হার্ট অ্যাটাক নাকি প্যানিক অ্যাটাক © সংগৃহীত
হঠাৎ বুক ধড়ফড় করা, বুকে ব্যথা, শ্বাস নিতে কষ্ট হওয়া কিংবা অতিরিক্ত ঘাম এ ধরনের উপসর্গ দেখা দিলে অনেকেই ভয় পেয়ে যান। কেউ মনে করেন হার্ট অ্যাটাক হচ্ছে, আবার কেউ একে প্যানিক অ্যাটাক বলে মনে করেন। দুটি সমস্যার কিছু উপসর্গে মিল থাকায় অনেক সময় বিভ্রান্তি তৈরি হয়। তবে হার্ট অ্যাটাক ও প্যানিক অ্যাটাক এক বিষয় নয়। একটির সঙ্গে জড়িত হৃদযন্ত্রে রক্ত চলাচলের সমস্যা, অন্যটি তীব্র ভয় বা উদ্বেগের আকস্মিক প্রতিক্রিয়া।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, হৃদযন্ত্রের কোনো অংশে রক্ত ও অক্সিজেন সরবরাহ হঠাৎ বন্ধ বা মারাত্মকভাবে কমে গেলে হার্ট অ্যাটাক হয়। সাধারণত হৃদযন্ত্রে রক্ত সরবরাহকারী ধমনিতে রক্ত জমাট বাঁধার কারণে এমনটি ঘটে। অন্যদিকে প্যানিক অ্যাটাক হলো হঠাৎ তীব্র ভয় বা উদ্বেগের অনুভূতি, যার সঙ্গে নানা শারীরিক উপসর্গ দেখা দিতে পারে।
হার্ট অ্যাটাকের লক্ষণ
আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের (এএইচএ) তথ্য অনুযায়ী, হার্ট অ্যাটাকের সবচেয়ে পরিচিত লক্ষণ হলো বুকের মাঝখানে চাপ, ব্যথা বা অস্বস্তি অনুভব করা। এ ব্যথা কয়েক মিনিট স্থায়ী হতে পারে, আবার কমে গিয়ে কিছুক্ষণ পর ফিরে আসতে পারে। অনেক সময় ব্যথা বুক থেকে এক বা দুই হাত, পিঠ, ঘাড়, চোয়াল কিংবা পেটের দিকে ছড়িয়ে পড়ে।
এ ছাড়া হার্ট অ্যাটাকের ক্ষেত্রে শ্বাস নিতে তীব্র কষ্ট হওয়া, ঠান্ডা ঘাম হওয়া, বমি বমি ভাব, মাথা ঘোরা বা দুর্বল লাগা, হঠাৎ অস্বাভাবিক ক্লান্তি অনুভব করা, নারীদের ক্ষেত্রে বুকের ব্যথার পাশাপাশি পিঠ, ঘাড়, চোয়াল বা কাঁধে ব্যথা, শ্বাসকষ্ট, বমি বমি ভাব এবং অস্বাভাবিক ক্লান্তির মতো লক্ষণও দেখা দিতে পারে। কারও কারও ক্ষেত্রে বুকের ব্যথা স্পষ্ট নাও হতে পারে। তাই শুধু বুকব্যথা নেই বলে হার্ট অ্যাটাকের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।
প্যানিক অ্যাটাকের লক্ষণ
প্যানিক অ্যাটাক সাধারণত হঠাৎ তীব্র আতঙ্কের একটি ধাক্কা। তীব্র ভয় বা আতঙ্কের কারণে হয়ে থাকে। এ সময় শরীরে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা দিতে পারে। যেমন— বুক ধড়ফড় করা, শ্বাসকষ্ট অনুভব করা, বুকে ব্যথা বা চাপ অনুভব করা, অতিরিক্ত ঘাম হওয়া, হাত-পা কাঁপা বা শরীর কেঁপে ওঠা, মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়া, হাত বা ঠোঁটে ঝিনঝিন করা এগুলো সাধারণত প্যানিক অ্যাটাকের লক্ষণ।
