বাস © সংগৃহীত
জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর পর দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহনের ভাড়া বাড়ানোর বিষয়ে আজ সোমবার (২১ সেপ্টেম্বর) সরকারি বৈঠকে সিদ্ধান্ত হতে পারে। তবে সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত কোনো পরিবহন মালিককে ভাড়া না বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক (সদর) ও ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কোষাধ্যক্ষ এ এস এম আহাম্মেদ খোকন।
সোমবার দ্য ডেইলি ক্যাম্পাসকে তিনি বলেন, ‘ভাড়া বাড়ানোর বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। আমরা সবাইকে নির্দেশনা দিয়েছি, সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমরা কেউ ভাড়া বাড়াব না। এটাই আমাদের ঘোষণা।’
তবে সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর কয়েকটি বাসে সর্বনিম্ন ভাড়া ১৫ টাকা করে আদায় করা হচ্ছে। এ ছাড়া খুলনাগামী একাধিক বাসে নির্ধারিত ভাড়ার চেয়ে ৫০ টাকা পর্যন্ত অতিরিক্ত নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি বলে জানান এস এম আহাম্মেদ খোকন। তিনি বলেন, ‘আমার জানামতে লং রূটে এখনো পর্যন্ত খুব একটা কেউ ভাড়া বাড়ায় নি এবং সিটি সার্ভিসেও তাই।’
এদিকে সর্বোনিম্ন ভাড়া ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে কি না এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা এখনো তো কেউ বলতে পারবে না। ১০ টাকার উপরে তো কোনো ভাড়া সর্বনিম্ন ভাড়া নাই।’ সরকারি বৈঠকে আজই ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হতে পারে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আজকে সিদ্ধান্তটা হয়ে যাবে এটা আশা রাখছি।’
আরও দেখুন: জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণ জানাল বিপিসি
সরকারি সিদ্ধান্তের আগে কোনো পরিবহন মালিক ভাড়া বাড়ালে তার দায় সংশ্লিষ্ট মালিকের বলে জানান বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির এই নেতা। তিনি বলেন, ‘বিচ্ছিন্নভাবে কেউ যদি বাড়ায় থাকে, তাহলে তাদের দায়িত্ব তাদের। সরকারি সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত ভাড়া বাড়বে না।’
এদিকে রাজধানীতে বাস ভাড়া বেশি আদায় নিয়ে জামান ফয়সাল নামে একজন লিখেছেন, আজ সকালে এয়ারপোর্ট থেকে ফার্মগেট যাওয়ার জন্য ‘এয়ারপোর্ট বঙ্গবন্ধু এভিনিউ ট্রান্সপোর্ট’ বাসে উঠি। বাসে উঠে বসার পর এক পর্যায়ে বাসের কন্ডাক্টর আমার কাছে আসে। আমাদের কথাবার্তা ছিল এমন-
কন্ডাক্টর: ভাড়া দেন।
আমি: ২০ টাকা, হাফ ভাড়া দিতে চাইলাম।
কন্ডাক্টর: ভাড়া ৩০ টাকা। কালকে তেলের দাম বাড়ছে, আর বাসের সবাই ৩০ টাকা করেই দিছে।
আমি: বাসের সবাই ১০০০ টাকা দিলে কি আমিও ১০০০ টাকা দিব নাকি? আর তেলের দাম বাড়ানো হইছে, ওটা জানি। কিন্তু সরকার যে ভাড়া বাড়াইছে, এই রকম কোনো নিউজ এখন পর্যন্ত আমি পাই নাই। সো, আপনি যদি আমাকে এমন কোনো নিউজ দেখাইতে পারেন, আমি আপনাকে ৩০ টাকা না, ৫০০ টাকা দিব।
কন্ডাক্টর: আমি আপনারে পরে দেখতাছি...
আমি: নামার সময় ২০ টাকা দিয়ে নেমে গেছি, কন্ডাক্টর আমাকে আর কিছু বলে নাই।
রায়হান নামে একজন লিখেছেন, বাদ ফজর ভিআইপি বাসে করে উত্তরা আসছিলাম। ভাড়া দিতে গিয়ে হেল্পার বলল, ৫০ টাকার পরিবর্তে ৬০ টাকা দিতে হবে। কারণ জিজ্ঞেস করলে বলল, তেলের দাম বেড়েছে, তাই ভাড়াও বাড়তি। সাধারণত ঢাকার পাবলিক বাসে চলাফেরা করেন আমাদের গরিব ও নিম্ন আয়ের মানুষ। হেল্পারের কথা শুনে বাসের মধ্যেই সবাই হৈ-হুল্লোড় শুরু করল।
রবিউল লিখেছেন, ‘উত্তরা বাস বলছে, যেখানেই যাবেন, ১০ টাকা ভাড়া বেশি দিতে হবে। এই দেশে জন্ম নেওয়াটাই যেন দোষ! দেশে শুধু সরকারি লোকদের বেতন বাড়ে, আর বেসরকারি কোম্পানিগুলো নাকে তেল দিয়ে ঘুমায়। এ দেশে মধ্যবিত্ত ও গরিবই মরে, আর বড়লোক ও সরকারি লোকজন—সব চোরের খনি।’