সংবাদ সম্মেলনে তামিম ইকবাল © সংগৃহীত
চলতি আগস্টের শেষদিকে বাংলাদেশ সফরে আসার কথা ভারতের। তবে এ নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি দুই দেশের ক্রিকেট বোর্ড। ফলে, ক্রমশই সিরিজটি নিয়ে জটিলতা তৈরি হচ্ছে। এও গুঞ্জন উঠেছে, এই সফর পিছিয়ে দিতে পারে ভারত। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, সিরিজ নিয়ে আলোচনা এখনো চলমান।
বৃহস্পতিবার (২০ আগস্ট) মিরপুরে এক সংবাদ সম্মেলনে ভারত সিরিজের বর্তমান পরিস্থিতি জানান তামিম।
তিনি বলেন, ‘ভারত সিরিজ নিয়ে আমাদের এখনো আলোচনা হচ্ছে। তারিখ এদিক-ওদিক হতে পারে। যদি ভারত সিরিজ হয়, তখন জিডি ট্রফি মিরপুর থেকে অন্য ভেন্যুতে চলে যাবে।’
এদিকে বিসিবির সাম্প্রতিক সিদ্ধান্ত ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সমালোচনা থাকলেও, বোর্ডের স্বচ্ছতা ও মর্যাদা অক্ষুণ্ন রাখার বিষয়ে কোনো আপস করবেন না বলে জানিয়েছেন তামিম।
তিনি বলেন, ‘আমার জন্য গুরুত্বপূর্ণ হলো পুরোপুরি স্বচ্ছ ক্রিকেট, সবকিছু বজায় রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মর্যাদা অটুট রাখা এবং তারপর সামনে এগোনো। এটার জন্য যদি আপনাদের থেকে আমাকে ১০টা সমালোচনাও শুনতে হয়, আমি তাতে রাজি।’
একই সময়ে দেশের বিভিন্ন পর্যায়ের ক্রিকেটারদের ম্যাচ খেলার সুযোগ বাড়ানোর বিষয়টিও গুরুত্ব পাচ্ছে বিসিবিতে। বর্তমানে জাতীয় দলসহ বাংলাদেশের একাধিক দল বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়াতেও খেলছে বাংলাদেশের দল।
এমন ব্যস্ত সূচিকে ইতিবাচক হিসেবেই দেখছেন বিসিবি সভাপতি। তার মতে, বিভিন্ন পর্যায়ে যত বেশি ম্যাচ খেলার সুযোগ তৈরি হবে, তত বেশি প্রতিভাবান ক্রিকেটারকে খুঁজে বের করা এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত করা সম্ভব হবে।
তামিম বলেন, ‘আপনারা জানেন যে এর মধ্যে প্রায় ৪টা দল এই মুহূর্তে বাংলাদেশের কোনো না কোনো টুর্নামেন্টে খেলছে। দক্ষিণ আফ্রিকায় আছে, অস্ট্রেলিয়ায় আছে। এটা বিরল একটা বিষয়, মানে এটা সচরাচর হয় না। আসলে ৫টা দল ছিল, অনূর্ধ্ব-২৩ দলও সম্প্রতি খেলেছে। যত বেশি খেলার সুযোগ থাকবে এবং যত বেশি এরা বিভিন্ন প্রতিযোগিতায় খেলবে, তত বেশি আমরা খেলোয়াড় শনাক্ত করতে পারব এবং তত বেশি আমরা উন্নতি করতে পারব।’