খাবারের প্রতি আকর্ষণ © সংগৃহীত
খাওয়ার পর পেট ভরা। অথচ কিছুক্ষণ পরই আবার চকলেট, মিষ্টি কিংবা মুখরোচক খাবার খেতে ইচ্ছে করছে। কখনও কাজের চাপ, কখনও মন খারাপ, আবার কখনও পিরিয়ডের আগের কয়েকটি দিন—খাবারের প্রতি আকর্ষণ যেন বেড়েই চলে। অনেক মহিলার কাছেই এই অভিজ্ঞতা পরিচিত। কিন্তু এমনটা কেন হয়? শুধুই কি খাবারের প্রতি আকর্ষণ, নাকি শরীরের ভিতরে চলতে থাকা হরমোনের পরিবর্তন এবং মানসিক অবস্থারও কোনও ইঙ্গিত?
চিকিৎসাবিজ্ঞান ও গবেষণা বলছে, খাবারের প্রতি আকর্ষণ এবং খাওয়ার পরিমাণ নির্ধারণে একাধিক বিষয় কাজ করে। মাসিক চক্রের পরিবর্তন, মানসিক চাপ, ঘুমের সমস্যা এবং খাদ্যাভ্যাস সবকিছুরই প্রভাব পড়তে পারে। তবে সব মহিলার ক্ষেত্রে একই ধরনের পরিবর্তন দেখা যায় না।
পিরিয়ডের আগে কেন বাড়ে খাবারের প্রতি আকর্ষণ?
মাসিক চক্রের বিভিন্ন পর্যায়ে শরীরে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোনের মাত্রা পরিবর্তিত হয়। এই পরিবর্তনের সঙ্গে কিছু মহিলার খিদে এবং খাবারের পছন্দেও পার্থক্য দেখা যায়।
গতবছর নিউট্রিশন রিভিউস জার্নালে প্রকাশিত একটি পদ্ধতিগত পর্যালোচনা ও মেটা-অ্যানালিসিসে ১৫টি গবেষণার ৩৩০ জন অংশগ্রহণকারীর তথ্য বিশ্লেষণ করা হয়। তাতে দেখা যায়, মাসিক চক্রের লুটিয়াল পর্যায়ে (পরবর্তী পিরিয়ড শুরুর আগের পর্যায়) ফলিকুলার পর্যায়ের তুলনায় দৈনিক গড়ে প্রায় ১৬৮ কিলোক্যালরি বেশি খাবার গ্রহণের প্রবণতা ছিল।
তবে গবেষকেরা জানিয়েছেন, অন্তর্ভুক্ত গবেষণাগুলির পদ্ধতিগত সীমাবদ্ধতা রয়েছে। তাই এই ফলাফল প্রত্যেক মহিলার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য, এমনটা বলা যায় না।
আমেরিকান কলেজ অব অবস্টেট্রিশিয়ানস অ্যান্ড গাইনোকোলজিস্টস (এসিওজি)-এর তথ্য অনুযায়ী, প্রি-মেনস্ট্রুয়াল সিনড্রোম বা পিএমেএস-এর পরিচিত উপসর্গগুলির মধ্যে রয়েছে খিদে ও খাবারের প্রতি আকর্ষণের পরিবর্তন। কারও মিষ্টি খেতে ইচ্ছে করে, কারও আবার সাধারণের তুলনায় বেশি খিদে পায়।
মানসিক চাপ কি খাবারের প্রতি আকর্ষণ বাড়ায়?
খাবার শুধু শরীরের শক্তির চাহিদা পূরণ করে না, অনেক সময় মানসিক স্বস্তিরও মাধ্যম হয়ে ওঠে। অফিসের চাপ, পারিবারিক সমস্যা, একাকিত্ব কিংবা হতাশার সময়ে কেউ কেউ খাবারের মধ্যে সাময়িক আনন্দ খুঁজে পান।
এই প্রবণতাকে বলা হয় আবেগনির্ভর খাওয়ার অভ্যাস। অর্থাৎ শারীরিক খিদে না থাকলেও দুঃখ, উদ্বেগ, বিরক্তি কিংবা একঘেয়েমি থেকে খাবার খেতে ইচ্ছে করা।
সম্প্রতি প্রকাশিত হাভার্ড হেলথ-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘস্থায়ী মানসিক চাপের সঙ্গে কর্টিসল হরমোনের সম্পর্ক রয়েছে। চাপের প্রতিক্রিয়ায় শরীরে কর্টিসল তৈরি হয় এবং দীর্ঘদিন চাপের মধ্যে থাকলে এই হরমোনের প্রভাব খিদে ও খাবারের প্রতি আকর্ষণ বাড়াতে পারে।
বিশেষ করে মিষ্টি বা বেশি ক্যালরিযুক্ত খাবারের প্রতি আকর্ষণ তৈরি হতে পারে। তবে সব ক্ষেত্রে মানসিক চাপের প্রতিক্রিয়া একরকম হয় না। কারও খিদে বেড়ে যায়, আবার কারও খাবার খাওয়ার ইচ্ছেই কমে যায়।
খাবার কি কখনও মানসিক স্বস্তির বিকল্প হয়ে ওঠে?
