পাবনায় অবৈধভাবে ৪৮ বস্তা সার মজুতের অভিযোগে ২ ডিলারকে জরিমানা

২৫ নভেম্বর ২০২৬, ০৮:২৭ AM , আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ AM
সরকারি সার অবৈধভাবে মজুত রাখার অভিযোগে ডিলারদের জরিমানা করছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট তামারা তাসবিহা।

সরকারি সার অবৈধভাবে মজুত রাখার অভিযোগে ডিলারদের জরিমানা করছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট তামারা তাসবিহা। © সংগৃহীত

পাবনায় কৃষকদের জন্য বরাদ্দ করা সরকারি সার অবৈধভাবে মজুত রাখার অভিযোগে এক ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি গুদাম থেকে ৪০ বস্তা টিএসপি সার জব্দ করে উপজেলা কৃষি বিভাগ। একই দিন সার বিতরণের রেজিস্টার যথাযথভাবে সংরক্ষণ না করায় আরেক ডিলারকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে পাবনা শহরের জুবিলী ট্যাংক এলাকা ও সদর উপজেলার পুষ্পপাড়া বাজারে এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামারা তাসবিহা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের দুবলিয়া বাজারের বিসিআইসি ডিলার প্রতিষ্ঠান আরকে ট্রেডার্সের মাধ্যমে কৃষকদের জন্য বরাদ্দ করা সরকারি সার শহরের একটি গোপন গুদামে মজুত রাখা হয়েছিল। কৃষকদের মধ্যে বিতরণ না করে এসব সার কালোবাজারে বিক্রির চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ পাওয়া যায়।

গোপন সংবাদের ভিত্তিতে শহরের গনি বিহারীর মিলের সামনের একটি গুদামে অভিযান চালিয়ে ৪০ বস্তা টিএসপি সার জব্দ করা হয়। পরে জব্দ করা সার কৃষকদের মধ্যে বিতরণের নির্দেশ দেওয়া হয়। এ ঘটনায় আরকে ট্রেডার্সের স্বত্বাধিকারী কাদের বিশ্বাসকে ৪০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

অন্যদিকে, সদর উপজেলার পুষ্পপাড়া বাজারে অভিযান চালিয়ে সার বিতরণের রেজিস্টার যথাযথভাবে সংরক্ষণ না করার অভিযোগে হিরোক ট্রেডার্সকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে স্থানীয় কৃষকদের অভিযোগ, আরকে ট্রেডার্সের মালিক কাদের বিশ্বাসের ব্যবস্থাপক কামরুল ইসলাম দীর্ঘদিন ধরে বরাদ্দ করা সারের একটি বড় অংশ কৃষকদের মধ্যে বিতরণ না করে বিভিন্ন দোকানির কাছে বেশি দামে বিক্রি করে আসছেন। সন্ধ্যার পর চুক্তিবদ্ধ দোকানিদের ফোন করে ডেকে এনে এসব সার বিক্রি করা হয়। বরাদ্দের দিন সার বিতরণেও ধীরগতি ও সময়ক্ষেপণ করা হয় বলে অভিযোগ তাঁদের।

কৃষকদের আরও অভিযোগ, সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে দোকানিদের কাছে সার বিক্রি করা হচ্ছে। তাঁদের দাবি, ১ হাজার ৩৫০ টাকা দামের ইউরিয়া সার ১ হাজার ৫৫০ টাকায়, ১ হাজার ৫০ টাকা দামের ডিএপি সার ১ হাজার ৫০০ টাকায় এবং ১ হাজার ৩৫০ টাকা দামের টিএসপি সার ১ হাজার ৬৫০ থেকে ১ হাজার ৭০০ টাকায় বিক্রি করা হচ্ছে। এমনকি টিএসপি সার কৃষকদের মধ্যে বিতরণ না করার অভিযোগও রয়েছে।

পাবনা সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলাম জাকির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, সাদুল্লাপুর ইউনিয়নের দুবলিয়া বিসিআইসি ডিলারের মাধ্যমে কৃষকদের জন্য বরাদ্দ করা সার শহরের একটি স্থানে অবৈধভাবে বিক্রির চেষ্টা চলছে অথবা মজুত করে রাখা হয়েছে। পরে অভিযান চালিয়ে ৪০ বস্তা টিএসপি সার জব্দ করা হয়। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

স্কুল-কলেজ-মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি দিতে জরুরি নি…
  • ২৫ নভেম্বর ২০২৬
১৬ ডিসেম্বরকে ঘিরে নাশকতার ছক, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয়…
  • ২৫ নভেম্বর ২০২৬
পাবনায় অবৈধভাবে ৪৮ বস্তা সার মজুতের অভিযোগে ২ ডিলারকে জরিমা…
  • ২৫ নভেম্বর ২০২৬
রাতে কমার পর সাতসকালেই বিশ্ববাজারে ফের সোনার দামে বড় পতন
  • ২৫ নভেম্বর ২০২৬
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে না ফেরার দেশে কলেজ শিক্ষার্থী অহনা
  • ২৫ নভেম্বর ২০২৬
চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী গ্রেপ্তার
  • ২৫ নভেম্বর ২০২৬