ছাদবাগান। © সংগৃহীত
ছাদ বা বারান্দায় অন্তত ৫০টি গাছ থাকলেই ছাদবাগান প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন নগরবাসী। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৫ বছর পূর্তি উপলক্ষে ‘ছাদ ও বারান্দা সবুজ চ্যালেঞ্জ ২০২৬’ শীর্ষক এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় অংশ নিতে আগামী ২৯ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে। এতে অংশগ্রহণের জন্য কোনো আবেদন ফি লাগবে না।
নগরীর পরিবেশ উন্নয়ন, সবুজায়ন বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু সহনশীল নগর গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নিয়েছে ডিএনসিসি। নগরবাসীকে নিজ বাসা, ভবন ও প্রতিষ্ঠানের ছাদে বাগান তৈরিতে উৎসাহিত করা এবং সবুজায়ন কার্যক্রমে নাগরিকদের অংশগ্রহণ বাড়ানো এ আয়োজনের মূল উদ্দেশ্য।
ডিএনসিসির গণবিজ্ঞপ্তি অনুযায়ী, সংস্থাটির আওতাধীন এলাকার আগ্রহী নাগরিক, বাড়ির মালিক, ভাড়াটিয়া, আবাসিক ভবন, আবাসন সমিতি ও বিভিন্ন প্রতিষ্ঠান এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণের শর্ত
১. বাগানটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় অবস্থিত হতে হবে।
২. নিজস্ব বাড়ি, ভাড়া বাসা, আবাসিক ভবন কিংবা প্রতিষ্ঠানের ছাদ বা বারান্দায় থাকা বাগান প্রতিযোগিতার জন্য বিবেচিত হবে। ভাড়াটিয়া বা ব্যবহারকারীর ক্ষেত্রে ভবনমালিকের অনুমতি থাকতে হবে।
৩. ছাদের অন্তত ৭০ শতাংশ জায়গাজুড়ে বাগান থাকতে হবে।
৪. বাগানে ফুল, ফল, শাকসবজি, ঔষধি, শোভাবর্ধনকারী ও দেশীয় প্রজাতির গাছের সমন্বয় থাকতে হবে। গাছের সংখ্যা হতে হবে কমপক্ষে ৫০টি।
৫. বাগানের নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে।
৬. পরিবেশবান্ধব উপায়ে পানির ব্যবহার, জৈব সার ও কম্পোস্ট ব্যবস্থাপনা এবং নিরাপদ পদ্ধতিতে গাছের পরিচর্যাকে অগ্রাধিকার দেওয়া হবে।
৭. জমা দেওয়া ছবি ও ভিডিও অবশ্যই আবেদনকারীর নিজস্ব বাগানের হতে হবে। অন্যের ছবি বা ভিডিও কিংবা বিভ্রান্তিকর পুরোনো ছবি গ্রহণযোগ্য হবে না।
৮. একটি ভবনের একটি হোল্ডিং নম্বরের বিপরীতে কেবল একটি আবেদন করা যাবে।
৯. প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কোনো আবেদন ফি লাগবে না।
ছবি ও ভিডিও জমা দেওয়ার নিয়ম
আবেদনের সঙ্গে বাগানের বর্তমান অবস্থার ছবি ও ভিডিও জমা দিতে হবে। এ ক্ষেত্রে—
- বাগানের সামগ্রিক দৃশ্য ও বিভিন্ন অংশের ছবি দিতে হবে।
- বাগানে থাকা ফুল, ফল, শাকসবজি, ঔষধি, দেশীয় ও শোভাবর্ধনকারী গাছের প্রজাতির নাম এবং মোট সংখ্যা উল্লেখ করতে হবে।
- প্রতিটি বাগানের কমপক্ষে ৮টি এবং সর্বোচ্চ ১৫টি সাম্প্রতিক ছবি জমা দিতে হবে।
- ভিডিওর দৈর্ঘ্য হতে হবে ২ থেকে ৩ মিনিট।
- ভিডিওতে অংশগ্রহণকারী নিজে অথবা তাঁর মনোনীত ব্যক্তি বাগানটি ঘুরে দেখিয়ে গাছের পরিচিতি, প্রজাতি, সংখ্যা, পরিচর্যা ও বিশেষ বৈশিষ্ট্য তুলে ধরতে পারবেন।
আগ্রহীদের নির্ধারিত আবেদন ফরমে (https://forms.gle/CR6t5UUGOPPdaUHq9) প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য, ছবি ও ভিডিও জমা দিতে হবে। আবেদনের শেষ তারিখ ২৯ নভেম্বর ২০২৬।