কিউআর কোড কীভাবে কাজ করে, কেন বাড়ছে জনপ্রিয়তা—ব্যবহারে যে সতর্কতা জরুরি

২৪ নভেম্বর ২০২৬, ১১:১০ AM , আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ১১:১৬ AM
বাড়ছে কিউআর কোড

বাড়ছে কিউআর কোড © সংগৃহীত

হোটেলে খাবারের মেনু দেখা, মোবাইল ব্যাংকিংয়ে টাকা পরিশোধ, অনুষ্ঠানের টিকিট সংগ্রহ কিংবা কোনো ওয়েবসাইটে প্রবেশ—এমন নানা কাজে এখন ব্যবহার হচ্ছে কিউআর কোড। ছোট্ট একটি বর্গাকার নকশা স্ক্যান করেই পাওয়া যাচ্ছে প্রয়োজনীয় তথ্য ও বিভিন্ন ডিজিটাল সেবা। স্মার্টফোনের সহজলভ্যতা এবং ডিজিটাল লেনদেনের বিস্তারের সঙ্গে সঙ্গে প্রতিদিনের জীবনে বাড়ছে এই প্রযুক্তির ব্যবহার।

কিউআর কোড কি?
কিউআর কোডের পূর্ণরূপ ‘কুইক রেসপন্স কোড’। এটি এক ধরনের দ্বিমাত্রিক বারকোড, যেখানে কালো-সাদা ছোট ছোট ঘরের বিন্যাসের মাধ্যমে বিভিন্ন তথ্য সংরক্ষণ করা যায়। সাধারণ বারকোডে তথ্য একদিকে সাজানো থাকলেও কিউআর কোডে আড়াআড়ি ও লম্বালম্বি উভয় দিকেই তথ্য রাখা সম্ভব। ফলে তুলনামূলক ছোট জায়গায় বেশি তথ্য সংরক্ষণ করা যায়।

জাপানের প্রযুক্তিপ্রতিষ্ঠান ডেনসো ওয়েভ ১৯৯৪ সালে কিউআর কোড তৈরি করে। শুরুতে গাড়ির যন্ত্রাংশ উৎপাদন ও ব্যবস্থাপনার কাজে দ্রুত তথ্য শনাক্ত করার প্রয়োজন থেকে প্রযুক্তিটির উদ্ভাবন হয়। প্রচলিত বারকোডের সীমাবদ্ধতা কাটিয়ে অল্প সময়ে বেশি তথ্য পড়ার সুবিধা দিতেই এটি তৈরি করা হয়েছিল।

যেভাবে কাজ করে কিউআর কোড
কিউআর কোড ব্যবহারের জন্য সাধারণত স্মার্টফোনের ক্যামেরা বা কিউআর স্ক্যানার অ্যাপ প্রয়োজন হয়। ক্যামেরা দিয়ে কোডটি স্ক্যান করলে এর মধ্যে সংরক্ষিত তথ্য শনাক্ত হয়। সেটি কোনো ওয়েবসাইটের ঠিকানা, লেখা, যোগাযোগের তথ্য কিংবা অর্থ লেনদেনের নির্দেশনা হতে পারে। স্ক্যান করার পর তথ্যের ধরন অনুযায়ী ব্যবহারকারী নির্দিষ্ট ওয়েবসাইট, অ্যাপ বা সেবায় প্রবেশ করতে পারেন।

কিউআর কোডের অন্যতম সুবিধা হলো, এটি বিভিন্ন দিক থেকে স্ক্যান করা যায়। এর তিন কোণে থাকা বিশেষ নকশা কোডটির অবস্থান শনাক্ত করতে স্ক্যানারকে সহায়তা করে। এ ছাড়া কোডের কোনো অংশ সামান্য ক্ষতিগ্রস্ত হলেও এর মধ্যে থাকা তথ্য উদ্ধার করা সম্ভব। তবে ক্ষতির পরিমাণ বেশি হলে তথ্য পড়া নাও যেতে পারে।

কেন বাড়ছে ব্যবহার
কিউআর কোড জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ এর সহজ ব্যবহার। কোনো ওয়েবসাইটের দীর্ঘ ঠিকানা টাইপ করা কিংবা আলাদা করে তথ্য খোঁজার পরিবর্তে একটি কোড স্ক্যান করেই প্রয়োজনীয় জায়গায় পৌঁছানো যায়। এতে সময় ও শ্রম দুটোই সাশ্রয় হয়।

