খাবার-টাকা নেই, বাড়ি ফিরতে ৫০০ কিমি পথ পাড়ি ৪ শিক্ষার্থীর

২২ এপ্রিল ২০২০, ০৫:৫১ PM

© আনন্দবাজার

মাথার উপর গনগনে সূর্য। পায়ের তলায় তপ্ত রাস্তা। পিঠে ব্যাগ নিয়ে পা টেনে টেনে হেঁটে চলেছেন ওরা চার জন। লকডাউনে বন্ধ পরিবহণ। বাড়ি পৌঁছতে তাই হাঁটাই ভরসা উত্তরপ্রদেশের বরেলির রোহিলাখণ্ড বিশ্ববিদ্যালয়ের ওই চার ছাত্রের।

বরেলি থেকে লখনউয়ের দূরত্ব ৫০০ কিলোমিটারেরও বেশি। সেই পথ পেরোতে ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে হেঁটে চলেছেন শিক্ষার্থীরা। কখনও অবশ্য সুয়োগ পেয়ে ট্রাকেও চড়ে পড়েছেন।

‘সুলতানপুর-বারাণসী হাইওয়েটা কত দূরে?’ প্রশ্নকারী বছর কুড়ির রোহিত পাণ্ডে। রোহিলাখণ্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র রোহিত। পিঠে ব্যাগ। প্রচণ্ড গরম থেকে বাঁচতে মাঝে মাঝে জলের বোতলে চুমুক দিচ্ছেন। রোহিতের প্রশ্ন শুনে থমকে দাঁড়ালেন এক নিরাপত্তারক্ষী।

উত্তর দিলেন, ‘প্রায় ১০ কিলোমিটার।’ নিরাপত্তারক্ষীর কাছে এ দৃশ্য যেন গা সওয়া হয়ে গিয়েছে। লকডাউনের মেয়াদ যত বেড়েছে ততই এই রাস্তায় ভিড় বেড়েছে মানুষের। তা তাঁর নজর এড়ায়নি।

বারাণসী থেকে পশ্চিম উত্তরপ্রদেশের রোহিলাখণ্ড বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়েছিলেন রোহিত। প়ডাশোনা আপাতত বন্ধ। এখন বাড়ি ফেরার পালা। বরেলি থেকে লখনউ ছুঁয়ে তাঁদের গন্তব্য বারাণসী। গত ২৪ ঘণ্টা ধরে হেঁটে বা গাড়িতে চড়ে রোহিত আর তার তিন বন্ধু প্রায় ২৫০ কিলোমিটার পথ পেরিয়ে পৌঁছে গিয়েছেন লখনউতে। এখনও বাকি ৩২০ কিলোমিটার, তবেই পৌঁছনো যাবে বারাণসীতে।

লকডাউন চলছে। সব বন্ধ। এই সময়ে কেন পথে নামলেন? প্রশ্নের উত্তরে রোহিতের সঙ্গী গোলু মিশ্র বলছেন, ‘আমাদের পরিবার প্রথম দফার লকডাউন ও তার পরের কিছু দিনের জন্য খরচের টাকা পাঠাতে পেরেছিল। আমরা বরেলিতে পেয়িং গেস্ট হিসাবে থাকতাম এবং বিশ্ববিদ্যালয়ে পড়তাম। আমাদের টাকা শেষ হওয়ার পথে।’

এর পরেই অসহায় ভাবেই গোলু যোগ করলেন, ‘এ ছাড়া আমাদের কাছে আর কোনও পথ খোলা ছিল না।’ তিনি বলছেন, ‘আমরা দিন আনি দিন খাওয়া ঘরের মানুষ। আমাকে বিশ্ববিদ্যালয়ে পড়তে পাঠাতেই অনেক কষ্ট করেছে আমার পরিবার। তাঁরা যত আয় করেন তার ভিত্তিতেই আমাকে টাকা পাঠান। এখন তাঁদের কাছেও আর পয়সা নেই।’

গোলুর কথায় যেন দেশের একটি অংশের এখনকার দিনযাপনের ছবিটা ধরা পড়ল। তাঁদেরই আর এক সঙ্গী শুভম সিংহ বলছেন, ‘সরকার আমাদের সাহায্য করেছে। এক জন সরকারি কর্তা আমাদের ট্রাকে তুলে দিয়েছিলেন। তিনি হাইওয়ে ছাড়তে নিষেধ করেছিলেন।’  কথা শেষ করে ফের পথ চলা শুরু করে দিল বারাণসীর চার ছাত্রের ওই দলটি।

কতটা পথ পেরোলে তবে পথিক হওয়া যায়? আরও পথ, আরও পথই এখন মেপে চলছে রোহিলাখণ্ড বিশ্ববিদ্যালয়ের ওই চার পড়ুয়া। খবর: আনন্দবাজার।

নওগাঁয় একই পরিবারের ৪ জনকে হত্যা, নেপথ্যে কী?
  • ২১ এপ্রিল ২০২৬
২৯ জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা, দেখুন তালিকা
  • ২১ এপ্রিল ২০২৬
এক এসএসসি পরীক্ষার্থীকে কেন্দ্রে পৌঁছে দিলেন পুলিশ সদস্য
  • ২১ এপ্রিল ২০২৬
এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
  • ২১ এপ্রিল ২০২৬
একাডেমিক শাটডাউনের ঘোষণা শিক্ষকদের, সেশনজটের শঙ্কা শিক্ষার্…
  • ২১ এপ্রিল ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয়ে একাডেমিক শাটডাউনের ঘোষণা শিক্ষকদের
  • ২১ এপ্রিল ২০২৬