সেন্ট জন অ্যাম্বুলেন্সের তথ্য অনুযায়ী, প্যানিক অ্যাটাক সাধারণত ৫ থেকে ২০ মিনিট স্থায়ী হয়। তবে কিছু উপসর্গ আরও বেশি সময় থাকতে পারে। আক্রান্ত ব্যক্তি অনেক সময় মনে করেন, তার হার্ট অ্যাটাক হচ্ছে।
যেসব বিষয়ে পার্থক্য রয়েছে
হার্ট অ্যাটাক ও প্যানিক অ্যাটাকের মধ্যে মূল পার্থক্য হলো, দুটি সমস্যার কারণ আলাদা। হার্ট অ্যাটাকের ক্ষেত্রে হৃদযন্ত্রের পেশিতে রক্ত সরবরাহ বাধাগ্রস্ত হয়। অন্যদিকে প্যানিক অ্যাটাকের ক্ষেত্রে তীব্র ভয় বা উদ্বেগের সঙ্গে শারীরিক প্রতিক্রিয়া দেখা দেয়।
প্যানিক অ্যাটাকের উপসর্গ সাধারণত হঠাৎ শুরু হয়ে কয়েক মিনিটের মধ্যে তীব্র হয়। অন্যদিকে হার্ট অ্যাটাকের ব্যথা বা অস্বস্তি কয়েক মিনিটের বেশি স্থায়ী হতে পারে কিংবা কমে গিয়ে আবার ফিরে আসতে পারে। হার্ট অ্যাটাকের ব্যথা হাত, পিঠ, ঘাড় ও চোয়ালে ছড়িয়ে পড়তে পারে। তবে এসব লক্ষণের ভিত্তিতে নিশ্চিতভাবে রোগ নির্ণয় করা সম্ভব নয়। কারণ, দুই সমস্যার উপসর্গে যথেষ্ট মিল রয়েছে।
কীভাবে নিশ্চিত হবেন কোনটি হয়েছে?
শুধু উপসর্গ দেখে হার্ট অ্যাটাক ও প্যানিক অ্যাটাকের মধ্যে নিশ্চিত পার্থক্য করা কষ্টকর। কারণ, বুকব্যথা, শ্বাসকষ্ট, ঘাম ও বুক ধড়ফড় দুই ক্ষেত্রেই হতে পারে।
হার্ট অ্যাটাক হয়েছে কি না, তা নিশ্চিত করতে চিকিৎসকেরা সাধারণত ইলেকট্রোকার্ডিওগ্রাম (ইসিজি) এবং রক্তের ট্রোপোনিন পরীক্ষা করেন। প্রয়োজনে আরও পরীক্ষা করা হয়। তাই নিজের ধারণার ওপর নির্ভর করে কোনো সমস্যাকে প্যানিক অ্যাটাক বলে ধরে নেওয়া ঠিক নয়।
কখন জরুরি চিকিৎসা নিতে হবে?
বুকে চাপ বা ব্যথা কয়েক মিনিটের বেশি স্থায়ী হলে, ব্যথা হাত, ঘাড়, চোয়াল বা পিঠে ছড়িয়ে পড়লে কিংবা এর সঙ্গে শ্বাসকষ্ট, ঠান্ডা ঘাম, বমি বমি ভাব বা মাথা ঘোরার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত জরুরি চিকিৎসা নিতে হবে।
এমন পরিস্থিতিতে প্যানিক অ্যাটাক ভেবে অপেক্ষা করা বিপজ্জনক হতে পারে। হার্ট অ্যাটাকের সন্দেহ হলে দ্রুত হাসপাতালে নিতে হবে। কারণ, চিকিৎসা শুরু করতে দেরি হলে হৃদযন্ত্রের পেশির ক্ষতি বাড়তে পারে।