নাক দিয়ে হঠাৎ রক্ত পড়লে প্রথম ৫ মিনিটে যেসব ভুল এড়িয়ে যাবেন

২৩ নভেম্বর ২০২৬, ০৩:০৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

হঠাৎ নাক দিয়ে রক্ত পড়তে শুরু করলে ঘাবড়ে যাওয়া স্বাভাবিক। তবে আতঙ্কিত হয়ে ভুল পদ্ধতি অনুসরণ করলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। অনেকের ধারণা, শরীর গরম হয়ে গেলে নাক দিয়ে রক্ত পড়ে। এ কারণে কেউ কেউ ঠান্ডা পানিতে গোসল করেন। এমনকি শীতকালেও ঠান্ডা পানিতে গোসল করার চেষ্টা করেন। তবে চিকিৎসকদের মতে, নাক দিয়ে রক্ত পড়ার সঙ্গে শরীরের এমন গরম হয়ে যাওয়ার সরাসরি সম্পর্ক নেই।

নাক দিয়ে রক্ত পড়লে প্রথম কয়েক মিনিটে কী করা উচিত এবং কোন ভুলগুলো এড়িয়ে চলতে হবে, তা জানিয়েছেন নাক-কান-গলা বিশেষজ্ঞ চিকিৎসক স্বদেশ মান্না।

নাক দিয়ে রক্ত পড়লে মাথা পেছনের দিকে হেলিয়ে দেওয়া সবচেয়ে প্রচলিত ভুলগুলোর একটি। ছোটবেলা থেকেই অনেকেই শুনে আসছেন, এ সময় মাথা পেছনের দিকে হেলিয়ে রাখতে হয়। কিন্তু এতে রক্তপাত বন্ধ হয় না। বরং রক্ত গলা দিয়ে পাকস্থলীতে চলে যেতে পারে। এতে বমি বমি ভাব, বমি হওয়া এবং রক্ত শ্বাসনালিতে প্রবেশ করার ঝুঁকি তৈরি হয়।

এ অবস্থায় প্রথমে সামনের দিকে সামান্য ঝুঁকে বসতে হবে। মাথা কিছুটা নিচু রাখলে রক্ত বাইরে বেরিয়ে আসবে, গলার ভেতরে যাওয়ার আশঙ্কা কমবে। এ সময় মুখ দিয়ে শ্বাস নিতে হবে।

এরপর নাকের শক্ত হাড়ের ঠিক নিচে থাকা নরম অংশটি বুড়ো আঙুল ও তর্জনী দিয়ে চেপে ধরতে হবে। একটানা ১০ থেকে ১৫ মিনিট এভাবে চাপ দিয়ে রাখতে হবে। রক্ত বন্ধ হয়েছে কি না, তা দেখার জন্য বারবার নাক ছেড়ে পরীক্ষা করা যাবে না। কারণ, বারবার চাপ ছেড়ে দিলে জমাট বাঁধতে থাকা রক্তের দলা ভেঙে যেতে পারে। এতে আবার রক্তপাত শুরু হতে পারে। একটানা চেপে রাখলে রক্ত জমাট বেঁধে স্বাভাবিকভাবেই রক্তপাত বন্ধ হওয়ার সুযোগ পায়।

কী কারণে নাক দিয়ে রক্ত পড়ে?

শুষ্ক আবহাওয়া, নাকে আঘাত লাগা, জোরে নাক ঝাড়া, নাক খোঁটা এবং সর্দি-সংক্রমণ নাক দিয়ে রক্ত পড়ার সাধারণ কারণ। বিশেষ করে শীতকালে শুষ্ক বাতাসের কারণে নাকের ভেতরের সংবেদনশীল আবরণ ফেটে রক্তপাত হতে পারে। বয়স্কদের ক্ষেত্রে উচ্চ রক্তচাপও নাক দিয়ে রক্ত পড়ার একটি কারণ হতে পারে।

কখন চিকিৎসকের কাছে যেতে হবে?

নাকে একটানা ২০ থেকে ৩০ মিনিট চাপ দিয়ে রাখার পরও রক্তপাত বন্ধ না হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এ ছাড়া অতিরিক্ত রক্তপাত, মাথা ঘোরা বা দুর্বল লাগা, নাকে গুরুতর আঘাতের পর রক্ত পড়া কিংবা সপ্তাহে একাধিকবার এমন ঘটনা ঘটলেও চিকিৎসকের কাছে যাওয়া জরুরি।

এ ধরনের পরিস্থিতিতে চিকিৎসকেরা প্রয়োজনে নাকের ভেতরে ন্যাজাল প্যাকিং করতে পারেন। এ পদ্ধতিতে নাকের ভেতরে বিশেষ উপাদান দিয়ে রক্তপাত বন্ধ করার চেষ্টা করা হয়। এ ছাড়া রক্তপাতের নির্দিষ্ট স্থান শনাক্ত করে রক্তনালি বন্ধ করতে কটারাইজেশন পদ্ধতিও ব্যবহার করা হতে পারে।

মাদ্রাসা বোর্ডের পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেলেন আরও ১৭১ শিক্ষ…
  • ২৩ নভেম্বর ২০২৬
দিনাজপুর শিক্ষা বোর্ডের এইচএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
  • ২৩ নভেম্বর ২০২৬
শিল্পাঞ্চলের নিরাপত্তায় টঙ্গীর বিসিকে বিএনপির সতর্ক অবস্থান 
  • ২৩ নভেম্বর ২০২৬
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, …
  • ২৩ নভেম্বর ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, দেখুন …
  • ২৩ নভেম্বর ২০২৬
কুমিল্লা শিক্ষা বোর্ডের এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল দেখুন এখ…
  • ২৩ নভেম্বর ২০২৬