ছাগল নিয়ে থানায় বৃদ্ধা © টিডিসি ফটো
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নে একটি ছাগলছানাকে পিটিয়ে আহত করা এবং এর প্রতিবাদ করায় এক বৃদ্ধাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে।
এ ঘটনায় কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত প্রতিবেশী জসিম (৬০) একই গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার (৯ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের সিংদাহ গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগকারী মোছা. নবিরন নেছা (৬০) জানান, তার একটি ছোট ছাগলছানা অসাবধানতাবশত জসিমের বাড়ির গেটের সামনে চলে যায়। এ সময় জসিম লাঠি দিয়ে ছাগলছানাটির মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে ছাগলছানাটি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নবিরন নেছা ছাগলছানাটির অবস্থা দেখতে পান এবং ঘটনার কারণ জানতে চাইলে অভিযুক্ত ব্যক্তি তার সঙ্গে দুর্ব্যবহার করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আরো পড়ুন: দুই স্কুলছাত্রীর পর নিখোঁজ আরও দুই কিশোরী উদ্ধার, নেপথ্যের কারণ জানাল পুলিশ
একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জসিম তাকে মারধরের উদ্দেশ্যে তেড়ে আসেন। এ সময় নবিরন নেছার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে রক্ষা করেন। স্থানীয়দের উপস্থিতিতে মারধর করতে না পারলেও অভিযুক্ত ব্যক্তি প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগে দাবি করা হয়েছে।
ভুক্তভোগী নবিরন নেছা বলেন, ঘটনার পর থেকে আমি ও আমার পরিবারের সদস্যরা চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আমাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, লিখিত অভিযোগটি আমরা পেয়েছি। বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।