প্রতীকি ছবি © সংগৃহীত
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ভূকম্পন অনুভূত হয়েছে। এদিন সকাল ৭টা ৩২ মিনিটে আঘাত হানা এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নেপালে। যা ঢাকা থেকে প্রায় ৫১৬ কিলোমিটার দূরে। আবহাওয়া অধিদপ্তরের হিসাবে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩।
আবহাওয়া অধিদপ্তরের সহকারী কর্মকর্তা ফারজানা সুলতানা জানান, ভূমিকম্পটি মাঝারি মাত্রার ছিল। চলতি মাসে এর আগে এত শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়নি বলেও জানান তিনি।
ফারজানা সুলতানা বলেন, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ঢাকা থেকে বেশ দূরে হলেও এর মাত্রা তুলনামূলক বেশি হওয়ায় রাজধানী ঢাকাসহ রংপুরের মতো এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে।
এদিকে ভূমিকম্পটির মাত্রা নিয়ে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর ও নেপালের সংশ্লিষ্ট সংস্থার তথ্যে কিছুটা পার্থক্য রয়েছে। আবহাওয়া অধিদপ্তর এর মাত্রা ৫ দশমিক ৩ জানালেও নেপালের ন্যাশনাল আর্থকোয়েক মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টার জানিয়েছে, এর মাত্রা ছিল ৫ দশমিক ৬।
নেপালের ইংরেজি দৈনিক দ্য কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, নেপাল-তিব্বত সীমান্তবর্তী তাপ্লেজং জেলার ওলাংচুং গোলা এলাকায় ছিল ভূমিকম্পটির কেন্দ্রস্থল।
বাংলাদেশ ছাড়াও নেপাল, ভারত, ভুটান ও চীনের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্পটি অনুভূত হয়েছে।