বাংলাদেশে ঢুকে ছাত্রের পেটে বন্দুক ঠেকিয়ে গুলি করল বিএসএফ!

১৯ এপ্রিল ২০২০, ০৭:৫৫ PM

© ফাইল ফটো

পঞ্চগড় সীমান্তে শিমোন রায় (১৬) নামে এক শিক্ষার্থী ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যের গুলিতে গুরুতর আহত হয়েছেন। আজ রোববার বিকেলে সদর উপজেলার শিংরোড-প্রধানপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে।

আহত শিমোন রায় উপজেলার চাকলাহাট ইউনিয়নের প্রধানপাড়ার পরেশ চন্দ্র রায়ের ছেলে। পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে সে।

সীমান্তের ৭৬২ নম্বর মেইন পিলার এলাকায় গুলিবিদ্ধ হলে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

শিমোনের বাবা পরেশ চন্দ্র রায় বলেন, ‘ছেলেসহ আমরা পাট খেতে সুতার নেটের বেড়া দিচ্ছিলাম। সেখান থেকে ভারতের কাঁটাতারের বেড়া ১৫০ গজ দুরে। ঘটনার সময় ছেলে ২০-২৫ হাত দূরে কাজ করছিল। এ সময় বাঁশের কঞ্চি ভেঙে হাতে নিয়ে একজন ভারতীয় বিএসএফ সদস্য এগিয়ে আসেন এবং বকাবকি করতে থাকেন।

তিনি জানান, তখন কাছে এসে শিমোনের সঙ্গে কথাকাটাকাটিতে লিপ্ত হন। একপর্যায়ে ওই বিএসএফ সদস্য তার পেটে বন্দুক ধরে গুলি করেন। তখন আমাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে ওই বিএসএফ সদস্য পালিয়ে যান।’ গুলি করার সময় বিএসএফ সদস্য বাংলাদেশে চলে এসেছিলেন বলেও দাবি করেন পরেশ।

এ ব্যাপারে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. তোফায়েল আহমেদ গণমাধ্যমকে বলেন, ছেলেটির পেটের সামনে দিয়ে গুলি ঢুকে পিঠের পাশ দিয়ে বেরিয়ে গেছে। তার কিছু নাড়ি-ভুঁড়িও বের হয়ে গেছে। অবস্থা গুরুতর হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে তাকে।

জানতে চাইলে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মামুনুল হক গণমাধ্যমকে বলেন, ‘বিষয়টি জানার পর তদন্ত শুরু করেছি। ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফের কাছে এর কারণ জানতে চাওয়া হবে।’

এসময় করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সীমান্তে ভারতের কাছাকাছি না যাওয়ার জন্য স্থানীয়দের প্রতি অনুরোধ জানান তিনি।

বড় মাইলফলকে বাবর আজম
  • ১১ এপ্রিল ২০২৬
পাকিস্তানে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে কে এই বাঘের গালিব…
  • ১১ এপ্রিল ২০২৬
দরবারে হামলা, গণপিটুনিতে নিহত ‘পীর’
  • ১১ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস আবারও অটোপাসের দিকে নিয়ে যাচ্ছে কিনা?
  • ১১ এপ্রিল ২০২৬
বিএমইউতে বিশ্ব পারকিনসন্স দিবস উদযাপিত
  • ১১ এপ্রিল ২০২৬
বিদেশগামী কর্মীদের যা করতে হবে, যা করা যাবে না
  • ১১ এপ্রিল ২০২৬
close