রাত পেরিয়ে সকালেও সম্ভব হয়নি জাকসু নির্বাচনের ফল ঘোষণা, বাড়ছে অপেক্ষা

১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২০ AM
রাত পেরিয়ে সকালেও সম্ভব হয়নি জাকসু নির্বাচনের ফল ঘোষণা

রাত পেরিয়ে সকালেও সম্ভব হয়নি জাকসু নির্বাচনের ফল ঘোষণা © টিডিসি সম্পাদিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ফলাফল রাত পেরিয়ে সকালেও ঘোষণা করা সম্ভব হয়নি। হল সংসদের ভোট হাতে গণনা শেষ করার পর চলছে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা। ফল ঘোষণার অপেক্ষা বাড়ছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও প্রার্থীরা।

এর আগে নির্বাচন কমিশনের সঙ্গে জরুরি বৈঠক করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ কামরুল আহসান। সিদ্ধান্ত হয়, জনবল বাড়িয়ে রাতের মধ্যেই ফলাফল ঘোষণার। কিন্তু রাত পেরিয়ে সকাল হলেও গণনা শেষ হয়নি।

এদিকে, অনিয়মের অভিযোগ এনে পদত্যাগ করেছেন নির্বাচন কমিশনের এক সদস্য অধ্যাপক মাফরুহী সাত্তার। তিনি ফার্মেসি বিভাগের অধ্যাপক ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম জাবি শাখার সভাপতি। তিনি বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি, বিভিন্ন অনিয়ম হয়েছে। অনেক অভিযোগ উঠেছে। আমাকে বিভিন্নভাবে চাপ দেয়া হয়েছে যাতে আমি পদত্যাগ না করি। গতকাল থেকেই আমার ওপর চাপ ছিল, তবুও আমি পদত্যাগ করছি। এখন পদত্যাগ না করলে পরে যদি অনিয়মের কথা বলি, তখন প্রশ্ন উঠবে কেন পদত্যাগ করিনি।

তবে ইসলামী ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের এজিএস প্রার্থী ফেরদৌস আল হাসান তার এ সিদ্ধান্তের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তিনি বলেন, জাকসু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই নির্বাচন কমিশনের এক সদস্য পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয় রাত ১০টায়। আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা পর্যন্ত কেন্দ্রীয় সংসদের ফলাফল ঘোষণা করতে পারেনি প্রশাসন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) প্রযুক্তি বাতিল করে ম্যানুয়াল গণনায় ফিরে যাওয়ার কারণে সময় বেশি লাগছে।

এদিকে হল সংসদের ভোট গণনা শেষ হলেও কেন্দ্রীয় ফলাফল নিয়ে রয়েছে অনিশ্চয়তা। এতে প্রার্থীদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে।

শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী মাজহারুল ইসলাম অভিযোগ করেন, ‘বিএনপিপন্থী কিছু শিক্ষক কৃত্রিমভাবে ফলাফল বিলম্ব করছেন।’ তিনি আরও জানান, ‘রাতের মধ্যেই ফলাফল প্রকাশ না হলে আমরা কঠোর কর্মসূচিতে যাব।’ একই সুরে কথা বলেন ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ প্যানেলের ভিপি প্রার্থী আব্দুর রশিদ জিতু। তার অভিযোগ, ‘শিক্ষকদের একটি অংশ ইচ্ছাকৃতভাবে ভোট গণনায় দেরি করছেন যেন নির্বাচন স্থগিত হয়।’

রিটার্নিং কর্মকর্তা সুলতানা আক্তার নিজেও গণনা প্রক্রিয়ার ধীরগতিতে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘এই গতিতে চললে আগামী তিন দিনেও ফলাফল ঘোষণা করা যাবে না।’

ছাত্রদলের চাপে ওএমআর মেশিন বাতিল করায় পুরো নির্বাচনী প্রক্রিয়া অকার্যকর হয়ে পড়েছে বলে অভিযোগ তুলেছে শিবির-সমর্থিত প্রার্থীরা। অন্যদিকে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর প্যানেল ও ছাত্রদল নির্বাচনের বিভিন্ন অনিয়ম তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। এছাড়া বিএনপিপন্থি কয়েকজন শিক্ষকও নির্বাচন বর্জন করেন।

