নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নির্যাতেনে নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ © টিডিসি সম্পাদিত
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের ৭ম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার (৬ অক্টোবর) এক বিবৃতিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কর্মসূচি ঘোষণা করেন।
বিবৃতিতে বলা হয়, ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে বর্বর সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নির্মম নির্যাতনে নিহত বুয়েটের তড়িৎ প্রকৌশল বিভাগের মেধাবী দেশপ্রেমিক শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের ৭ম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিএনপি সরকারের পররাষ্ট্রনীতি: আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য; এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় অখণ্ডতা সুরক্ষার অঙ্গীকার’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করেছে ছাত্রদল।
বুধবার (৭ অক্টোবর) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট ভবনের নিচতলায় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
২০১৯ সালের ৭ অক্টোবর গভীর রাতে বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের শিক্ষার্থী আবরার ফাহাদকে শেরেবাংলা হলের একটি কক্ষে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় বুয়েটের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আন্দোলন শুরু হলে একপর্যায়ে বুয়েট ক্যাম্পাসে ছাত্ররাজনীতি অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়।