শিল্পাঞ্চলের নিরাপত্তায় টঙ্গীর বিসিকে বিএনপির সতর্ক অবস্থান 

২৩ নভেম্বর ২০২৬, ০৩:১৬ PM , আপডেট: ২৩ নভেম্বর ২০২৬, ০৩:২১ PM
বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অবস্থান

বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অবস্থান © সংগৃহীত

গার্মেন্টস শ্রমিকদের লাগাতার আন্দোলনকে কেন্দ্র করে গাজীপুরের শিল্পাঞ্চলগুলোতে তৈরি হয়েছে উত্তেজনাকর পরিস্থিতি। এর মধ্যে টঙ্গীর বিসিক শিল্পনগরীসহ গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলোতে অবস্থান নিয়েছেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শিল্পাঞ্চলে নাশকতা, ভাঙচুর ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তারা সতর্ক অবস্থানে রয়েছেন বলে জানিয়েছেন দলটির নেতারা।
 
সোমবার (২৩ নভেম্বর) সরেজমিনে দেখা যায়, গাজীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও শিল্পাঞ্চলে বিএনপির নেতাকর্মীদের অবস্থান রয়েছে। বিশেষ করে টঙ্গীর বিসিক শিল্পনগরী এলাকায় তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
 
টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন ও সাধারণ সম্পাদক গাজী সালাহউদ্দীনের নেতৃত্বে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিসিক শিল্পনগরী এলাকায় অবস্থান নেন। এ সময় তারা শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং যেকোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সতর্ক থাকার কথা জানান।
 
এদিকে গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের কারণে গাজীপুরের বিভিন্ন শিল্পকারখানায় স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। সোমবার সকালেও জেলার কয়েকটি এলাকায় শ্রমিকদের সড়ক অবরোধের চেষ্টা করার খবর পাওয়া যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
 
বিএনপির নেতাদের অভিযোগ, শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা শ্রমিকদের মধ্যে মিশে গিয়ে উসকানি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
 
টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাহউদ্দীন বলেন, শিল্পাঞ্চলে যাতে কোনো ধরনের নাশকতা, ভাঙচুর বা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্য আমরা সতর্ক অবস্থানে রয়েছি। নিষিদ্ধ সংগঠনের কেউ শ্রমিকদের মধ্যে ঢুকে নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেদিকেও নজর রাখা হচ্ছে।
 
তিনি আরও বলেন, কোনো ধরনের সংঘাত বা আইন নিজের হাতে তুলে নেওয়া বিএনপির অবস্থান নয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
 
এদিকে গাজীপুরের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। শিল্পাঞ্চলগুলোর গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারিও জোরদার করা হয়েছে।
 
তবে সোমবার বিকেল পর্যন্ত টঙ্গীর বিসিক শিল্পনগরীতে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শিল্পকারখানার স্বাভাবিক কার্যক্রম যাতে ব্যাহত না হয় এবং শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টরা নজর রাখছেন।

শাবিপ্রবির হলে হঠাৎ খাবারের মূল্যবৃদ্ধি, মান নিয়ে ক্ষোভ
  • ২৩ নভেম্বর ২০২৬
ঢাকা শিক্ষা বোর্ডে ৫৮৫৩ জনের ফল পরিবর্তন
  • ২৩ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন…
  • ২৩ নভেম্বর ২০২৬
মাদ্রাসা বোর্ডের পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেলেন আরও ১৭১ শিক্ষ…
  • ২৩ নভেম্বর ২০২৬
দিনাজপুর শিক্ষা বোর্ডের এইচএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
  • ২৩ নভেম্বর ২০২৬
শিল্পাঞ্চলের নিরাপত্তায় টঙ্গীর বিসিকে বিএনপির সতর্ক অবস্থান 
  • ২৩ নভেম্বর ২০২৬