পরীক্ষা ভারতের, কেন্দ্র পড়ল দুবাইয়ে!

২০ জুন ২০২৬, ০৫:৫৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ভারতের বহুল বিতর্কিত মেডিকেল কলেজে ভর্তিপরীক্ষা ‘রি-নিট ইউজি’ শুরুর ঠিক আগের দিন এক চরম বিভ্রান্তি ও গাফিলতির খবর সামনে এসেছে। দেশটির নাগপুরের এক পরীক্ষার্থীর পরীক্ষার কেন্দ্র হিসেবে দেশের কোনো শহরের পরিবর্তে নির্ধারণ করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিকে। আর তাতেই ফের আলোচনা-সমালোচনার ঝড় বইতে শুরু করে নেটদুনিয়ায়। আগামীকাল রবিবার (২১ জুন) দেশজুড়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। খবর এনডিটিভির 

ভুক্তভোগী ওই শিক্ষার্থীর নাম আবদুল্লাহ মোহাম্মদ তালিব। মহারাষ্ট্র রাজ্যের নাগপুরের বাসিন্দা আবদুল্লাহর এমনকি কোনো পাসপোর্টও নেই, যার ফলে তার পক্ষে পরীক্ষার জন্য জরুরি ভিত্তিতে বিদেশে পাড়ি দেওয়া কোনোভাবেই সম্ভব নয়।

আবদুল্লাহর পরিবার জানিয়েছে, অনলাইন আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার সময় আবদুল্লাহ তাঁর পরীক্ষার কেন্দ্রের পছন্দক্রম হিসেবে ভারতের নাগপুর, ওয়ার্ধা এবং ভান্ডারা শহরকে নির্বাচন করেছিলেন। কিন্তু গতকাল এনটিএ-র অফিশিয়াল ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পর তাঁরা দেখতে পান, আবদুল্লাহর পরীক্ষার কেন্দ্র পড়েছে আবুধাবির একটি ভারতীয় স্কুলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া প্রবেশপত্রের স্ক্রিনশটেও স্পষ্টাক্ষরে পরীক্ষাকেন্দ্র হিসেবে আবুধাবির ওই শিক্ষাপ্রতিষ্ঠানের নাম লেখা থাকতে দেখা যায়।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি-র সঙ্গে আলাপকালে শিক্ষার্থীর বাবা চিকিৎসক মোহাম্মদ তালিব ক্ষোভ ও হতাশা প্রকাশ করে বলেন, ‘আমরা পুরো ঘটনায় স্তব্ধ হয়ে পড়েছি। অ্যাডমিট কার্ডটি দেখার পর থেকে আমার ছেলে অনবরত কাঁদছে। সবচেয়ে বড় কথা হলো, ওর কোনো পাসপোর্টও নেই। ও কীভাবে পরীক্ষা দিতে এখন বিদেশে যাবে?’

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা শুরু হলে বিষয়টি ভারতের কেন্দ্রীয় পরীক্ষা নিয়ামক সংস্থা এনটিএ-র নজরে আসে। নিজেদের ভূল স্বীকার করে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, এটি মূলত একটি সফটওয়্যার বা কারিগরি ত্রুটির কারণে হয়েছে।

আজ শনিবার (২০ জুন) মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্সে এনডিটিভি-র একটি পোস্টের জবাবে এনটিএ জানিয়েছে, পরীক্ষার্থীর অভিযোগটি তারা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। যথাযথ যাচাইকরণের পর আগামী কয়েক ঘণ্টার মধ্যেই আবদুল্লাহর জন্য নাগপুরেই একটি নতুন পরীক্ষাকেন্দ্র বরাদ্দ করে সংশোধিত অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে। এনটিএ ব্যক্তিগতভাবে আবদুল্লাহর পরিবারকেও বিষয়টি নিয়ে আশ্বস্ত করেছে।

উল্লেখ্য, এর আগে প্রশ্ন ফাঁস নিয়ে তীব্র বিতর্কের পর পুনরায় অনুষ্ঠিত হতে যাওয়া রি-নিট ইউজি পরীক্ষাটি আগামীকাল ২১ জুন পেন-অ্যান্ড-পেপার (অফলাইন) মোডে অনুষ্ঠিত হবে। ভারতীয় সময় দুপুর ২টা থেকে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত এই পরীক্ষা চলার কথা রয়েছে। এনটিএ-র পক্ষ থেকে পরীক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য, ছবি বা পরীক্ষাকেন্দ্র নিয়ে যেকোনো ধরনের অসঙ্গতি দেখা দিলে তা অবিলম্বে কর্তৃপক্ষের হেল্পলাইনে যোগাযোগ করে সংশোধনের জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের হয়রানির এমন গাফিলতির ঘটনা ভারতে এবারই প্রথম নয়। তবে পরীক্ষা শুরুর মাত্র ২৪ ঘণ্টা আগে পাসপোর্টহীন একজন সাধারণ শিক্ষার্থীর কেন্দ্র সম্পূর্ণ ভিন্ন একটি দেশে নির্ধারণ করার মতো ঘটনা ভারতের জাতীয় স্তরের পরীক্ষার বিশ্বাসযোগ্যতা ও প্রযুক্তিগত ব্যবস্থাপনাকে আবারও বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।

বিছানায় মাথা ঠেকানোর ৮ সেকেন্ডের মধ্যে ঘুমিয়ে পড়েন নরেন্দ্…
  • ০৫ আগস্ট ২০২৬
নেইমারকে ‘জোকার’ বললেন রেমোর সভাপতি
  • ০৫ আগস্ট ২০২৬
শেরপুর জেল ভাঙার দুই বছর: এখনো অধরা ৩৪৬ কয়েদি, উদ্ধার হয়নি …
  • ০৫ আগস্ট ২০২৬
সাঈদীর ছবিতে ‘ভুলে’ জুতা মেরে আক্ষেপে ভুগছেন ছাত্রদল নেতা, …
  • ০৫ আগস্ট ২০২৬
যবিপ্রবিতে নানা আয়োজনে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত
  • ০৫ আগস্ট ২০২৬
৬০ বছর বয়সে এসেও যেভাবে ১৬ কেজি ওজন কমালেন সালমান খান
  • ০৫ আগস্ট ২০২৬