বর্তমানে সিনেট ভবনের সামনে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। তাদের দাবি, ‘মেশিনে ভোট গণনা চালু করে দ্রুত ফলাফল ঘোষণা করতে হবে।’পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, সে জন্য পুরো ক্যাম্পাসে আইনশৃঙ্খলা বাহিনীর এক হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. জাকির আহমেদ জানান, ‘সিনেট ভবনসহ পুরো ক্যাম্পাসে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।’

এবারের জাকসু নির্বাচনে ১১ হাজার ৭৫৯ জন ভোটারের মধ্যে প্রায় ৬৮ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৭৭ জন প্রার্থী। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৮ জন এবং যুগ্ম সম্পাদক (এজিএস) পদে ১৬ জন প্রার্থী রয়েছেন। নারী প্রার্থীর সংখ্যা ৬।

নির্বাচনে অংশ নিয়েছে মোট আটটি পূর্ণ ও আংশিক প্যানেল। তবে ভোট গ্রহণ শুরুর পর কারচুপির অভিযোগ তুলে ছাত্রদল সমর্থিত প্যানেলসহ পাঁচটি প্যানেল নির্বাচন বর্জন করে। বর্জনকারীদের মধ্যে রয়েছে প্রগতিশীল শিক্ষার্থীদের সম্প্রীতির ঐক্য, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্টের 'সংশপ্তক পর্ষদ', এবং স্বতন্ত্রদের ‘অঙ্গীকার পরিষদ’। এছাড়া ছাত্র ফ্রন্টের একটি বিভাজিত অংশ এবং কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও ভোটগ্রহণ বর্জনের ঘোষণা দেয়।

এবারের নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে ১১ হাজার ৮৯৭ জন শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ছাত্র ৬ হাজার ১১৫ জন এবং ছাত্রী ৫ হাজার ৭২৮ জন। ভোটগ্রহণের জন্য ২১টি কেন্দ্রে ২২৪টি বুথ স্থাপন করা হয়েছে।

ছাত্রদের হলভিত্তিক ভোটার সংখ্যা হলো—আল বেরুনী হলে ২১০ জন, আ ফ ম কামালউদ্দিন হলে ৩৩৩ জন, মীর মশাররফ হোসেন হলে ৪৬৪ জন, শহীদ সালাম-বরকত হলে ২৯৮ জন, মওলানা ভাসানী হলে ৫১৪ জন, শহীদ রফিক-জব্বার হলে ৬৫০ জন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে ৩৫০ জন, ২১ নম্বর ছাত্র হলে ৭৩৫ জন, জাতীয় কবি নজরুল হলে ৯৯২ জন এবং তাজউদ্দীন আহমদ হলে ৯৪৭ জন।

ছাত্রীদের হলভিত্তিক ভোটার সংখ্যা হলো—নওয়াব ফয়জুন্নেসা হলে ২৭৯ জন, জাহানারা ইমাম হলে ৩৬৭ জন, প্রীতিলতা হলে ৩৯৬ জন, বেগম খালেদা জিয়া হলে ৪০৩ জন, সুফিয়া কামাল হলে ৪৫৬ জন, ১৩ নম্বর ছাত্রী হলে ৫১৯ জন, ১৫ নম্বর ছাত্রী হলে ৫৭১ জন, রোকেয়া হলে ৯৫৬ জন, ফজিলাতুন্নেছা হলে ৭৯৮ জন এবং তারামন বিবি হলে ৯৮৩ জন।

 

ছাত্রদলের বিক্ষোভের পরপরই জামায়াতের পাল্টা বিক্ষোভ
  • ০৩ জুলাই ২০২৬
ভ্যাট হ্রাসসহ সরকারের শিক্ষা-বান্ধব উদ্যোগকে স্বাগত জানিয়ে…
  • ০৩ জুলাই ২০২৬
ব্যবসার নামে সাড়ে ১৪ কোটি টাকা আত্মসাৎ, ট্রাস্ট গোল্ড অ্যান…
  • ০৩ জুলাই ২০২৬
অবশেষে খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে তেহরানে সৌদির প্রতিনিধ…
  • ০৩ জুলাই ২০২৬
রণক্ষেত্র থেকে ডিবির টর্চার সেল: ছাত্রদল নেতার জুলাই ডায়েরি
  • ০৩ জুলাই ২০২৬
৪ মাস পর খামেনি হত্যার নিন্দা জানাল বাংলাদেশ
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence