শ্বাসনালিতে খাবার আটকে গেলে যা করবেন © সংগৃহীত
খাবার খেতে গিয়ে হঠাৎ শ্বাসনালিতে খাবার আটকে যাওয়ার ঘটনা যেকোনো বয়সী মানুষের ক্ষেত্রেই ঘটতে পারে। বিশেষ করে বিয়ে বাড়ি কিংবা বিভিন্ন আনন্দ-উৎসবে গল্প, হাসি-ঠাট্টা করতে করতে খাবার খাওয়ার সময় এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। শিশুদের ক্ষেত্রেও লিচুর মতো গোলাকার ফল মুখে নিয়ে কথা বলা বা খেলাধুলার সময় হঠাৎ শ্বাসনালিতে আটকে যেতে পারে। সময়মতো সঠিক পদক্ষেপ নিতে না পারলে এমন ঘটনা প্রাণঘাতী হয়ে উঠতে পারে।
শ্বাসনালিতে খাবার আটকে গেলে তাৎক্ষণিক কী করতে হবে, শিশু ও প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসার পদ্ধতি কী এসব বিষয়ে পরামর্শ দিয়েছেন কার্ডিওলজি ও ইমার্জেন্সি মেডিসিন বিশেষজ্ঞ ডা. এ জেড এম আহসান উল্লাহ।
গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এই চিকিৎসক বলেন, খাবার খাওয়ার সময় কথা বলা উচিত নয়। কারণ, আমাদের গলায় এপিগ্লটিস নামে একটি অংশ রয়েছে, যা অনেকটা ট্রাফিক সিগন্যালের মতো কাজ করে। খাবার খাওয়ার সময় এটি শ্বাসনালি বন্ধ রাখে, যাতে খাবার শ্বাসনালিতে প্রবেশ করতে না পারে। আবার শ্বাস নেওয়ার সময় খাবার যাওয়ার পথ বন্ধ রাখে। কিন্তু একই সঙ্গে খাওয়া ও কথা বলার কারণে এই স্বাভাবিক প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটতে পারে। ফলে খাবার শ্বাসনালিতে ঢুকে যাওয়ার আশঙ্কা থাকে।
এ ছাড়া খাওয়ার সময় অন্যমনস্ক থাকলেও এমন ঘটনা ঘটতে পারে। বিশেষ করে মাংসের বড় টুকরা দ্রুত গিলে ফেলা কিংবা শিশুদের মুখে লিচুর মতো গোলাকার ফল রেখে কথা বলা ও খেলাধুলার সময় খাবার শ্বাসনালিতে আটকে যেতে পারে।
‘চোকিং’ দুই ধরনের
ডা. এ জেড এম আহসান উল্লাহ বলেন, শ্বাসনালিতে খাবার আটকে যাওয়ার ঘটনাকে চিকিৎসাবিজ্ঞানে চোকিং বলা হয়। এটি দুই ধরনের হতে পারে—পার্শিয়াল চোকিং ও কমপ্লিট চোকিং।
পার্শিয়াল চোকিংয়ের ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তি সাধারণত কাশতে পারেন। শরীরের স্বাভাবিক প্রতিক্রিয়ার মাধ্যমে অনেক সময় শ্বাসনালিতে আটকে থাকা খাবার বেরিয়ে আসে। এ ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তিকে কাশতে নিষেধ করা উচিত নয়; বরং কাশতে উৎসাহিত করতে হবে। কারণ, কাশির মাধ্যমে আটকে থাকা খাবার বেরিয়ে আসতে পারে।
অন্যদিকে কমপ্লিট চোকিং হলে আক্রান্ত ব্যক্তি কথা বলতে বা শ্বাস নিতে পারেন না। এটি চোকিংয়ের সবচেয়ে বিপজ্জনক অবস্থা। এ সময় দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।
ছোট শিশুর ক্ষেত্রে যা করবেন
ছোট শিশুদের শ্বাসনালিতে খাবার আটকে গেলে প্রাথমিক চিকিৎসার পদ্ধতি আলাদা। এই বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী, শিশুকে এমনভাবে উপুড় করে রাখতে হবে, যাতে তার মাথা শরীরের তুলনায় নিচের দিকে থাকে। এরপর এক হাত দিয়ে শিশুকে নিরাপদে ধরে অন্য হাতের তালু দিয়ে পিঠের দুই কাঁধের মাঝখানে পাঁচবার আঘাত করতে হবে। একে ব্যাক স্ল্যাপ বা ব্যাক ব্লো বলা হয়।

এতে খাবার বের না হলে শিশুকে উল্টে চিৎ করে ধরে বুকের মাঝখানে দুই আঙুল দিয়ে পাঁচবার চাপ দিতে হবে। অর্থাৎ পাঁচবার ব্যাক স্ল্যাপ ও পাঁচবার বুকের চাপ দেওয়ার পদ্ধতি অনুসরণ করতে হবে। এতে করে খাবার বের হওয়ার সম্ভাবনা আছে।
বড় শিশু ও প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে হেমলিখ ম্যানুভার
বড় শিশু ও প্রাপ্তবয়স্কদের শ্বাসনালিতে খাবার আটকে গেলে হেমলিখ ম্যানুভার প্রয়োগের কথা বলেন এই চিকিৎসক।
এ পদ্ধতিতে আক্রান্ত ব্যক্তির পেছনে দাঁড়াতে হবে। এরপর তার নাভির সামান্য ওপরের অংশে এক হাতের মুষ্টি রেখে অন্য হাত দিয়ে সেটি ধরে ভেতরের দিকে ও ওপরের দিকে চাপ দিতে হবে। খাবারের টুকরাটি বেরিয়ে না আসা পর্যন্ত এভাবে চাপ দিতে হয়।

ডা. আহসান উল্লাহর মতে, এভাবে চাপ দেওয়ার ফলে পেটের ভেতরের বাতাস ডায়াফ্রাম ও ফুসফুসে চাপ সৃষ্টি করে। সেই চাপের মাধ্যমে শ্বাসনালিতে আটকে থাকা খাবার বাইরে বেরিয়ে আসতে পারে। পাঁচ বছর বয়সী শিশুসহ বড় শিশুদের ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী এ পদ্ধতি প্রয়োগ করা যায়। ছোট শিশুদের ক্ষেত্রে অবশ্য আলাদা পদ্ধতি অনুসরণ করতে হবে।
অচেতন হয়ে পড়লে করণীয়
হেমলিখ ম্যানুভার প্রয়োগের পরও খাবার বের না হলে আক্রান্ত ব্যক্তি অচেতন হয়ে পড়ে যেতে পারেন। এমন পরিস্থিতিতে সিপিআরের প্রাথমিক পদ্ধতি অনুসরণ করতে হয়। এ ক্ষেত্রে বুকের চাপ ও শ্বাস দেওয়ার পদ্ধতি অনুসরণ করতে হবে। শ্বাস দেওয়ার সময় মুখের ভেতরে আটকে থাকা খাবার বা বস্তু দেখা গেলে তা সরিয়ে দিতে হবে। এরপর ৩০টি বুকের চাপ ও দুটি শ্বাস দেওয়ার পদ্ধতি চালিয়ে যেতে হবে।
চিকিৎসকের মতে, চোকিংয়ের ঘটনা ঘটলে হাসপাতালে নেওয়ার জন্য অপেক্ষা না করে তাৎক্ষণিক এ ব্যবস্থা নেওয়া জরুরি। পাশাপাশি হাসপাতালে যোগাযোগ করতে হবে, যাতে জরুরি চিকিৎসাসেবা পাওয়া যায়।
তিনি বলেন, বিয়ে বাড়ি বা বিভিন্ন অনুষ্ঠানে অনেক মানুষ একসঙ্গে খাবার খান। সেখানে কারও শ্বাসনালিতে খাবার আটকে গেলে আশপাশের কেউ হেমলিখ ম্যানুভার জানলে তার জীবন বাঁচানো সম্ভব হতে পারে। কারণ, এ ধরনের পরিস্থিতিতে হাসপাতালে নেওয়ার আগেই বড় বিপদ ঘটে যেতে পারে। তাই প্রাথমিক চিকিৎসার এই পদ্ধতিগুলো জানা সবার জন্য গুরুত্বপূর্ণ।