এইচপি ও ‘এ’ দলের ক্রিকেটারদের ম্যাচ ফি দেওয়ার সিদ্ধান্ত বিসিবির

১০ আগস্ট ২০২৬, ০৪:৩৪ PM
বিসিবি লোগো

বিসিবি লোগো © সংগৃহীত

জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের আর্থিকভাবে আরও উৎসাহিত করতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো হাই পারফরম্যান্স (এইচপি) ও বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটারদের জন্য ম্যাচ ফি চালুর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। তবে ম্যাচ ফির নির্দিষ্ট অঙ্ক এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি।

বর্তমানে এইচপির দুটি দল ভিন্ন ভিন্ন সিরিজে ব্যস্ত। একটি দল দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজ খেলছে এবং ইতোমধ্যে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে। অন্য দলটি মিরপুরে মালয়েশিয়া জাতীয় দলের বিপক্ষে সিরিজ খেলছে।

বিসিবির প্রস্তাব অনুযায়ী, এইচপি দলের ক্রিকেটাররা ওয়ানডেতে ১ লাখ, টি-টোয়েন্টিতে ৫০ হাজার এবং চার দিনের ম্যাচে ১ লাখ ৫০ হাজার টাকা করে ম্যাচ ফি পেতে পারেন। শুধু একাদশে থাকা ক্রিকেটাররাই নন, ম্যাচের স্কোয়াডে থাকা ১২তম খেলোয়াড়কেও এই সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। ফলে একাদশের বাইরে থাকা ক্রিকেটাররাও ম্যাচ ফি পাওয়ার সুযোগ পাবেন।

বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটারদের জন্যও কাছাকাছি অঙ্কের ম্যাচ ফি প্রস্তাব করা হয়েছে। ওয়ানডেতে ১ লাখ, টি-টোয়েন্টিতে ৫০ হাজার এবং চার দিনের ম্যাচে ২ লাখ টাকা করে পাওয়ার কথা রয়েছে।

ম্যাচ ফির পাশাপাশি সফরে থাকা ক্রিকেটারদের বিদ্যমান অন্যান্য সুবিধাও বহাল থাকছে। নিয়ম অনুযায়ী, খেলোয়াড়রা প্রতিদিন ৫০ ডলার দৈনিক ভাতা এবং ৪০ ডলার সফর ভাতা পাবেন।

জাতীয় দলের পাইপলাইনে থাকা ক্রিকেটারদের জন্য বিসিবির এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে এইচপি ও ‘এ’ দল থেকেই ভবিষ্যতের জাতীয় দলের ক্রিকেটার তৈরি করে বোর্ড। ম্যাচ খেলার সুযোগের সঙ্গে আর্থিক প্রণোদনা যুক্ত হলে ক্রিকেটারদের পারফরম্যান্সের প্রতি আগ্রহ বাড়ার পাশাপাশি দলের ভেতর প্রতিযোগিতাও আরও তীব্র হবে বলে মনে করছে বিসিবি।

ট্যাগ: বিসিবি
জিপিএ-৫ পেয়ে গাছ উপহার পেলেন মাদ্রাসাটির পরীক্ষার্থীরা
  • ১০ আগস্ট ২০২৬
বাংলাদেশ ইউনিভার্সিটিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আল…
  • ১০ আগস্ট ২০২৬
বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম
  • ১০ আগস্ট ২০২৬
এইচএসসি পাসেই চাকরি আড়ংয়ে, আবেদন ১৫ আগস্ট পর্যন্ত
  • ১০ আগস্ট ২০২৬
অসহনীয় লোডশেডিংয়ে দুর্বিষহ অবস্থায় ইবি শিক্ষার্থীরা
  • ১০ আগস্ট ২০২৬
মালয়েশিয়াকে নিয়ে ছেলেখেলা, সিরিজ জিতল বাংলাদেশ
  • ১০ আগস্ট ২০২৬