১৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের মামলা, আপস করায় বাদীর কারাদণ্ড © সংগৃহীত
পটুয়াখালীতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের আপস-অযোগ্য ধারায় দায়ের করা একটি মামলায় আপস-মীমাংসার আবেদন করায় মামলার বাদীকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলার আসামিকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নীলুফার শিরিন এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত বাদী মোহাম্মদ আলী হাওলাদার (৩২) গলাচিপা উপজেলার পশ্চিম পক্ষিয়া এলাকার বাসিন্দা। মামলার আসামি মো. আজিজুল হাওলাদার (২৪) একই এলাকার বাসিন্দা।
মামলার বিবরণ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৪ বছর বয়সী নিজের এক ভাতিজিকে যৌন নির্যাতনের অভিযোগে আজিজুল হাওলাদারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলা করেন মোহাম্মদ আলী হাওলাদার। তবে পরবর্তী সময়ে স্থানীয়ভাবে দুই পক্ষের মধ্যে আপস-মীমাংসা হয়। এর পরিপ্রেক্ষিতে বাদী ও আসামি আদালতে উপস্থিত হয়ে আপসের ভিত্তিতে মামলা প্রত্যাহারের আবেদন করেন।
তবে নারী ও শিশু নির্যাতন দমন আইনের আপস-অযোগ্য ধারার মামলায় এ ধরনের আপসের আবেদন করায় আদালত বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নেন। শুনানি শেষে তাকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে মামলার আসামিকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘ভিকটিমকে উপস্থিত না করে আজকে বিজ্ঞ ট্রাইব্যুনাল বাদীকে আপস-অযোগ্য ধারায় আপস করার কারণে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে আসামিকেও হাজতে পাঠিয়েছেন।’
তিনি আরও বলেন, অনেক সময় স্থানীয়ভাবে প্রভাবশালী ও অতি উৎসাহী কিছু ব্যক্তি বড় অঙ্কের টাকা লেনদেনের মাধ্যমে ভুক্তভোগী ও বাদীকে চাপ ও বলপ্রয়োগ করে আপসে বাধ্য করেন। আপস-অযোগ্য ধারার মামলায় এ ধরনের আপস দণ্ডনীয় অপরাধ। আদালতের আজকের আদেশের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকায় স্পষ্ট বার্তা যাবে যে, আইনে আপসের সুযোগ নেই—এমন মামলায় আপসের সুযোগ নেই।