শীতকালে ভোগাতে পারে ডায়াবেটিস, সুগারের সঙ্গে ঠান্ডার কী সম্পর্ক

২১ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ AM , আপডেট: ২১ নভেম্বর ২০২৬, ০৮:৪২ AM
ডায়াবেটিস

ডায়াবেটিস © এআই সৃষ্ট ছবি

শীত এলেই বাড়তে পারে ডায়াবেটিস রোগীদের স্বাস্থ্যঝুঁকি। তাপমাত্রা কমার কারণে শরীরে বিভিন্ন পরিবর্তন ঘটে, যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণকে কঠিন করে তুলতে পারে। এমনকি প্রতিদিনের খাবার ও ওষুধের নিয়ম ঠিক থাকলেও ঠান্ডা, শারীরিক পরিশ্রম কমে যাওয়া কিংবা শীতকালীন সংক্রমণের কারণে বেড়ে যেতে পারে ব্লাড সুগার। বিশেষ করে বয়স্ক ও দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের এ সময়ে বাড়তি সতর্কতা প্রয়োজন। তাই শীতকালে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে ঠান্ডার সঙ্গে রক্তে শর্করার সম্পর্ক এবং প্রয়োজনীয় সতর্কতাগুলো জানা জরুরি।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে, ঠান্ডা আবহাওয়া কয়েকভাবে রক্তে শর্করার মাত্রা বাড়াতে পারে। শীতের কারণে শরীরে চাপ তৈরি হলে কর্টিসলের মতো স্ট্রেস হরমোন নিঃসৃত হয়। এসব হরমোন ইনসুলিনের কার্যকারিতায় প্রভাব ফেলে এবং যকৃৎ থেকে বেশি পরিমাণে গ্লুকোজ রক্তে ছাড়তে উৎসাহিত করে। ফলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। এ ছাড়া শীতকালে ফ্লু বা অন্যান্য সংক্রমণ এবং দৈনন্দিন খাদ্যাভ্যাস ও শারীরিক পরিশ্রমের পরিবর্তনও ডায়াবিটিস নিয়ন্ত্রণ কঠিন করে তুলতে পারে। 

শুধু রক্তে শর্করার মাত্রাই নয়, ঠান্ডা আবহাওয়া রক্ত সঞ্চালনেও প্রভাব ফেলে। তাপমাত্রা কমলে শরীর তাপ ধরে রাখতে হাত-পায়ের রক্তনালিগুলো সংকুচিত করে। এতে হাত-পায়ে রক্ত চলাচল কমে যেতে পারে। ডায়াবিটিস রোগীদের আগে থেকেই স্নায়ু ও রক্তনালির সমস্যা থাকলে এই পরিস্থিতি আরও জটিল হতে পারে। বিশেষ করে হৃদরোগ বা ডায়াবেটিক নিউরোপ্যাথিতে আক্রান্ত ব্যক্তিদের বাড়তি সতর্ক থাকা প্রয়োজন।

শীতকালে বয়স্ক ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার মাত্রা কেন বাড়তে পারে?
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের স্বাভাবিক কার্যক্ষমতায় পরিবর্তন আসে। বয়স্ক ব্যক্তিদের মধ্যে অনেকের ডায়াবেটিসের পাশাপাশি উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও রক্ত সঞ্চালনজনিত সমস্যাও থাকে। শীতকালে এসব সমস্যা আরও জটিল হতে পারে।

ঠান্ডার কারণে শরীরে স্ট্রেস হরমোনের নিঃসরণ বাড়লে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যেতে পারে। এ ছাড়া শীতকালে অনেকেই ঘরের বাইরে কম বের হন। হাঁটাচলা ও শরীরচর্চা কমে যায়। ফলে শরীরের ইনসুলিন ব্যবহারের সক্ষমতা কমতে পারে। এতে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়ে।

আবার শীতকালে সর্দি, কাশি ও ইনফ্লুয়েঞ্জার মতো সংক্রমণের ঝুঁকি বাড়ে। শরীরে কোনো সংক্রমণ হলে সেটির বিরুদ্ধে লড়তে বিভিন্ন হরমোন নিঃসৃত হয়। এসব হরমোন রক্তে শর্করার মাত্রা বাড়াতে পারে। যুক্তরাষ্ট্রের আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশনও জানিয়েছে, সর্দি-জ্বর বা ফ্লুর মতো অসুস্থতা শরীরে স্ট্রেস হরমোন বাড়িয়ে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ কঠিন করে তোলে। 

