আমরা তাকেই স্কোয়াডে রাখব।”
গত এপ্রিলে মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। দলের সেই সাফল্যে উল্লেখযোগ্য অবদান ছিল রোনানের। পাকিস্তানের বিপক্ষে ২-০ গোলের জয়ে ফ্রি-কিক ও হেড থেকে দুটি গোল করেছিলেন এই ফরোয়ার্ড। ভারতের বিপক্ষে রোমাঞ্চকর ফাইনালেও তার অবদান ছিল গুরুত্বপূর্ণ। ম্যাচের টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পেয়ে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ।
আগামী ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর অনুষ্ঠিত হবে। ফিফার নিষেধাজ্ঞার কারণে নেপাল অংশ নিতে না পারায় এবারের প্রতিযোগিতায় লড়বে ৬টি দল।
টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা ও ভুটান। অন্যদিকে ‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, মালদ্বীপ ও পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতা করবে।
সূচি অনুযায়ী, গ্রুপ পর্বের লড়াই শেষে আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। এ ছাড়া ১৭ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের সাফ চ্যাম্পিয়নশিপের।