‘ব্রেকিং ব্যাড’ দেখে মাদক তৈরির ল্যাব বানালেন ভারতের ২ শিক্ষক 

২০ জুন ২০২৬, ০৮:৫১ PM
পুলিশের হাতে গ্রেফতার দুই শিক্ষক

পুলিশের হাতে গ্রেফতার দুই শিক্ষক © সংগৃহীত

জনপ্রিয় মার্কিন ড্রামা সিরিজ ‘ব্রেকিং ব্যাড’ (Breaking Bad)-এর মূল চরিত্র রসায়নের শিক্ষক ওয়াল্টার হোয়াইটের অপরাধ কাহিনি দেখে এবার ভারতের রাজস্থানে খোদ শিক্ষকেরাই গড়ে তুলেছিলেন এক গোপন মাদক ল্যাব। রাজস্থানের শ্রীগঙ্গানগর এলাকার একটি আবাসিক ফ্ল্যাটে রসায়ন ও পদার্থবিজ্ঞানের দুই শিক্ষক মিলে তৈরি করছিলেন কোটি কোটি টাকার সিনথেটিক ড্রাগ।

ভারতের কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রণ সংস্থা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো অভিযান চালিয়ে এই ভয়ংকর মাদক চক্রের সন্ধান পায়। ল্যাবটি থেকে প্রায় ৭৮০ গ্রাম উচ্চমানের সিনথেটিক ড্রাগ ‘মেফেড্রোন’ (যা অপরাধ জগতে ‘এমডি’ বা ‘মিয়াও মিয়াও’ নামে পরিচিত), বিপুল পরিমাণ রাসায়নিক উপাদান এবং ড্রাগ তৈরির অত্যাধুনিক বৈজ্ঞানিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের মধ্যে ৩৫ বছর বয়সি একজন একটি বেসরকারি স্কুলের রসায়নের শিক্ষক এবং ২৫ বছর বয়সি অন্যজন একটি সরকারি স্কুলের বিজ্ঞান ও পদার্থবিজ্ঞানের শিক্ষক। তারা দুজনে মিলে প্রায় দুই মাস আগে শ্রীগঙ্গানগরের ‘রিদ্ধি সিদ্ধি এনক্লেভ’ নামের একটি আবাসিক এলাকায় ফ্ল্যাটটি ভাড়া নেন। মূলত ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে বিশেষ রাসায়নিক ও বৈজ্ঞানিক সরঞ্জাম সংগ্রহ করে তারা এই ফ্ল্যাটটিকে একটি আধুনিক ল্যাবরেটরিতে রূপান্তর করেন।

এনসিবি কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে উঠে আসে এক চমকপ্রদ তথ্য। অভিযুক্তরা স্বীকার করেছেন যে, তারা জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ব্রেকিং ব্যাড’ দেখে ড্রাগ তৈরির এই নিখুঁত কৌশল ও ল্যাব স্থাপনের পরিকল্পনা সাজান। এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ এড়াতে তাঁরা সব ধরনের আগাম সতর্কতামূলক পদক্ষেপও নিয়েছিলেন। গ্রেপ্তার হওয়ার পর একজন আক্ষেপ করে তদন্তকারীদের বলেন, ‘আমরা সবকিছু এত নিখুঁতভাবে করতে চেয়েছিলাম যেন ‘ব্রেকিং ব্যাড’-এর ওয়াল্টার হোয়াইটের চেয়েও আমরা বেশি সফল হতে পারি!’

ঘটনাটি প্রকাশ্যে আসার পর ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র চাঞ্চল্য ও তোলপাড় সৃষ্টি হয়েছে। অনেকেই একে বাস্তবের ‘রিয়েল লাইফ ব্রেকিং ব্যাড’ বলে আখ্যা দিচ্ছেন। তবে ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এই ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক বলে বর্ণনা করেছেন।

ঢাবিতে মিরাজ শেখ নিখোঁজের ১৪০ দিন, ‘নতুন আয়নাঘর কোথায়’ প্রশ…
  • ২৮ আগস্ট ২০২৬
গাজীপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
  • ২৮ আগস্ট ২০২৬
৪৮ ঘণ্টার মধ্যে চারা উপড়ে ফেলা ব্যক্তিদের খুঁজে বের করার নি…
  • ২৮ আগস্ট ২০২৬
বিএনপি-জমিয়ত সম্পর্কে বাড়ছে দূরত্ব
  • ২৮ আগস্ট ২০২৬
ডুবন্ত শিশুকে বাঁচাতে নদীতে ঝাঁপ দুই জমজ বোনের, মারা গেলেন …
  • ২৮ আগস্ট ২০২৬
‘রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি’
  • ২৮ আগস্ট ২০২৬