ঢাবিতে অনশনরত শিক্ষার্থীদের জুস খাওয়ার ভাইরাল ছবিটি এআই দিয়ে তৈরি

১১ এপ্রিল ২০২৬, ১২:৩০ PM , আপডেট: ১১ এপ্রিল ২০২৬, ১২:৩১ PM
এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি ছবি

এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি ছবি © সংগৃহীত

গণভোটের রায় দ্রুত বাস্তবায়নসহ তিন দফা দাবিতে বুধবার বেলা সাড়ে ৩টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশনে বসেছেন তিনজন শিক্ষার্থী। টানা ৬৮ ঘণ্টার বেশি সময় ধরে অনশন চালিয়ে যাওয়ায় তারা অসুস্থ হয়ে পড়েছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমের সূত্রে জানা গেছে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে একাধিক ছবি ছড়িয়ে দাবি করা হচ্ছে, অনশনরত শিক্ষার্থীরা গোপনে আপেল ও জুস খাচ্ছেন। তবে এসব দাবির সত্যতা যাচাই করে ভিন্ন তথ্য পাওয়া গেছে।

ফ্যাক্টচেকিং প্ল্যাটফর্ম ‘দ্য ডিসেন্ট’-এর যাচাইয়ে দেখা যায়, প্রচারিত ছবিগুলো আসল নয়; বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি বা সম্পাদনা করা হয়েছে।

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অনলাইন অ্যাক্টিভিস্ট আইজুদ্দিন একটি ছবি ছড়িয়ে দাবি করেন, অনশনকারীরা আপেল খাচ্ছেন। তবে যাচাইয়ে দেখা যায়, ছবিটি আসল নয়। রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে সংবাদমাধ্যম ‘ঢাকা পোস্ট’ ও ‘ঢাকা মেইল’-এ প্রকাশিত একই ছবির মূল সংস্করণ পাওয়া যায়, যেখানে আপেল বা কোনো খাদ্যদ্রব্য দেখা যায়নি। অর্থাৎ, মূল ছবিতে এআই প্রযুক্তি ব্যবহার করে আপেল সংযোজন করা হয়েছে।

আরও পড়ুন: অনশনের ৬৮ ঘণ্টা পার হলেও দাবি আদায়ে অনড় ঢাবি শিক্ষার্থীরা

এছাড়া, ‘চলছে ফ্রুটিকা অনশন’ শিরোনামে জুস খাওয়ার আরেকটি ছবি ছড়িয়ে পড়লেও সেটিও এআই-নির্মিত বলে নিশ্চিত হওয়া গেছে। জেমিনির সিন্থ-আইডি ফিচার ব্যবহার করে জানা যায়, ছবিটি গুগলের এআই মডেল দিয়ে তৈরি বা সম্পাদনা করা হয়েছে।

প্রচারিত ছবিতে আরও কিছু অসংগতি লক্ষ্য করা গেছে। যেমন, ছবির নিচের বাম পাশে থাকা টাইমস্ট্যাম্পের সংখ্যাগুলো (যেমন: ১৪৩৩৩১) সাধারণ সময়ের ফরম্যাটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

এছাড়া, এআই কনটেন্ট শনাক্তকারী টুল ‘হাইভ মডারেশন’-ও ছবিগুলোকে এআই-সম্পাদিত বলে শনাক্ত করেছে।

সব মিলিয়ে যাচাইয়ে নিশ্চিত হওয়া গেছে, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে অনশনরত শিক্ষার্থীদের গোপনে খাবার গ্রহণের যে ছবি ছড়ানো হয়েছে, সেগুলো বাস্তব নয়; বরং এআই প্রযুক্তির মাধ্যমে সম্পাদিত।

শিক্ষকদের বদলি নিয়ে সবশেষ যা জানালেন মাউশি ডিজি
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অনুদানভুক্তির তালিকা থেকে বাদ ৪৭১ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
একদিনে প্রাণ গেল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ২ শ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবির পাঁচ শিক্ষার্থীকে মাসে ১ হাজার টাকা করে শিক্ষাসহায়তা …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যা: শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হলো দুই আসামিকে
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
তেলের দাম বিশ্ববাজারে কমছে, বাংলাদেশে কেন বাড়ল— ব্যাখ্যা দি…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