২০২৭ বিশ্বকাপে ‘সরাসরি’ খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ

০৯ আগস্ট ২০২৬, ০৫:১৯ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

সবশেষ দুই ওয়ানডে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে বাছাইপর্ব খেলতে হয়েছিল। একবার সেই বাধা পেরিয়ে মূল পর্বে উঠলেও ২০২৩ বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি ক্যারিবীয়রা। এবার টানা তৃতীয়বারের মতো বাছাইপর্বের মুখে পড়ার শঙ্কায় দলটি। আর সেই সমীকরণে জড়িয়ে বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্যও।

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের জয়ে আরও জটিল হয় এই পরিস্থিতি। এই জয়ে ওয়েস্ট ইন্ডিজের সরাসরি বিশ্বকাপে খেলার পথ অনেকটাই কঠিন হয়ে পড়েছে।

এদিকে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় আসন্ন ওয়ানডে বিশ্বকাপে ১৪টি দল অংশ নেবে। যৌথ আয়োজক হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি বিশ্বকাপে খেলবে। বাকি ৮টি দল আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে নির্ধারিত হবে। তবে দুই আয়োজকের কোনো একটি যদি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকে, তাহলে নবম দলও সরাসরি বিশ্বকাপের টিকিট পাবে। আর দুই আয়োজকই যদি শীর্ষ আটে থাকে, তাহলে শীর্ষ ১০-এ থাকা দলগুলো সরাসরি মূল পর্বে যাবে।

বর্তমানে দক্ষিণ আফ্রিকা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকায় নবম দলও সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছে। এই মুহূর্তে ১০ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট ৭৭। অন্যদিকে বাংলাদেশের অবস্থান নবম, রেটিং পয়েন্ট ৮৩। আর আটে থাকা আফগানিস্তানের ৯০ রেটিং পয়েন্ট।

সরাসরি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে অন্তত নবমস্থানে থাকতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। কিন্তু সেই লক্ষ্য পূরণ করাও এখন প্রায় অসম্ভব।

৩০ সেপ্টেম্বরের আগে ওয়েস্ট ইন্ডিজের হাতে মাত্র দুটি ওয়ানডে রয়েছে। দুটিই আবার ভারতের বিপক্ষে, সেটাও কিনা ম্যান ইন ব্লুদের মাটিতেই। তবে সেই দুই ম্যাচ জিতলেও আফগানিস্তানকে টপকে অষ্টমস্থানে ওঠার কোনো সুযোগ নেই তাদের। এমনকি নবমস্থানেও ওঠা কঠিন।

কারণ, বাংলাদেশের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্টের ব্যবধান বর্তমানে ৬। ভারতের বিপক্ষে দুটি ম্যাচই জিতলে ওয়েস্ট ইন্ডিজের রেটিং সর্বোচ্চ ৮২-তে উঠতে পারে। অন্যদিকে বাংলাদেশ কোনো ম্যাচ না খেললে তাদের রেটিং ৮৩-ই থাকবে। ফলে, দুই ম্যাচ জিতেও বাংলাদেশকে টপকানো সম্ভব হবে না ক্যারিবীয়দের।

তবে এখানেই বাংলাদেশের জন্য জেগেছে শঙ্কা। এই সময়ে বাংলাদেশ কোনো ওয়ানডে খেললে এবং তাতে হেরে গেলে রেটিং কমে যেতে পারে তাদেরও। আগামী ১ থেকে ১৩ সেপ্টেম্বরের মধ্যে ভারতের বিপক্ষে বাংলাদেশের সিরিজ খেলার কথা আছে। যদিও সেই সিরিজের আয়োজন এখনো অনিশ্চিত। 

তবে এই সিরিজটি শেষপর্যন্ত মাঠে গড়ালে এবং বাংলাদেশ হেরে গেলে সমীকরণ বদলে যেতে পারে। তখন সরাসরি বিশ্বকাপে জায়গা ধরে রাখতে ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের শেষ দুই ম্যাচের ফলের দিকে তাকিয়ে থাকতে হবে লিটন দাসের দলকে।

বাংলাদেশ সফর নিয়ে ‘সবুজ সংকেতের’ অপেক্ষায় ভারত
  • ০৯ আগস্ট ২০২৬
অফিসার নিয়োগ দেবে ইজি ফ্যাশন, আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত
  • ০৯ আগস্ট ২০২৬
দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে সকলকে সর্তক থাক…
  • ০৯ আগস্ট ২০২৬
দাখিলের ফল প্রকাশ নিয়ে বোর্ডের নির্দেশনা
  • ০৯ আগস্ট ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে বিএসসি ইন ইইই প্রোগ্রামের ৩য় আইইবি-…
  • ০৯ আগস্ট ২০২৬
স্কুল-কলেজের শিক্ষকদের জুলাই মাসের বেতন কবে, যা বলছে মাউশি
  • ০৯ আগস্ট ২০২৬