বাংলাদেশেই উৎপাদন হবে টয়োটা গাড়ি, কারখানা স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ

০৬ অক্টোবর ২০২৬, ১১:১৮ PM
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ © সংগৃহীত

বাংলাদেশে টয়োটার গাড়ি উৎপাদন কারখানা স্থাপনের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে টয়োটা তুশো করপোরেশনের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। এ উদ্যোগের মাধ্যমে দেশে কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়ন, প্রযুক্তি স্থানান্তর ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে অবদান রাখার আগ্রহ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে টয়োটা তুশো করপোরেশনের ভাইস চেয়ারম্যান ইচিরো কাশিতানির নেতৃত্বে প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে।

বৈঠকে প্রতিনিধিদল বাংলাদেশে টয়োটার কার্যক্রম আরও সম্প্রসারণ, বিনিয়োগের সম্ভাবনা এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে আলোচনা করে। একই সঙ্গে বাংলাদেশে টয়োটার গাড়ি উৎপাদন কারখানা স্থাপনের পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়।

টয়োটা তুশো করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশে টয়োটা বাংলাদেশের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক আরও সম্প্রসারণ করে দেশের সব বিভাগীয় পর্যায়ে নেওয়ার পরিকল্পনা বাস্তবায়নাধীন রয়েছে। এর মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে টয়োটার সেবা ও কার্যক্রম আরও সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ ছাড়া ২০২৭ সালে বাংলাদেশের একটি অর্থনৈতিক অঞ্চলে টয়োটা বাংলাদেশের উদ্যোগে ‘বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশের জন্য’ উন্নয়ন দর্শনকে সামনে রেখে Hybrid Electric Vehicle (HEV) উৎপাদন শিল্প গড়ে তোলার কাজ শুরু করা হবে। ২০২৯ সালের মধ্যে এ কারখানায় পূর্ণাঙ্গ উৎপাদন শুরু করার পরিকল্পনা রয়েছে।

টয়োটা বাংলাদেশের মানবসম্পদ উন্নয়নেও অবদান রাখতে আগ্রহ প্রকাশ করেছে। বিশেষ করে তরুণদের জন্য কারিগরি ও পেশাগত প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ শিল্পের উপযোগী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার বিষয়ে প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে।

প্রতিনিধিদল বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন ও নবায়নযোগ্য জ্বালানি খাতেও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আগ্রহ প্রকাশ করে। এসব খাতে টয়োটা তুশো করপোরেশন বিনিয়োগে আগ্রহী হলে সরকার প্রয়োজনীয় সহযোগিতা ও সহায়তা করবে বলে জানান প্রধানমন্ত্রী।

টয়োটার বিনিয়োগ ও কার্যক্রম সম্প্রসারণের আগ্রহকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সরকার দেশি-বিদেশি বিনিয়োগের জন্য একটি স্থিতিশীল, প্রতিযোগিতামূলক ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে।’

বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রয়োজনীয় নীতি সহায়তা, অবকাঠামোগত সুবিধা এবং অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং প্রধানমন্ত্রীর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী মো. শাকিরুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, টয়োটা তুশো করপোরেশনের মোবিলিটি ডিভিশনের সিইও শিগেরু হারাদা, টয়োটা বাংলাদেশ লিমিটেডের প্রেসিডেন্ট প্রেমমিত সিংসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

শাহবাগে বিকেলে গণবিক্ষোভ করবে এনসিপি
  • ৩০ অক্টোবর ২০২৬
জাতীয় বেতন স্কেলের পে ফিক্সেশনে ঘুষ বাণিজ্যের অভিযোগ
  • ৩০ অক্টোবর ২০২৬
বাংলাদেশের টেস্টসহ টিভিতে আজকের যত খেলা
  • ৩০ অক্টোবর ২০২৬
সম্ভাবনার ক্যাম্পাস, সংকটের বাস্তবতা, শিক্ষার্থীদের আক্ষেপ …
  • ৩০ অক্টোবর ২০২৬
নকলে বাধা দেওয়ায় শিক্ষককে ঘুষি, স্কুলছাত্র বহিষ্কার
  • ৩০ অক্টোবর ২০২৬
নিজ বাসা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রীর মরদেহ উদ…
  • ৩০ অক্টোবর ২০২৬