মন খারাপ হলে পছন্দের খাবার খাওয়া, বিরক্তি কাটাতে বারবার স্ন্যাকস খোঁজা কিংবা দিনের শেষে মিষ্টি খেয়ে নিজেকে ভালো রাখার চেষ্টা এসব অভ্যাসের সঙ্গে আবেগের সম্পর্ক থাকতে পারে।বিশেষজ্ঞদের মতে, কোনও খাবার খেয়ে সাময়িক ভালো লাগলে মস্তিষ্ক সেই অভিজ্ঞতাকে মনে রাখে। পরবর্তী সময়ে একই ধরনের মানসিক পরিস্থিতিতে আবার সেই খাবারের প্রতি আকর্ষণ তৈরি হতে পারে। ফলে ধীরে ধীরে খাবার হয়ে উঠতে পারে মানসিক চাপ সামলানোর একটি অভ্যাসগত উপায়। সমস্যা দেখা দেয় যখন প্রায় প্রতিটি মন খারাপের মুহূর্তেই খাবারের উপর নির্ভরতা তৈরি হয়।
কঠোর ডায়েটও কি অতিরিক্ত খাওয়ার কারণ
ওজন কমানোর জন্য অনেকেই দীর্ঘক্ষণ না খেয়ে থাকেন, খাবারের পরিমাণ অত্যন্ত কমিয়ে দেন কিংবা পছন্দের কিছু খাবার একেবারে বাদ দিয়ে দেন। কিন্তু এ ধরনের কঠোর খাদ্যনিয়ন্ত্রণ সব সময় উপকারী হয় না।
আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ডায়াবেটিস অ্যান্ড ডাইজেস্টিভ অ্যান্ড কিডনি ডিজিজেস (এনআইডিডি)-এর তথ্য অনুযায়ী, দীর্ঘক্ষণ খাবার এড়িয়ে চলা, পর্যাপ্ত খাবার না খাওয়া কিংবা নির্দিষ্ট কিছু খাবার পুরোপুরি বাদ দেওয়ার মতো অস্বাস্থ্যকর ডায়েটিংয়ের অভ্যাস কিছু মানুষের ক্ষেত্রে অতিরিক্ত খাওয়ার সমস্যা বাড়াতে পারে।
এক্ষেত্রে একটি চক্র তৈরি হতে পারে। প্রথমে ওজন কমানোর জন্য খাবার কমানো, তার পর তীব্র খিদে বা খাবারের প্রতি আকর্ষণ বেড়ে যাওয়া, অতিরিক্ত খেয়ে ফেলা এবং শেষে অপরাধবোধে ভোগা। এই পরিস্থিতি সামলাতে আরও কঠোর ডায়েট শুরু করলে সমস্যা আবার ফিরে আসতে পারে।
কখন সাধারণ অতিরিক্ত খাওয়া হয়ে উঠতে পারে সমস্যা
মাঝেমধ্যে প্রয়োজনের তুলনায় বেশি খেয়ে ফেলা মানেই কোনও অসুস্থতা নয়। তবে কিছু লক্ষণ অবহেলা করা উচিত নয়। ক্ষুধা না থাকলেও অনেকটা খাবার খেয়ে ফেলা, খুব দ্রুত খাবার খাওয়া, অস্বস্তিকরভাবে পেট ভরে যাওয়ার পরও খেতে থাকা, অন্যের সামনে খেতে অস্বস্তি হওয়ায় একা খাওয়া, অতিরিক্ত খাওয়ার পর অপরাধবোধ, হতাশা বা মানসিক অস্বস্তি। এ ধরনের সমস্যা বারবার হলে চিকিৎসক বা খাদ্যাভ্যাসজনিত সমস্যায় অভিজ্ঞ মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।
খাবারের প্রতি বাড়তি আকর্ষণ সামলানোর উপায়
খাবারের প্রতি আকর্ষণ কমানোর জন্য নিজেকে শাস্তি দেওয়া বা পছন্দের খাবার পুরোপুরি বন্ধ করে দেওয়া প্রয়োজন নেই। বরং কয়েকটি অভ্যাস কাজে আসতে পারে।
নিয়মিত খাবার খান: দীর্ঘক্ষণ না খেয়ে থাকবেন না। নিজের প্রতিদিন রুটিন অনুযায়ী নিয়মিত খাবার ও প্রয়োজনমতো স্বাস্থ্যকর স্ন্যাকস রাখুন।
খাবারে পুষ্টির ভারসাম্য রাখুন: প্রোটিন, ফাইবার, শাকসবজি, ফল এবং সম্পূর্ণ শস্যজাতীয় খাবার খাদ্যতালিকায় রাখুন।
খিদে ও আবেগের পার্থক্য বুঝুন: কখন খেতে ইচ্ছে করছে এবং তার আগে আপনার মানসিক অবস্থা কেমন ছিল, তা খেয়াল করুন। প্রয়োজনে খাবার ও মুডের একটি ডায়েরি রাখতে পারেন।
ঘুম ও বিশ্রামকে গুরুত্ব দিন: পর্যাপ্ত ঘুমের অভাব খিদে ও খাবারের প্রতি আকর্ষণ সামলানো কঠিন করে তুলতে পারে।
মানসিক চাপ কমানোর চেষ্টা করুন: হাঁটাহাঁটি, ধ্যান, যোগব্যায়াম, গান শোনা কিংবা প্রিয়জনের সঙ্গে সময় কাটানো মানসিক স্বস্তি দিতে পারে।
অপরাধবোধে ভুগবেন না: একদিন বেশি খেয়ে ফেললেই পরের দিন না খেয়ে থাকা বা অতিরিক্ত ব্যায়াম করে তা পুষিয়ে নেওয়ার চেষ্টা করবেন না।