‘স্ত্রী-সন্তানকে টাকা পাঠাতে পারছি না’, শঙ্কায় বাংলাদেশের কোচ

১০ আগস্ট ২০২৬, ০২:২৪ PM
জেরার্ড জোন্স

জেরার্ড জোন্স © সংগৃহীত

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলের কোচ জেরার্ড জোন্সের একটি ফেসবুক পোস্ট ঘিরে উৎকণ্ঠা জেগেছে। দীর্ঘদিন বেতন না পাওয়ায় চরম আর্থিক সংকটে পড়েছেন এই ব্রিটিশ কোচ। এমন পরিস্থিতিতে স্ত্রী ও সন্তানদের খাবারের খরচ পাঠানোর সামর্থ্যও তার নেই বলে জানিয়েছেন তিনি। শুধু আর্থিক সংকটই নয়, নিজের পাশাপাশি পরিবারের নিরাপত্তা নিয়েও শঙ্কার কথাও জানান তিনি।

যশোরের শামসুল হুদা একাডেমিতে আবাসিক ক্যাম্পে থাকা এই কোচ সোমবার (১০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছেন, ‘খুব মন খারাপ লাগছে। বিষণ্ণ লাগছে। আমার পরিবার এবং নিজের নিরাপত্তা নিয়ে আমি চিন্তিত। ক্রমাগত ভুল বোঝাবুঝি বা অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, আর আজও তেমনি আরেকটি কঠিন বাস্তবতা মেনে নিতে হলো।’

বর্তমান আর্থিক পরিস্থিতির কথা তুলে ধরে তিনি লিখেছেন, ‘বেতনের অপেক্ষায় আছি। আমার কাছে কোনো টাকা নেই এবং আমার স্ত্রী ও সন্তানদের খাওয়ার জন্য টাকা পাঠাতে পারছি না।’পোস্টের শেষ দিকে নিজের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন জেরার্ড, ‘আমি আমার জীবনের জন্য শঙ্কিত এবং খুব ভয়ে আছি।’

তবে জেরার্ডের বেতন না পাওয়ার দাবির সঙ্গে একমত নয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফে সূত্র বলছে, জেরার্ডের বেতন ইতিমধ্যে তার ব্যাংক হিসাবে জমা হয়েছে। তবে করসংক্রান্ত কিছু আনুষ্ঠানিকতা থাকায় সেই অর্থ স্ত্রীকে পাঠাতে তার কিছুটা সময় লাগছে।

জেরার্ডের ফেসবুক পোস্টে নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা উল্লেখ থাকলেও বাংলাদেশে অবস্থানকালে তার নিরাপত্তা নিয়ে কোনো নির্দিষ্ট ঘটনার তথ্য পাওয়া যায়নি। অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাই সামনে রেখে বর্তমানে যশোরে চলছে যুবাদের আবাসিক ক্যাম্প। তবে ক্যাম্প ছেড়ে আজই ঢাকায় এসেছেন জেরার্ড। 

ঢাবি শিক্ষার্থীদের আটকে থাকা টিউশনির টাকা তুলে দিতে উদ্যোগ …
  • ৩০ আগস্ট ২০২৬
দূরত্ব ভাতা পাচ্ছেন চর ও দুর্গম এলাকার শিক্ষকরা
  • ৩০ আগস্ট ২০২৬
জাতীয়তাবাদ থেকে রাষ্ট্রসংস্কার: বিএনপি’র ৪৮ বছরের পথযাত্রা …
  • ৩০ আগস্ট ২০২৬
বিপিএল নিয়ে কোয়াব-বিসিবি বৈঠকে কী সিদ্ধান্ত এলো?
  • ৩০ আগস্ট ২০২৬
মিরাজ শেখের পরিবারকে সামনে বসিয়ে গুমের ঘটনা অস্বীকার করলেন …
  • ৩০ আগস্ট ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বক্তা থাকায় সেমিনার বন্ধ করল…
  • ৩০ আগস্ট ২০২৬