বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল © সংগৃহীত
আবারও যুব এশিয়া কাপের শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের মিশনে নামছে দুইবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সর্বশেষ আসরে পাকিস্তানের কাছে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছিল আজিজুল হাকিম তামিমের দলকে। এবার শিরোপা জয়ের লক্ষ্যেই মাঠে নামবে যুবারা।
আগামী ৫ নভেম্বর শুরু হবে যুব এশিয়া কাপের পরবর্তী আসর। ৫০ ওভারের এই টুর্নামেন্টের ফাইনাল ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে।
এবারের আসরে মোট ৮টি দল অংশ নিচ্ছে, তাদের দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। এর মধ্যে ‘এ’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান, ভারত, সংযুক্ত আরব আমিরাত ও নেপাল অনূর্ধ্ব-১৯ দল রয়েছে।
অন্যদিকে ‘বি’ গ্রুপে আছে বাংলাদেশ। তাদের গ্রুপসঙ্গী শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া অনূর্ধ্ব-১৯ দল।
আসরের উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশের যুবারা। ৫ নভেম্বর প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ আফগানিস্তান। এরপর ৭ নভেম্বর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৯ নভেম্বর মালয়েশিয়ার বিপক্ষে খেলবে টাইগার যুবারা।
দুই গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি করে দল সেমিফাইনালে জায়গা করে নেবে। ১২ নভেম্বর দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। আর শিরোপার লড়াই হবে ১৪ নভেম্বর।