ডেঙ্গু থেকে সেরে ওঠার পর বিভিন্ন ধরনের খাবার শরীরে শক্তি বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে © এআই সৃষ্ট ছবি
ডেঙ্গু থেকে সুস্থ হওয়ার পরও অনেকের শরীরে দুর্বলতা, ক্লান্তি ও ক্ষুধামন্দা থেকে যায়। জ্বর কমে গেলেই যে শরীর পুরোপুরি আগের অবস্থায় ফিরে এসেছে, এমন নয়। এ সময় শরীরের স্বাভাবিক শক্তি ফিরে পেতে পর্যাপ্ত বিশ্রামের পাশাপাশি সুষম খাবার ও পানীয় গ্রহণ জরুরি। নিয়মিত পুষ্টিকর খাবার খাওয়া এবং শরীরের প্রয়োজন অনুযায়ী পানি পান করা গুরুত্বপূর্ণ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, ডেঙ্গু থেকে সুস্থ হওয়ার পরও কয়েক সপ্তাহ পর্যন্ত ক্লান্তি অনুভূত হতে পারে। তাই সুস্থ হওয়ার পরপরই আগের মতো ব্যস্ত জীবনযাপনে ফিরে না গিয়ে ধীরে ধীরে স্বাভাবিক কাজে ফেরার পরামর্শ দেওয়া হয়।
যেসব খাবার রাখবেন খাদ্যতালিকায়
প্রোটিনসমৃদ্ধ খাবার
শরীরের স্বাভাবিক বৃদ্ধি ও বিভিন্ন কোষের গঠন এবং মেরামতে প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই ডেঙ্গু থেকে সেরে ওঠার পর খাবারের তালিকায় মাছ, ডিম, মুরগির মাংস, ডাল, দুধ ও দই রাখতে পারেন। প্রতিদিনের খাবারে পরিমাণমতো প্রোটিন থাকলে শরীরের প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করা সহজ হয়।
শাকসবজি ও ফলমূল
শাকসবজি ও ফলমূল শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন, খনিজ ও আঁশের উৎস। প্রতিদিনের খাবারে পেঁপে, পেয়ারা, কমলা, কলা, আপেলসহ বিভিন্ন মৌসুমি ফল রাখা যেতে পারে। পাশাপাশি পালংশাক, লাউ, গাজর, মিষ্টিকুমড়া ও অন্যান্য সবজি খেতে পারেন।
সহজে হজম হয় এমন খাবার
ডেঙ্গু থেকে সেরে ওঠার পর অনেকের ক্ষুধা কম থাকতে পারে। এ অবস্থায় একবারে বেশি খাবার না খেয়ে অল্প অল্প করে কয়েকবার খেতে পারেন। ভাত, মাছ, ডাল, সবজি, খিচুড়ি ও স্যুপের মতো পরিচিত খাবার রাখা যেতে পারে।
পর্যাপ্ত পানি ও তরল খাবার
ডেঙ্গুতে জ্বর ও বমির কারণে শরীরে পানিশূন্যতা দেখা দিতে পারে। এ জন্য পর্যাপ্ত তরল গ্রহণ গুরুত্বপূর্ণ। হু এর ২০২৫ সালের নির্দেশনায় পানিকে তরলের প্রধান উৎস হিসেবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী ওরস্যালাইন, স্যুপ, চিনি ছাড়া ফলের রস, ডাবের পানি ও দইয়ের পানীয় গ্রহণ করা যেতে পারে। তবে কতটুকু পানি বা তরল পান করতে হবে, তা বয়স ও শারীরিক অবস্থার ওপর নির্ভর করে।
ভিটামিন ও খনিজসমৃদ্ধ খাবার
শরীরের স্বাভাবিক কার্যক্রমের জন্য বিভিন্ন ভিটামিন ও খনিজ প্রয়োজন। ফলমূল, শাকসবজি, দুধ, ডিম, মাছ ও বাদামে এসব পুষ্টি উপাদান পাওয়া যায়।
যেসব খাবার ও অভ্যাস এড়িয়ে চলবেন
ডেঙ্গু থেকে সেরে ওঠার পর অতিরিক্ত তেল-মসলাযুক্ত খাবার, অতিরিক্ত চিনি দেওয়া পানীয় এবং কোমল পানীয় কম খাওয়া ভালো। বিশেষ করে বমিভাব বা হজমের সমস্যা থাকলে এসব খাবার অস্বস্তি বাড়াতে পারে। এ ছাড়া চিকিৎসকের পরামর্শ ছাড়া বিভিন্ন ভেষজ উপাদান, পাতার রস কিংবা প্লাটিলেট বাড়ানোর দাবি করা সাপ্লিমেন্ট গ্রহণ করা উচিত নয়।
আরও খবর: শীতের সকালে বাড়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি, ঘুম থেকে উঠেই যেসব কাজ করবেন না
বিশ্রামের পাশাপাশি ধীরে ধীরে ব্যায়াম
ডেঙ্গু থেকে সেরে ওঠার পর শরীর দুর্বল থাকলে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। সুস্থ বোধ করলে ধীরে ধীরে হাঁটাচলা ও দৈনন্দিন কাজ শুরু করা যেতে পারে। তবে দুর্বলতা থাকা অবস্থায় ভারী ব্যায়াম, দৌড়ানো কিংবা অতিরিক্ত শারীরিক পরিশ্রম করা ঠিক নয়।
সুস্থ বোধ করলেও যেসব লক্ষণে সতর্ক হবেন
ডেঙ্গুতে জ্বর কমে যাওয়ার পরও কখনো কখনো গুরুতর জটিলতা দেখা দিতে পারে। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে, তীব্র পেটব্যথা, বারবার বমি, নাক বা মাড়ি দিয়ে রক্ত পড়া, শ্বাসকষ্ট, অস্বাভাবিক ঘুমঘুম ভাব কিংবা অস্থিরতা ডেঙ্গুর বিপৎসংকেত হতে পারে।
এসব লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে যেতে হবে। এ ছাড়া সুস্থ হওয়ার পরও দীর্ঘদিন দুর্বলতা থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।