নারী এশিয়া কাপে ম্যাচ © সংগৃহীত
গ্রুপ পর্বের লড়াই শেষে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ নারী এশিয়া কাপের শেষ চারের লড়াইয়ে জায়গা করে নিয়েছে। শিরোপার পথে বাংলাদেশের সামনে এবার শক্তিশালী ভারত। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও পাকিস্তান।
৮ দলের আসরে গ্রুপ ‘এ’ থেকে সেরা হয়ে সেমিফাইনালে উঠেছে ভারত। তিন ম্যাচের তিনটিতেই জয় তুলে নিয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তারা। অন্যদিকে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে পাকিস্তান। থাইল্যান্ডের ঝুলিতে ২ পয়েন্ট, আর কোনো পয়েন্ট ছাড়াই গ্রুপ পর্ব শেষ করেছে হংকং।
গ্রুপ ‘বি’-তে শ্রীলঙ্কাও দাপুটে ছিল। তিন ম্যাচেই জয় তুলে নিয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয় স্বাগতিকরা। ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়ে শেষ চার নিশ্চিত করেছে বাংলাদেশ। আরব আমিরাত ২ পয়েন্ট নিয়ে তৃতীয় এবং কোনো পয়েন্ট না পাওয়া ইন্দোনেশিয়া চতুর্থস্থানে থেকেই শেষ করেছে।
নিয়ম অনুযায়ী, প্রথম সেমিফাইনালে ভারতের সামনে বাংলাদেশ। নিগার সুলতানা জ্যোতিদের জন্য ম্যাচটি তাই ফাইনালের পথে সবচেয়ে বড় পরীক্ষা।
আগামী বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত সেমিফাইনাল। পরদিন ১১ সেপ্টেম্বর দ্বিতীয় সেমিফাইনালে লড়বে শ্রীলঙ্কা ও পাকিস্তান।
এ ছাড়া আগামী ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে নারী এশিয়া কাপের ফাইনাল।