বর্তমানে রেস্তোরাঁয় খাবারের মেনু, ব্যবসাপ্রতিষ্ঠানের প্রচার, পণ্যের বিস্তারিত তথ্য, অনুষ্ঠানের প্রবেশপত্র, অনলাইন নিবন্ধন এবং বিভিন্ন ডিজিটাল সেবায় এটি ব্যবহার হচ্ছে। পণ্যের মোড়কে থাকা কিউআর কোড স্ক্যান করে ক্রেতারা উপাদান, পুষ্টিগুণ, ব্যবহারের নিয়ম ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য জানতে পারেন।

এ ছাড়া ডিজিটাল লেনদেনের ক্ষেত্রেও প্রযুক্তিটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দোকান বা ব্যবসাপ্রতিষ্ঠানে প্রদর্শিত কিউআর কোড স্ক্যান করে গ্রাহক সরাসরি অর্থ পরিশোধ করতে পারেন। এতে নগদ টাকা বহন বা হাতে হাতে লেনদেনের প্রয়োজন কমে আসে।

বাংলাদেশেও বাড়ছে কিউআর কোডে লেনদেন
দেশে ডিজিটাল লেনদেন বাড়াতে কিউআর কোড ব্যবহারে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে ২০২১ সালে খুচরা লেনদেনের জন্য জাতীয় কিউআর কোড মান ‘বাংলা কিউআর’ চালু করা হয়। এর মাধ্যমে বিভিন্ন ব্যাংক, মোবাইল আর্থিক সেবা ও পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠানের গ্রাহকেরা একই মানের কিউআর কোড ব্যবহার করে লেনদেন করতে পারেন।

সর্বশেষ গত ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশ ব্যাংক বাংলা কিউআরভিত্তিক লেনদেন সম্প্রসারণে নতুন নির্দেশনা জারি করে। এতে ১ অক্টোবর থেকে বাংলা কিউআর কোডের মাধ্যমে করা লেনদেনের অর্থ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মার্চেন্টের হিসাবে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি ব্যাংক ও আর্থিক সেবাদাতাদের মোবাইল অ্যাপে বাংলা কিউআর পেমেন্টের সুবিধা সহজে দৃশ্যমান করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

ব্যবহারে সতর্কতাও জরুরি
কিউআর কোড ব্যবহারে সুবিধার পাশাপাশি নিরাপত্তার বিষয়টিও গুরুত্বপূর্ণ। অপরিচিত বা সন্দেহজনক কোনো কিউআর কোড স্ক্যান করলে ব্যবহারকারী ভুয়া ওয়েবসাইটে চলে যেতে পারেন। এসব ওয়েবসাইটের মাধ্যমে ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড কিংবা আর্থিক তথ্য চুরির ঝুঁকি রয়েছে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি) জানিয়েছে, প্রতারকেরা অনেক সময় আসল কিউআর কোডের ওপর নিজেদের তৈরি ভুয়া কোড লাগিয়ে দেয়। কেউ সেটি স্ক্যান করলে তাকে প্রতারণামূলক ওয়েবসাইটে নিয়ে যাওয়া হতে পারে। তাই কোনো কোড স্ক্যান করার পর পাওয়া লিংক যাচাই করা এবং অপরিচিত উৎসের কিউআর কোড এড়িয়ে চলা জরুরি।

এসএসসিতে জিপিএ-৫ পাওয়া দেড় হাজার শিক্ষার্থী পাচ্ছেন ল্যাপটপ…
  • ২৪ নভেম্বর ২০২৬
সকালে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
  • ২৪ নভেম্বর ২০২৬
কিউআর কোড কীভাবে কাজ করে, কেন বাড়ছে জনপ্রিয়তা—ব্যবহারে যে স…
  • ২৪ নভেম্বর ২০২৬
বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটিতে ভর্তির…
  • ২৪ নভেম্বর ২০২৬
অভিনেতা সোহেল খান আর নেই
  • ২৪ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ আ.লীগ সম্পৃক্ততার অভিযোগে বিএল কলেজের শিক্ষক থেকে ভ…
  • ২৪ নভেম্বর ২০২৬