বাংলাদেশ সফরে সিবিএফ প্রতিনিধি দল © সংগৃহীত
বাংলাদেশ সফরে এসে ঢাকার জাতীয় স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনার মাঠ ও অবকাঠামো পরিদর্শন করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) একটি প্রতিনিধি দল। তবে মাঠের মান নিয়ে সন্তোষ প্রকাশ করলেও ড্রেসিংরুম, টেকনিক্যাল জোন এবং নিরাপত্তাব্যবস্থাসহ কিছু জায়গায় উন্নয়নের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে তারা।
রবিবার (২৩ আগস্ট) দুপুর ১টায় ঢাকায় এসেছিল ব্রাজিল ফুটবল কনফেডারেশনের প্রতিনিধি দল। সফরকালে জাতীয় স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনার মাঠসহ বিভিন্ন সুযোগ-সুবিধা ঘুরে দেখেন তারা। পাশাপাশি ঢাকার কয়েকটি আবাসিক হোটেলও পরিদর্শন করেন তারা।
জাতীয় স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনার মাঠ এবং সংশ্লিষ্ট অবকাঠামো পরিদর্শন শেষে প্রতিনিধি দলের সদস্যরা জানান, মাঠের মান ও সামগ্রিক অবকাঠামো ব্রাজিল জাতীয় ফুটবল দলের জন্য গ্রহণযোগ্য। তবে খেলোয়াড়দের ড্রেসিংরুম, টেকনিক্যাল জোন এবং প্রবেশ ও বহির্গমন গেটের নিরাপত্তাসহ কয়েকটি ক্ষেত্রে উন্নয়ন প্রয়োজন। তাদের মতে, প্রয়োজনীয় এসব কাজ স্বল্প সময়ের মধ্যেই সম্পন্ন করা সম্ভব।
সোমবার (২৪ আগস্ট) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়েছে, সফর শেষে দিবাগত রাত ১টা ৪০ মিনিটে ঢাকা ছাড়ে ব্রাজিলের প্রতিনিধি দল। চলতি সপ্তাহেই সফরের পর্যবেক্ষণ ও সুপারিশ তারা আনুষ্ঠানিকভাবে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের কাছে তুলে ধরবে বলে জানিয়েছে। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বৈঠকে ব্রাজিল জাতীয় দলকে বাংলাদেশে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার আমন্ত্রণ জানানো হবে। পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশকে ব্রাজিলের আন্তর্জাতিক ম্যাচের নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহারের সম্ভাবনা নিয়েও আলোচনা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় স্টেডিয়ামের মাঠ উন্নয়নে স্থানীয় প্রতিষ্ঠানের মাধ্যমে বাফুফে যে সংস্কারকাজ করেছে, ব্রাজিলের প্রতিনিধি দলের ইতিবাচক মূল্যায়নকে সেই উদ্যোগের গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখছে বাফুফে। আন্তর্জাতিক মানের দল ও খেলোয়াড়দের জন্য জাতীয় স্টেডিয়ামকে আরও উপযোগী করে তুলতে জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে সমন্বয় করে দ্রুত অন্যান্য অবকাঠামোগত উন্নয়নেও কাজ করার পরিকল্পনা করছে বাফুফে। সফরের শেষ পর্যায়ে ব্রাজিলের প্রতিনিধি দল ও বাফুফের কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠকও অনুষ্ঠিত হয়। সেখানে অবকাঠামো উন্নয়ন, মাঠ ও পিচ ডেভেলপমেন্ট, যৌথ কোচিং প্রোগ্রাম, স্পোর্টস সায়েন্সের উন্নয়ন এবং আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনসহ বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
এ সময় বাংলাদেশের ফুটবলপ্রেমীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন ব্রাজিলের প্রতিনিধি দলের সদস্যরা। তারা জানান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন দেশে ব্রাজিলের প্রীতি ম্যাচে বাংলাদেশি সমর্থকদের ব্যাপক উপস্থিতি তারা লক্ষ্য করেছেন। বাংলাদেশে ব্রাজিল জাতীয় দল খেলতে এলে এখানকার ফুটবলপ্রেমীদের কাছ থেকেও একই ধরনের ভালোবাসা ও সমর্থন পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তারা।
বাফুফের মতে, ব্রাজিলের এই সফর দুই দেশের ফুটবল সম্পর্ককে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে কোচিং, স্পোর্টস সায়েন্স, অবকাঠামো উন্নয়ন এবং আন্তর্জাতিক ম্যাচ আয়োজনসহ বিভিন্ন ক্ষেত্রে ভবিষ্যতে সহযোগিতার নতুন দ্বার খুলে দিতে পারে এই সফর।
এদিকে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির আগে বাফুফে নির্বাহী সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন সাংবাদিকদের বলেন, ‘আমাদের সভাপতির সঙ্গে গতকাল বেশ ইতিবাচক আলোচনা হয়েছে। দুই ফেডারেশন এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কাজ করবে সামনে।’
৬ অক্টোবর ঢাকায় খেলার পরিকল্পনা করছে ব্রাজিল। তবে সেই ম্যাচ আয়োজন করতে অনেক অর্থ প্রয়োজন। এ নিয়ে শাহীন বলেন, ‘ভালো কোনো উদ্যোগের জন্য অর্থ তেমন কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমাদের সভাপতি নিশ্চয়ই পদক্ষেপ নেবেন। ক্রীড়ামন্ত্রী ও সরকারের পক্ষ থেকেও সহায়তা নেওয়া হবে। এ রকম ম্যাচ করতে হলে সরকারের সহায়তা নিয়েই করতে হবে।’