ঠান্ডায় রক্তনালি সংকুচিত হলে রক্ত সঞ্চালন ও হৃদযন্ত্রের ওপর কী প্রভাব পড়ে?
শীতকালে শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখতে রক্তনালিগুলো সংকুচিত হয়। এর ফলে হাত-পায়ের দিকে রক্ত চলাচল কমে যেতে পারে। একই সঙ্গে রক্তচাপও বেড়ে যেতে পারে। হৃদযন্ত্রকে রক্ত পাম্প করতে বেশি চাপ নিতে হয়।

ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ। কারণ দীর্ঘদিন ডায়াবিটিস থাকলে রক্তনালি ক্ষতিগ্রস্ত হতে পারে। পাশাপাশি স্নায়ুর সমস্যার কারণে হাত-পায়ের অনুভূতিও কমে যেতে পারে। ফলে ঠান্ডায় হাত-পায়ে ব্যথা, ঝিনঝিন করা বা অসাড়তা বাড়তে পারে।

ডায়াবিটিস ইউকে জানিয়েছে, ঠান্ডা আবহাওয়ায় রক্ত সঞ্চালন ধীর হয়ে যাওয়ায় ডায়াবিটিস রোগীদের হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকিও বিবেচনায় রাখা প্রয়োজন। বিশেষ করে যাঁদের আগে থেকেই হৃদরোগ বা স্নায়ুর সমস্যা রয়েছে, তাঁদের বেশি সতর্ক থাকতে হবে। 

ডায়াবেটিস রোগীদের শীতে পায়ের যত্ন নেওয়া কেন জরুরি?
ডায়াবেটিস রোগীদের শীতকালে পায়ের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। দীর্ঘদিন রক্তে শর্করার মাত্রা বেশি থাকলে পায়ের স্নায়ু ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে পায়ের তাপমাত্রা, ব্যথা কিংবা আঘাতের অনুভূতি কমে যায়। ফলে পায়ে কেটে গেলে, ফোসকা পড়লে কিংবা ক্ষত তৈরি হলে অনেক সময় রোগী তা বুঝতে পারেন না।

শীতকালে বাতাসের আর্দ্রতা কমে যাওয়ায় ত্বক শুষ্ক হয়ে যায়। পায়ের গোড়ালি ফেটে যেতে পারে। আঙুলের ফাঁকে আর্দ্রতা জমে ছত্রাকের সংক্রমণও হতে পারে। ডায়াবিটিস রোগীদের ক্ষেত্রে এসব ক্ষত সহজে সংক্রমিত হওয়ার পাশাপাশি শুকাতেও বেশি সময় লাগতে পারে।

যুক্তরাষ্ট্রের সিডিসির পরামর্শ অনুযায়ী, ডায়াবিটিস রোগীদের প্রতিদিন পায়ের তলা, গোড়ালি, আঙুলের ফাঁক ও নখ পরীক্ষা করা উচিত। পায়ে কাটা, ফোসকা, লালচে ভাব, ফোলা বা ক্ষত দেখা গেলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

পা পরিষ্কার করার পর ভালোভাবে শুকিয়ে নিতে হবে। পায়ের ত্বক শুষ্ক হলে ময়েশ্চারাইজার ব্যবহার করা যেতে পারে। তবে আঙুলের ফাঁকে ময়েশ্চারাইজার দেওয়া উচিত নয়। এতে সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে। পা গরম রাখতে আরামদায়ক মোজা ও উপযুক্ত জুতা ব্যবহার করতে হবে। 

শীতকালে শারীরিক সক্রিয়তা কমে গেলে কী সমস্যা হয়?
শীতকালে অনেকেই ঠান্ডার কারণে হাঁটাচলা ও শরীরচর্চা কমিয়ে দেন। দিনের বেশির ভাগ সময় ঘরের মধ্যে বসে বা শুয়ে কাটান। এতে শরীরের ক্যালরি খরচ কমে যায় এবং ওজন বাড়ার ঝুঁকি তৈরি হয়। শারীরিক সক্রিয়তা কমে গেলে ইনসুলিনের কার্যকারিতাও প্রভাবিত হতে পারে। ফলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে।

ডায়াবেটিস ইউকের পরামর্শ অনুযায়ী, শীতকালেও নিয়মিত শরীরচর্চা চালিয়ে যাওয়া জরুরি। বাইরে হাঁটতে না পারলে ঘরের মধ্যেই হালকা ব্যায়াম, হাঁটাহাঁটি বা যোগব্যায়াম করা যেতে পারে। একটানা দীর্ঘ সময় বসে না থেকে মাঝেমধ্যে উঠে হাঁটাচলা করা ভালো।

