শিবিরের সংগীতে মডেলিং
ঢাবি ছাত্রদল নেতা শরীফ উদ্দিন সরকার © ফাইল ছবি
সাত বছর আগে ইসলামী ছাত্রশিবিরের ‘পদ্মা মেঘনা যমুনার তীরে’ সংগীতের মডেলিংয়ে অংশ নেওয়ার দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের এক নেতাকে স্থায়ী বহিষ্কার করেছিল কেন্দ্রীয় সংসদ। গতবছর জুনে এই সিদ্ধান্ত নেওয়ার এক বছরের বেশি সময় পর এবার এ ঘটনায় তদন্ত কমিশন গঠন করা হয়েছে।
আজ সোমবার (২৩ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
আরও পড়ুন: ছাত্রশিবিরের সংগীতে মডেলিং, ঢাবি ছাত্রদল নেতাকে স্থায়ী বহিষ্কার
বহিষ্কার হওয়া ওই নেতার নাম শরীফ উদ্দিন সরকার। তিনি ঢাবি শাখা ছাত্রদলের ধর্ম বিষয়ক সম্পাদক পদে ছিলেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রদলের ১নং যুগ্ম সম্পাদক ছিলেন। শরীফ ঢাবির ২০১৭-১৮ সেশনের আরবি বিভাগের শিক্ষার্থী।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ধর্ম বিষয়ক সম্পাদক শরীফ উদ্দিন সরকারকে একটি অভিযোগের ভিত্তিতে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে শরীফ উদ্দিন সরকার এই অভিযোগটি সম্পর্কে বৃহৎ পরিসরে তদন্তের লিখিত আবেদন জানায়। তার আবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া, সহ সভাপতি মো. নিজাম উদ্দিন এবং তথ্য ও গবেষণা সম্পাদক মাহমুদ কাজল ইসলামের সমন্বয়ে ৩ সদস্যের একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তাদেরকে আগামী ৫ দিনের মধ্যে লিখিত তদন্ত প্রতিবেদন কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে বলা হলো। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই নির্দেশনা প্রদান করেছেন।
জানা যায়, ২০১৮ সালে প্রকাশিত ‘পদ্মা মেঘনা যমুনার তীরে’ সংগীতটি বর্তমানে ইউটিউবে আছে। প্রায় ৫ মিনিটের সংগীতটির শুরুর ২৩ সেকেন্ড পর ৬ যুবককে একটি মসজিদে মডেলিংয়ে অংশ নিতে দেখা যায়। এতে শরীফ সাদা ফরমাল শার্টে ওই মডেলিংয়ে অংশ নেন। এ ঘটনার সাত বছর পর ২০২৫ সালের ৩০ জুন স্থায়ী বহিষ্কার করে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।