নিয়মিত শরীরচর্চা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে, রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে। তবে যাঁদের পায়ে ক্ষত বা অন্য কোনো জটিলতা রয়েছে, তাঁদের ব্যায়ামের ধরন চিকিৎসকের পরামর্শ নিয়ে ঠিক করা উচিত। 

শীতকালে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে কী খাবেন ও কীভাবে থাকবেন?
শীতকালে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সুষম খাবার গ্রহণ করা জরুরি। প্রতিদিনের খাদ্যতালিকায় শাকসবজি, ডাল, পরিমিত পরিমাণে ফল, মাছ, ডিম ও আঁশযুক্ত খাবার রাখা যেতে পারে। অতিরিক্ত চিনি, মিষ্টি ও পরিশোধিত শর্করাজাতীয় খাবার এড়িয়ে চলা ভালো। একই সঙ্গে নির্দিষ্ট সময়ে খাবার খাওয়ার অভ্যাস বজায় রাখতে হবে।

শীতকালে অনেকের পানি পান করার পরিমাণ কমে যায়। কিন্তু শরীরের পানির চাহিদা পূরণ করা জরুরি। পর্যাপ্ত পানি পান না করলে পানিশূন্যতা তৈরি হতে পারে, যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সমস্যা তৈরি করতে পারে। তাই তৃষ্ণা কম পেলেও নিয়মিত পানি পান করতে হবে।

এ ছাড়া শীতের সময় রক্তে শর্করার মাত্রা নিয়মিত পরীক্ষা করা প্রয়োজন। বিশেষ করে অসুস্থ বোধ করলে বা রক্তে শর্করার মাত্রায় অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে আরও সতর্ক থাকতে হবে। ঠান্ডায় হাতের আঙুল জমে গেলে রক্ত পরীক্ষার আগে হাত স্বাভাবিক তাপমাত্রায় আনতে হবে। এতে আঙুল থেকে রক্তের নমুনা সংগ্রহ করা সহজ হয়।

ডায়াবেটিস রোগীদের ওষুধ ও ইনসুলিন ব্যবহারের নিয়মও ঠিক রাখতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধের মাত্রা পরিবর্তন বা ইনসুলিন নেওয়া বন্ধ করা যাবে না। ইনসুলিন অতিরিক্ত ঠান্ডায় বা বরফ জমে যাওয়ার মতো তাপমাত্রায় রাখা উচিত নয়। কারণ জমে যাওয়া ইনসুলিন পরে স্বাভাবিক অবস্থায় ফিরলেও কার্যকারিতা হারাতে পারে। ইনসুলিন পাম্প ও গ্লুকোজ মাপার যন্ত্রও অতিরিক্ত ঠান্ডা থেকে নিরাপদে রাখতে হবে। 

সব মিলিয়ে শীতকাল ডায়াবেটিস রোগীদের জন্য বাড়তি সতর্কতার সময়। তবে নিয়মিত রক্তে শর্করা পরীক্ষা, সুষম খাবার, পর্যাপ্ত পানি পান, শরীরচর্চা এবং পায়ের যত্নের মাধ্যমে এ সময়ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব। রক্তে শর্করার মাত্রা বারবার স্বাভাবিক সীমার বাইরে গেলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

জাতীয় মসজিদে সংঘর্ষের মামলায় গ্রেপ্তার সাবেক খতিবের মুক্তি …
  • ২১ নভেম্বর ২০২৬
শীতকালে ভোগাতে পারে ডায়াবেটিস, সুগারের সঙ্গে ঠান্ডার কী সম্…
  • ২১ নভেম্বর ২০২৬
সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, ৫ আগস্ট পোড়া গাড়িতে আগুন দিয়…
  • ২১ নভেম্বর ২০২৬
ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশজুড়ে বাড়তে পারে বৃষ্টি, কত দিন থাকবে …
  • ২১ নভেম্বর ২০২৬
কারাগারে থাকা স্বামীর ঘরে মিলল স্ত্রীর মরদেহ, যৌতুকের জন্য …
  • ২১ নভেম্বর ২০২৬
টানা ৩০ দিন সকালে চা-বিস্কুট দিয়ে নাস্তা করলে শরীরে যে প্রভ…
  • ২১ নভেম্বর ২০২৬
diuimage